আপনি পড়ছেন

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মধ্যপ্রাচ্য ও ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে চীনকে তাদের বৈশ্বিক প্রভাব কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। সোমবার ব্লুমবার্গ নিউজের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক ভাষণে স্প্যানিশ প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

মধ্যপ্রাচ্য ও ইউক্রেন সংঘাত নিরসনে চীনের হস্তক্ষেপ চাইল স্পেন
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ

প্রতিবেদনে বলা হয়, সানচেজ তার ভাষণে বলেন, ‘চীন আরও অনেক কিছু করতে পারে। উদাহরণস্বরূপ, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার পাশাপাশি লেবানন, ইরান, গাজা, পশ্চিম তীর এবং ইউক্রেনের সংঘাত বন্ধের দাবি জানাতে পারে, যা তারা এরই মধ্যে করছে।’

গত শনিবার পাঁচ দিনের সফরে চীনে পৌঁছান স্পেনের এই প্রধানমন্ত্রী। নির্বাচিত হওয়ার পর এটি তার চতুর্থ চীন সফর। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।

আগামী মাসে স্পেন ও চীন উভয় দেশেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর করার কথা রয়েছে। দেশ দুটি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘বেআইনি’ বলে নিন্দা জানিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন যুদ্ধবিমানগুলোর জন্য স্পেন তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এমনকি এই উদ্দেশ্যে স্পেনের ভূখণ্ডে থাকা যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটি ব্যবহার করতেও ওয়াশিংটনকে বাধা দিচ্ছে দেশটি।

আন্তর্জাতিক আইনের গুরুত্ব তুলে ধরে সানচেজ বলেন, ‘আন্তর্জাতিক আইনই হচ্ছে সবকিছুর ভিত্তি।’

সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক ও শিক্ষার্থীদের উদ্দেশে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়নের এখন আর কোনো একক কেন্দ্র নেই। বরং এটি বিশ্বের বিভিন্ন স্থানে একইসঙ্গে অঙ্কুরিত হচ্ছে। এটি কোনো অনুমান নয়, এটাই নতুন বাস্তবতা।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত তার ভাষণের একাংশে বলা হয়, ‘স্পেন বাস্তবতা, প্রয়োগবাদ ও দায়িত্ববোধের জায়গা থেকে এই নতুন বাস্তবতাকে গ্রহণ করতে চায়।’

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের বিষয়েও কথা বলেন সানচেজ। তিনি বলেন, ‘মানচিত্রে ইউরোপকে ছোট মনে হতে পারে। তবে এর গুরুত্ব অনেক এবং এর ঐক্য বিশ্বে স্থিতিশীলতা ও সমৃদ্ধির নিশ্চয়তা দেয়। আর চীনকে ছাড়া এই বিশ্বকে বোঝা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘চীন ও ইউরোপ যদি অতীতে একসঙ্গে উন্নতি করতে পারে, তবে তারা আবারও তা করতে পারবে না এমন কোনো কারণ নেই। একে অপরকে বোঝার জন্যই আমাদের সৃষ্টি হয়েছে।’

স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপের রাষ্ট্রীয় সফরের প্রায় পাঁচ মাস পর সানচেজ চীন সফরে গেলেন। গত ১৮ বছরের মধ্যে সেটিই ছিল স্পেনের কোনো রাজপরিবারের সদস্যের প্রথম চীন সফর।

গত বছর স্পেন ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৫৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। কারণ ইউরোপীয় ইউনিয়নের বাইরে স্পেনের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে বেইজিং নিজেদের অবস্থান ধরে রেখেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.