মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের এক্সবক্স গেমিং ব্যবসাকে নতুন করে সাজাতে এবং খরচ কমাতে ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এটি প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ২ দশমিক ১ শতাংশ। সোমবার আনাদোলুর দেখা এক বার্তায় এই তথ্য উঠে এসেছে।

মাইক্রোসফটে ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাই, আলাদা হচ্ছে ৪ গেমিং স্টুডিও
মাইক্রোসফটের লোগো

এপ্রিল মাসে মাইক্রোসফট একটি স্বেচ্ছায় অবসর কর্মসূচি চালু করেছিল। কোম্পানির ইতিহাসে প্রথমবারের মতো এমন কর্মসূচি নেওয়ার পরপরই এই ছাঁটাইয়ের ঘটনা ঘটল।

মাইক্রোসফটের চিফ পিপল অফিসার অ্যামি কোলম্যান কর্মীদের জানান, কোম্পানিতে তার ২৭ বছরের কর্মজীবনে প্রযুক্তির উন্নয়ন, ব্যবহার ও প্রয়োগ এখন সবচেয়ে দ্রুতগতিতে হচ্ছে।

এক্সবক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আশা শর্মা কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে জানান, ২০২৭ অর্থবছর পর্যন্ত এক্সবক্স বিভাগ থেকেই সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই করা হবে। এই সংখ্যা প্রায় ৩ হাজার ২০০, যার মধ্যে সোমবারই ১ হাজার ৬০০ জনকে ছাঁটাই করা হচ্ছে। এই ছাঁটাই এক্সবক্সের মোট কর্মীর প্রায় এক-পঞ্চমাংশ।

আশা শর্মা আরও জানান, ২০২৭ সালের মধ্যে এই বিভাগটি পুনরায় প্রবৃদ্ধির ধারায় ফিরবে। তবে বছরব্যাপী এই পুনর্গঠন প্রক্রিয়া কর্মীদের জন্য আরও চ্যালেঞ্জ তৈরি করবে বলেও তিনি স্বীকার করেন।

এই পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে মাইক্রোসফট চারটি গেমিং স্টুডিওকে আলাদা করে দেবে। আশা শর্মার নোট অনুযায়ী, ২০১০-এর দশকে মাইক্রোসফটের কিনে নেওয়া কমপালশন গেমস এবং ডাবল ফাইন প্রোডাকশনস পুনরায় স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। অন্যদিকে নিনজা থিওরি এবং আনডেড ল্যাবস নতুন মালিকানায় যুক্ত হওয়ার চুক্তিতে সই করেছে।

ফ্রান্সভিত্তিক আরকেইন স্টুডিওস ২০২১ সালে ৮ দশমিক ১ বিলিয়ন ডলারের বিনিময়ে জেনিম্যাক্স মিডিয়া অধিগ্রহণের মাধ্যমে মাইক্রোসফটের অংশ হয়েছিল। প্রতিষ্ঠানটি এখন তাদের কৌশলগত বিকল্পগুলো নিয়ে ওয়ার্কস কাউন্সিলের সঙ্গে আলোচনা করছে।

অ্যামি কোলম্যান জানান, গ্রাহকদের কাছে পণ্য বিক্রির সঙ্গে যুক্ত মাইক্রোসফটের বাণিজ্যিক বিভাগটিও এই কর্মী ছাঁটাইয়ের কারণে প্রভাবিত হবে।

স্বেচ্ছায় অবসরের প্রস্তাব পাওয়া কর্মীদের এক-তৃতীয়াংশের বেশি তা গ্রহণ করেছেন। এই প্রস্তাবটি মূলত যুক্তরাষ্ট্রের সিনিয়র ডিরেক্টর এবং তার নিচের পদের কর্মীদের দেওয়া হয়েছিল।

শুক্রবার বাজার বন্ধ হওয়া পর্যন্ত চলতি বছর মাইক্রোসফটের শেয়ারের দাম ১৯ শতাংশ কমেছে। কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশল এবং উইন্ডোজ লাইসেন্স, সারফেস ডিভাইস ও এক্সবক্সের মতো খাতগুলোতে দুর্বল পারফরম্যান্স নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের কারণে অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের তুলনায় মাইক্রোসফট পিছিয়ে পড়েছে।

অ্যামি কোলম্যান জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা কাজের ধরন বদলে দিলেও তা সরাসরি ছাঁটাই হওয়া কর্মীদের জায়গা দখল করছে না।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.