বাণিজ্য চুক্তি: যুক্তরাষ্ট্র থেকে আমদানিতে রেকর্ড উল্লম্ফন, চার মাসেই দ্বিগুণ
- Details
- by ২৪ ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির (এআরটি) বাস্তব প্রভাব এখন স্পষ্ট হতে শুরু করেছে বাংলাদেশের আমদানি বাণিজ্যে। চলতি বছরের প্রথম চার মাসে যুক্তরাষ্ট্র থেকে আমদানির পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। বিশেষ করে জ্বালানি, গম, তুলা ও উড়োজাহাজ সংশ্লিষ্ট পণ্যের বড় চালান আসায় আমদানির এই উল্লম্ফন চোখে পড়ার মতো হয়ে উঠেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ প্রায় ১৯ হাজার ১০৪ কোটি টাকার পণ্য আমদানি করেছে। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯ হাজার ৫৩৫ কোটি টাকা। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে আমদানি বেড়েছে প্রায় ১০১ শতাংশ।
অন্যদিকে, একই সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি খুব সামান্য বেড়েছে। রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৩ দশমিক ৩২ শতাংশ। ফলে দুই দেশের বাণিজ্য ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে অর্থনৈতিক মহলে।
আমদানির বড় অংশই এসেছে জ্বালানি ও খাদ্য খাতে। এলএনজি, এলপিজি, গম, সয়াবিন, তুলা, লোহা-ইস্পাত স্ক্র্যাপ ও উড়োজাহাজের যন্ত্রাংশ—এই কয়েকটি পণ্যই মোট আমদানির বেশিরভাগ দখল করে আছে।
সবচেয়ে বেশি আমদানি হয়েছে এলএনজি। চার মাসে প্রায় ৪ হাজার ৯১৩ কোটি টাকার এলএনজি কিনেছে বাংলাদেশ, যা মূলত আমদানি করেছে পেট্রোবাংলা। একই সময়ে এলপিজি আমদানিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত বছর যেখানে যুক্তরাষ্ট্র থেকে এসব জ্বালানি প্রায় আসেইনি, এবার তা বড় আকার নিয়েছে।
খাদ্য নিরাপত্তার দিক থেকেও পরিবর্তন দেখা গেছে। চলতি বছরের প্রথম চার মাসে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১ হাজার ৭৯৭ কোটি টাকার গম আমদানি করা হয়েছে। এর বড় অংশ এনেছে খাদ্য অধিদপ্তর। এছাড়া তৈরি পোশাক শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত মার্কিন তুলার আমদানিও বেড়েছে প্রায় ৪৫ শতাংশ।
এই আমদানি বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কয়েকটি সরকারি প্রতিষ্ঠান। পেট্রোবাংলা, খাদ্য অধিদপ্তর ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস—এই তিন প্রতিষ্ঠানই মোট আমদানির প্রায় ৩৮ শতাংশ সম্পন্ন করেছে।
বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সম্প্রতি মার্কিন কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার জন্য কয়েক বিলিয়ন ডলারের বড় চুক্তি করেছে। এতে উড়োজাহাজের ইঞ্জিন ও যন্ত্রাংশ আমদানির পরিমাণও দ্রুত বেড়েছে।
অর্থনীতিবিদদের একাংশ বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা এই চুক্তিতে বাংলাদেশের চেয়ে ওয়াশিংটনের লাভের পাল্লাই ভারী হতে পারে।
বিশ্লেষকদের মতে, শুল্ক কমানোর পাশাপাশি নির্দিষ্ট কিছু পণ্য বছরে ন্যূনতম পরিমাণে আমদানির প্রতিশ্রুতি দেওয়ায় ভবিষ্যতে বাংলাদেশকে বাজার চাহিদা না থাকলেও যুক্তরাষ্ট্র থেকে কিছু পণ্য কিনতে হতে পারে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মইনুল ইসলাম মনে করেন, জাতীয় নির্বাচনের ঠিক আগে এমন গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হওয়ায় এর স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে প্রশ্ন থাকাই স্বাভাবিক।
এদিকে যুক্তরাষ্ট্রের আদালতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ায় পুরো চুক্তির ভবিষ্যৎ কার্যকারিতা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। একই ধরনের চুক্তি থেকে মালয়েশিয়ার সরে দাঁড়ানোর ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে।
বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের আমদানির বড় অংশই এখন কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রমুখী হয়ে উঠছে। আগে যেসব পণ্য মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া বা অন্য বাজার থেকে আসত, এখন তার বড় অংশ আসছে যুক্তরাষ্ট্র থেকে।
তবে এর ফলে বাংলাদেশের দীর্ঘমেয়াদি বাণিজ্য স্বার্থ কতটা রক্ষা হবে, সেটিই এখন বড় প্রশ্ন। কারণ আমদানি দ্রুত বাড়লেও রপ্তানিতে সেই অনুপাতে অগ্রগতি নেই।
অর্থনীতিবিদদের মতে, ভবিষ্যতে এই চুক্তির বাস্তব সুফল নির্ভর করবে বাংলাদেশ কতটা রপ্তানি সুবিধা আদায় করতে পারে এবং আমদানিনির্ভরতা কতটা নিয়ন্ত্রণে রাখতে পারে তার ওপর।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.