সংবাদমাধ্যমগুলোকে অর্থায়নের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নতুন কর আরোপের একটি প্রস্তাব দিয়েছে অস্ট্রেলিয়া। তবে এই পদক্ষেপকে চরম অন্যায্য আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। প্রস্তাবটি পাস হলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর সঙ্গে চুক্তিতে আসতে হবে মেটাকে, অন্যথায় তাদের আয়ের একটি অংশ কর হিসেবে দিতে হবে।

সংবাদমাধ্যমকে অর্থায়নে অস্ট্রেলিয়ার কর প্রস্তাবের কড়া সমালোচনায় মেটা
মেটার লোগো

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার বাজারমূল্য ১.৬ ট্রিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের অবস্থান স্পষ্ট। এই আইনটি ত্রুটিপূর্ণ, চরম অন্যায্য এবং এটি একটি বৈচিত্র্যময় ও টেকসই সংবাদশিল্প তৈরি করতে ব্যর্থ হবে।’

অস্ট্রেলিয়ার প্রস্তাবিত নিউজ বারগেইনিং ইনসেনটিভ (এনবিআই) আইনের প্রতিক্রিয়ায় এসব কথা বলেছে মেটা। এই আইনের আওতায় ক্যানবেরা মেটা, গুগল ও টিকটকের মতো প্রতিষ্ঠানের ওপর কর আরোপ করবে। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) মতে, এই পদক্ষেপের মাধ্যমে সংগৃহীত রাজস্ব স্থানীয় সংবাদ সংস্থাগুলোর মধ্যে তাদের কর্মরত সাংবাদিকদের সংখ্যার ওপর ভিত্তি করে বণ্টন করা হবে।

লেবার সরকারের এই প্রস্তাব অনুযায়ী, মেটাকে স্থানীয় সংবাদ সংস্থাগুলোর সঙ্গে চুক্তিতে পৌঁছাতে হবে। আর তা না হলে অস্ট্রেলিয়ায় অর্জিত রাজস্বের ২.২৫ শতাংশ পর্যন্ত কর দিতে হবে। উল্লেখ্য, ১৬ বছর বা তার কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা প্রথম দেশ হলো অস্ট্রেলিয়া।

প্রযুক্তি জায়ান্ট মেটা যুক্তি দেখিয়েছে যে, এই আইন অস্ট্রেলিয়ার সাংবাদিকতাকে সরকার পরিচালিত একটি ভর্তুকি ব্যবস্থার ওপর নির্ভরশীল করে তুলবে। পাশাপাশি ছোট প্রকাশক ও স্বাধীন সাংবাদিকদের সাহায্য করার ক্ষেত্রে এটি খুব সামান্যই ভূমিকা রাখবে।

ক্যানবেরাকে দেওয়া আনুষ্ঠানিক জবাবে মেটা পুনরায় জোর দিয়ে বলেছে, ‘আমাদের অবস্থান স্পষ্ট। এই আইনটি ত্রুটিপূর্ণ, চরম অন্যায্য এবং এটি একটি বৈচিত্র্যময় ও টেকসই সংবাদশিল্প তৈরি করতে ব্যর্থ হবে।’

এর আগে ২০২৪ সালের শুরুর দিকে মেটা তাদের ২০২১ সালের একটি চুক্তি থেকে সরে আসে এবং অস্ট্রেলিয়ায় ফেসবুক নিউজ সেবা বন্ধ করে দেয়।

মেটা আরও জানায়, এনবিআই চুক্তিটি অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তির প্রতিশ্রুতির লঙ্ঘন।

প্রতিষ্ঠানটি বলেছে, ‘এটি একটি বৈষম্যমূলক ও পূর্বপ্রভাবী কর, যা কেবল মুষ্টিমেয় কিছু বিদেশি কোম্পানিকে লক্ষ্য করে আরোপ করা হচ্ছে। অথচ একই ধরনের সেবা প্রদানকারী প্রতিযোগীদের এমন কোনো বাধ্যবাধকতার মুখে পড়তে হচ্ছে না।’ মেটা আরও উল্লেখ করে যে, মাইক্রোসফট, স্ন্যাপচ্যাট ও ওপেনএআই-এর মতো প্রতিষ্ঠানগুলোকে এই করের আওতার বাইরে রাখা হয়েছে।

অস্ট্রেলিয়ার যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস অবশ্য এই খসড়া আইনের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি একে পুরোপুরি ন্যায্য বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, ‘আমরা মনে করি, বড় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সাংবাদিকতার কঠিন পরিশ্রমে অবদান রাখাটা পুরোপুরি ন্যায্য, যা তাদের নিউজ ফিডকে সমৃদ্ধ করে এবং রাজস্ব বাড়াতে সাহায্য করে।’

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো এনবিআইকে অস্ট্রেলিয়ার সংবাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে।

এবিসিসহ সংবাদ সংস্থাগুলোর একটি বড় জোট এক বিবৃতিতে বলেছে, ‘ডিজিটাল প্ল্যাটফর্মগুলো যদি সংবাদ আধেয় বা কনটেন্ট ব্যবহারের জন্য অর্থ প্রদানে ব্যর্থ হয়, যেখান থেকে তারা মুনাফা অর্জন করে, তবে সাংবাদিকতা অটেকসই হয়ে পড়বে।’

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.