লেবাননে ইসরায়েলি হামলায় উদ্বিগ্ন বিশ্ব: যুদ্ধবিরতি সম্প্রসারণ ও হরমুজ প্রণালী চালুর আহ্বান
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলায় বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন এই হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বৈশ্বিক অর্থনীতির স্বার্থে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর জোর দিয়েছে দেশগুলো।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল, তার অবসানে সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। কিন্তু ওয়াশিংটনের দাবি, লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি হামলা এই চুক্তির আওতাভুক্ত নয়। বুধবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৫৪ জন এবং বৃহস্পতিবার ভোরে আরও ১৭ জন নিহত হওয়ার পর লেবাননে একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার লেবাননে ইসরায়েলি হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমরা লেবাননে যুদ্ধবিরতি সম্প্রসারিত দেখতে চাই।’ কুপার হরমুজ প্রণালী পুনরায় চালুর ওপর জোর দিয়ে বলেন, ‘এটি বৈশ্বিক অর্থনীতি এবং আমাদের জীবনযাত্রার ব্যয় মোকাবিলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উসকানিমূলক মন্তব্যের ইঙ্গিত করে তিনি বলেন, ‘এ ধরনের বাগাড়ম্বর পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে।’ কুপার আরও জানান যে মঙ্গলবার যুদ্ধবিরতি চুক্তির ঠিক আগে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছিলেন।
ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভোত্রিন ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানিয়ে বলেন, ‘লেবাননে অবশ্যই একটি যুদ্ধবিরতি হতে হবে।’ তিনি হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ইরানের রেভল্যুশনারি গার্ডের দাবির বরাত দিয়ে তিনি বলেন, ‘হরমুজ প্রণালীতে মাইন পাতা আছে কি না, তা আমি জানি না।’ পরিস্থিতি বিবেচনায় এখনই কোনো যুদ্ধজাহাজ পাঠানো হচ্ছে না বলে নিশ্চিত করলেও মাইন অপসারণের সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি।
অন্যদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তির কারণে লেবাননকে কোনোভাবেই বলির পাঁঠা বানানো যাবে না। চলমান যুদ্ধবিরতিকে অত্যন্ত ভঙ্গুর হিসেবে বর্ণনা করে তিনি হরমুজ প্রণালীতে জাহাজের অবাধ চলাচলের ওপর জোর দেন। একই সঙ্গে ইরানকে পারমাণবিক অস্ত্র ও ড্রোন ব্যবহারের পথ থেকে সরে আসার আহ্বান জানান তিনি। ট্রানজিটের জন্য ইরানকে অর্থ প্রদানের কোনো প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেছেন।
এদিকে লেবাননে হামলার ঘটনায় পরিস্থিতি শান্ত করতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, তারা আশা করছেন চলতি সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় সংশ্লিষ্ট পক্ষগুলো মতপার্থক্য দূর করে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনবে। এছাড়া ইরানে অস্ত্র সরবরাহকারী দেশগুলোর ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকির বিষয়ে মাও নিং বলেন, ‘শুল্ক যুদ্ধে কেউ বিজয়ী হয় না।’
অন্যদিকে ইরান দাবি করেছে, লেবাননে হামলা, আকাশসীমায় ড্রোনের অনুপ্রবেশ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার অস্বীকার করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের ১০ দফা প্রস্তাবের তিনটি মূল শর্ত লঙ্ঘন করেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.