৩৭ লাখ টাকার স্কুল ভবনে নেই সিঁড়ি
- Details
- by ২৪ ডেস্ক
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ৩৭ লাখ টাকা ব্যয়ে একটি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের দোতলা নির্মাণ করা হলেও সেখানে ওঠার কোনো সিঁড়ি রাখা হয়নি। চার বছর ধরে সিঁড়িবিহীন এই ভবনটি কার্যত অচল হয়ে পড়ে থাকায় শ্রেণিকক্ষ সংকটে বাঁশের বেড়া দেওয়া কক্ষে গাদাগাদি করে শিক্ষার্থীদের পাঠদান করতে বাধ্য হচ্ছে স্কুল কর্তৃপক্ষ। উপজেলার তালতলা গ্রামে অবস্থিত তালতলা সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে উন্নয়নের এমন অদ্ভুত চিত্র দেখা গেছে।

বিদ্যালয়টি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এখানে ২৩৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত। সরেজমিনে দেখা যায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মিত তিন কক্ষবিশিষ্ট একটি একতলা প্রশাসনিক ভবন এবং একটি টিনশেড ঘর থাকলেও দোতলা একাডেমিক ভবনটি সিঁড়ির অভাবে অব্যবহৃত পড়ে আছে। ফলে শিক্ষার্থীদের পাঠদানের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে বাঁশের চাটাইয়ের বেড়া দিয়ে কক্ষ ভাগ করে ক্লাস নেওয়া হচ্ছে। এতে এক ক্লাসের শব্দ অন্য ক্লাসে চলে যাওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছে বলে শিক্ষকরা জানিয়েছেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৬-১৭ অর্থবছর থেকে কয়েক দফায় মোট ৩৭ লাখ টাকা ব্যয়ে এই ভবনটির নির্মাণকাজ শুরু হয়। এর মধ্যে জেলা পরিষদ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বিভিন্ন সময়ে অর্থ বরাদ্দ দেয়। শুরুতে পিলারের কাজ এবং পরে নিচতলার কাজ সম্পন্ন হয়। সর্বশেষ ২০২১-২২ অর্থবছরে ১৫ লাখ টাকা ব্যয়ে দোতলার দুটি কক্ষ ও ছাদ নির্মাণ করা হলেও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান সিঁড়ি নির্মাণ না করেই কাজ শেষ করে চলে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণবন্ধু রায় জানান, জেলা পরিষদ, শিক্ষা প্রকৌশল বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একাধিকবার আবেদন করলেও কেউ সমস্যার সমাধানে এগিয়ে আসেননি। তিনি বলেন, ‘সিঁড়িটা হলেই আমাদের কক্ষ সমস্যার সমাধান হয়ে যেত।’ সহকারী শিক্ষক বিকাশ কুমার রায় জানান, বাঁশের চাটাইয়ের বেড়া দিয়ে দুটি ক্লাসের কার্যক্রম চলায় কোনো ক্লাসের শিক্ষার্থীই মনোযোগ দিতে পারছে না। বিজ্ঞান বিষয়ের শিক্ষক তুষার কান্তি রায় জানান, দোতলা ভবনে ক্লাস নেওয়ার মতো অবস্থা থাকলেও শুধু সিঁড়ি না থাকায় চার বছর ধরে তা পড়ে আছে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, সিঁড়ি ছাড়া দোতলা ভবনের বিষয়টি তিনি কয়েক মাস আগে জানতে পেরেছেন। দ্রুত ব্যবস্থা নিতে উপজেলা পরিষদ থেকে চেষ্টা করা হচ্ছে এবং শিক্ষা মন্ত্রণালয়েও অর্থ বরাদ্দের চাহিদা জানিয়ে আবেদন করা হয়েছে। তবে রাজবাড়ী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বদরুল আলম এই পরিস্থিতির জন্য জেলা পরিষদকে দায়ী করেছেন। তিনি জানান, বর্তমানে তাদের কাছে জরুরি অর্থ বরাদ্দের কোনো ব্যবস্থা নেই, তবে বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। অন্যদিকে রাজবাড়ী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.