রাশিয়া: ইউক্রেন শান্তি প্রস্তাবের আগে আলাস্কা ‘চুক্তি’ স্পষ্ট করুক যুক্তরাষ্ট্র
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেন শান্তি আলোচনার জন্য নতুন কোনো প্রস্তাব দেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার ‘আলাস্কা চুক্তির’ বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানিয়েছে রাশিয়া। সোমবার মস্কোর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রতি এই আহ্বান জানানো হয়।

রাশিয়ার তেভের অঞ্চলের রজেভ শহরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই মন্তব্য করেন। গত বছরের আগস্টে আলাস্কা শীর্ষ সম্মেলনে দেওয়া প্রস্তাবগুলো ব্যর্থ হয়েছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যে মন্তব্য করেছিলেন, তার পরিপ্রেক্ষিতেই তিনি এই কথা বলেন।
মারিয়া জাখারোভা বলেন, ‘একটি যৌক্তিক প্রশ্ন সামনে আসে, যা কোনো কারণে মার্কিন পররাষ্ট্র দপ্তর বা অন্য কোথাও সমাধান করা হয়নি। আর তা হলো, তথাকথিত অ্যাঙ্করেজ ফর্মুলা বাস্তবায়নে আসলে কারা ব্যর্থ হয়েছে, যা সত্যিই শান্তি বয়ে আনতে পারত?’
এই বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানিয়ে তিনি জানান, চলমান যুদ্ধের কূটনৈতিক সমাধানের জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে। তবে তা আলাস্কাসহ অন্যান্য জায়গায় পৌঁছানো পারস্পরিক সমঝোতার ভিত্তিতে হতে হবে। এ বিষয়ে সম্ভাব্য আলোচনা, প্রস্তাব ও ধারণার জন্য মস্কোর প্রস্তুতির কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, যেহেতু আপনারা মার্কো রুবিওর মন্তব্যের কথা উল্লেখ করেছেন, তাই নতুন কিছু নিয়ে আলোচনার আগে পুরোনো বিষয়গুলো স্পষ্ট করা সম্ভবত ঠিক হবে। বিশেষ করে প্রাসঙ্গিক ধারণাগুলোর ওপর ইতোমধ্যে যেসব আলোচনা হয়েছে, সেগুলো পরিষ্কার করা প্রয়োজন।’
আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মার্কো রুবিও আলাস্কার প্রস্তাব এবং এর বর্তমান প্রাসঙ্গিকতা নিয়ে করা এক প্রশ্নের জবাবে সেগুলো ব্যর্থ হয়েছে বলে দাবি করেন।
মার্কো রুবিও বলেন, ‘উভয় পক্ষ একমত না হলে কোনো শান্তি চুক্তি হতে পারে না। ইউক্রেনীয়রা এতে রাজি হবে না, আর সে কারণেই ওই প্রচেষ্টা কাজে আসেনি। তাই আমাদের নতুন পরামর্শ ও ধারণা খুঁজতে হবে। কারণ সেই সময় এটি ইউক্রেনের কাছে গ্রহণযোগ্য ছিল না এবং আমার মনে হয় না এটি এখনো তাদের কাছে গ্রহণযোগ্য। বাস্তবে এটি সম্ভবত তাদের কাছে এখন আরও কম গ্রহণযোগ্য।’
তিনি আরও বলেন, ‘তাই যখন শান্তি আসবে, তা কিছু নতুন ধারণা ও তত্ত্বের কারণেই আসবে। সঠিক পরিবেশ ও ফোরামে আমরা এর কিছু প্রস্তাব দিতে প্রস্তুত। যদি সুযোগ আসে এবং পরিস্থিতি অনুকূলে থাকে, তবে আমরা ইতিবাচকভাবে সেই ভূমিকা পালন করতে প্রস্তুত আছি।’
সম্প্রতি রুশ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আলাস্কার অ্যাঙ্করেজে পুতিন ও ট্রাম্পের শীর্ষ সম্মেলনের সময় হওয়া সমঝোতা থেকে সরে আসার অভিযোগ করেছেন। ২০২৫ সালের আগস্টে মার্কিন ও রুশ প্রেসিডেন্ট আলাস্কার অ্যাঙ্করেজ শহরে বৈঠক করেন। এর ফলে একটি ২৮ দফার শান্তি পরিকল্পনা তৈরি হয়, যা পরে সংশোধন করে ২০ দফায় নামিয়ে আনা হয়। তবে ইউক্রেন যেকোনো ধরনের আঞ্চলিক ছাড় দিতে অস্বীকৃতি জানায় এবং এর ফলে চুক্তিটি আর সামনে এগোয়নি।
অন্যান্য বৈদেশিক নীতির বিষয়েও মন্তব্য করেন মারিয়া জাখারোভা। তিনি জানান, হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনার মধ্যে নিষেধাজ্ঞার মাধ্যমে অংশীদারদের সঙ্গে রাশিয়ার জ্বালানি সহযোগিতাকে ক্ষুণ্ন করার চেষ্টা বাজারকে আরও অস্থিতিশীল করে তুলবে।
তিনি আরও জানান, এটি বিশ্ব বাণিজ্যের বিভাজন, মূল্যস্ফীতি ও সমৃদ্ধি হ্রাসের দিকে পরিচালিত করবে। এতে বিশ্বের বেশিরভাগ দেশের প্রবৃদ্ধির সম্ভাবনা খারাপ হবে, যা আমদানি করা জ্বালানি, সার ও খাদ্যের ওপর নির্ভরশীল দরিদ্র দেশগুলোকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে।
এই মুখপাত্র জানান, ইউরোপীয় ইউনিয়নের ২১তম নিষেধাজ্ঞার প্যাকেজের পাল্টা ব্যবস্থা শিগগিরই ঘোষণা করবে রাশিয়া। যুক্তরাজ্যের রুশ-বিরোধী পদক্ষেপের ফলে মস্কো ও লন্ডনের সম্পর্ক অবনতির দিকে গেছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি পারমাণবিক অস্ত্র নিয়ে জাপানের দেওয়া বিবৃতিগুলোও রাশিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি।
এই প্রেক্ষাপটে টোকিওর ত্বরান্বিত পুনঃসামরিকীকরণ প্রক্রিয়ায় পারমাণবিক উপাদানের সম্ভাব্য অন্তর্ভুক্তি রাশিয়ার নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে বলে জানান তিনি। মারিয়া জাখারোভা বলেন, ‘আমরা বিশেষভাবে দূরপ্রাচ্যের কথা বলছি। এটি সামগ্রিকভাবে আঞ্চলিক স্থিতিশীলতায় কোনো অবদান রাখবে না।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.