২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ সর্বোচ্চ পর্যায়ে
- Details
- by ২৪ ডেস্ক
সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থ এক বছরের ব্যবধানে উল্লেখযোগ্য হারে বেড়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের শেষে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁ, যা আগের বছরের তুলনায় প্রায় ৪১ শতাংশ বেশি।

২০২৪ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ছিল প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ। বর্তমান বিনিময় হার অনুযায়ী, ২০২৫ সালের এই আমানতের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৬৭৮ কোটি টাকার সমান।
প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের পর ২০২৫ সালেই সুইস ব্যাংকে বাংলাদেশিদের সর্বোচ্চ পরিমাণ অর্থ জমা হয়েছে। গত এক দশকের হিসাবেও এটি দ্বিতীয় সর্বোচ্চ আমানতের রেকর্ড।
বিশ্লেষকদের মতে, সুইস ব্যাংকে থাকা সব অর্থকে অবৈধ বা পাচারকৃত অর্থ হিসেবে দেখার সুযোগ নেই। ব্যক্তি, প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বাংলাদেশের বিভিন্ন ব্যাংকও বৈধ আর্থিক কার্যক্রমের অংশ হিসেবে সুইস ব্যাংকে অর্থ জমা রাখে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের সুইস ব্যাংকের শাখাগুলোতে রাখা আমানতও এ হিসাবের অন্তর্ভুক্ত।
তবে আমানতের এই ঊর্ধ্বগতি নতুন করে অর্থ পাচার নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। কারণ, ২০২২ ও ২০২৩ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। ওই দুই বছরে যথাক্রমে প্রায় সাড়ে ৫ কোটি এবং পৌনে ২ কোটি সুইস ফ্রাঁ জমা ছিল।
এ বিষয়ে অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর অর্থ পাচার কমবে বলে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সর্বশেষ এই পরিসংখ্যান তা পুরোপুরি সমর্থন করছে না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক মইনুল ইসলাম বলেছেন, সুইস ব্যাংকের তথ্য ইঙ্গিত দেয় যে অর্থ পাচারের প্রবণতা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
তার মতে, সুইস ব্যাংক ছাড়াও বিশ্বের বিভিন্ন আর্থিক কেন্দ্রে অর্থ স্থানান্তরের ঘটনা ঘটে থাকে। ফলে পাচার হওয়া অর্থ শনাক্ত ও ফেরত আনতে সরকারের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
বিশ্লেষকরা বলছেন, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশত্যাগকারী কিছু রাজনৈতিক ও ব্যবসায়ী গোষ্ঠীর অর্থ বিদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে স্থানান্তরিত হয়ে থাকতে পারে। একই সঙ্গে অতীতের বিভিন্ন সময়ে দেশ থেকে পাচার হওয়া অর্থও বিভিন্ন উপায়ে সুইস ব্যাংকে জমা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
একসময় সুইজারল্যান্ডের ব্যাংকগুলোকে গোপনীয়তার কারণে অবৈধ অর্থ সংরক্ষণের অন্যতম নিরাপদ গন্তব্য হিসেবে বিবেচনা করা হলেও সাম্প্রতিক বছরগুলোতে সেই চিত্র বদলেছে। আন্তর্জাতিক আর্থিক স্বচ্ছতা ও তথ্য বিনিময় চুক্তির আওতায় এখন প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দেশের সরকারকে তথ্য সরবরাহ করে থাকে সুইজারল্যান্ড।
তবুও বিদেশে বাংলাদেশিদের আমানতের পরিমাণ বৃদ্ধি দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা, বৈদেশিক মুদ্রা প্রবাহ এবং অর্থ পাচার প্রতিরোধ কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন ও আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই অর্থের প্রকৃত উৎস ও প্রকৃতি বিশ্লেষণ করেই পরিস্থিতির সঠিক মূল্যায়ন করা সম্ভব হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.