আপনি পড়ছেন

চীন-নেপাল সীমান্তে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও নিজ অঞ্চলের বাস্তব চিত্র আড়াল করতে কঠোর ডিজিটাল সেন্সরশিপ আরোপ করেছে বেইজিং। নেপালে প্রলয়ঙ্কারী বন্যায় শত শত মানুষের প্রাণহানি ও মানবিক সংকট প্রকাশ্যে এলেও চীনের তিব্বত অংশের ক্ষয়ক্ষতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দ্রুত মুছে ফেলা হয়েছে। ২৬ আগস্টের এই দুর্যোগের পর আসল তথ্য ধামাচাপা দিতে ইন্টারনেট ব্যবস্থায় সর্বাধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দেশটির কর্তৃপক্ষ।

তিব্বতের ভয়াবহ বন্যার তথ্য ঢাকল বেইজিং
বন্যায় ক্ষতিগ্রস্ত জিরং সীমান্ত বন্দর

উভয় দেশের সীমান্তজুড়ে কাদা ও পাথরের ঢল নামলে নেপালে ব্যাপক প্রাণহানি ঘটে এবং বহু মানুষ নিখোঁজ হয়। অন্যদিকে তিব্বতে দুর্যোগের পরপরই শুরু হয় তথ্য নিয়ন্ত্রণের এক বিশেষ অভিযান। উপদ্রুত এলাকার বাসিন্দারা বন্যার ভয়াবহতার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলে তা তাৎক্ষণিকভাবে আটকে দেয় চীনের নজরদারি ব্যবস্থা। সরাসরি ইন্টারনেট বন্ধ না করে উন্নত ইমেজ রিকগনিশন ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট ভিডিও ও তথ্য মুছে ফেলা হয়। একই সঙ্গে পুরো ইন্টারনেট স্পেসে সরকারি উদ্ধার অভিযানের ইতিবাচক প্রচারণার আধিক্য তৈরি করা হয়।

বন্যার পানিতে চীন ও নেপালের মধ্যকার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র জিরং পোর্টের ‘জাতীয় সীমান্ত ফটক’ ভেঙে পড়ার একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছিল। চীনের জনপ্রিয় যোগাযোগ অ্যাপ উইচ্যাটে প্রকাশিত একটি প্রতিবেদনে বিশৃঙ্খল পরিস্থিতির বর্ণনা দিয়ে বলা হয়, কালো পানির স্রোত সবকিছু ভাসিয়ে নেওয়ার আগে আতঙ্কিত মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটছিল। তবে কয়েক ঘণ্টার মধ্যেই ওই প্রতিবেদন ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পুরোপুরি মুছে দেওয়া হয়।

চীনভিত্তিক ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা চায়না ডিজিটাল টাইমস জানায়, সীমান্ত ফটক ভেঙে পড়ার ভিডিওটি উইচ্যাটের ব্যক্তিগত বার্তাতেও আদান-প্রদান করতে দেওয়া হয়নি। সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, সহিংসতা বা রাজনৈতিক বার্তা না থাকলেও রাষ্ট্রের মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত জাতীয় ফটক ভেঙে পড়ার দৃশ্যটি সেন্সর করাই ছিল তাদের মূল লক্ষ্য। ভিডিও ফিঙ্গারপ্রিন্টিং ও মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে নিষিদ্ধ দৃশ্যগুলো পোস্ট হওয়ার আগেই স্বয়ংক্রিয়ভাবে আটকে দেওয়া হয়।

চীনের সামাজিক মাধ্যম শিয়াওহংশু ও ওয়েইবোতে ‘তিব্বত মাডস্লাইড’ লিখে অনুসন্ধান করলে কোনো বিশৃঙ্খল দৃশ্য দেখা যাচ্ছে না। বদলে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি ও বার্তা সংস্থা সিনহুয়ার তৈরি মানচিত্র, ড্রোন ফুটেজ ও সরকারি প্রতিবেদন ব্যবহারকারীদের সামনে তুলে ধরা হচ্ছে। ওয়েইবোতে তিব্বতের ঘটনাটি ট্রেন্ডিংয়ে আসার পরপরই হতাহতের সংখ্যা মাত্র ৩ জন নিহত ও ৫৫৮ জন নিখোঁজ হিসেবে আটকে রাখা হয়। এরপরই চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের পলিটব্যুরো বৈঠক এবং প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের ঘটনাস্থল পরিদর্শনের খবর দিয়ে পুরো ডিজিটাল প্ল্যাটফর্ম ভরিয়ে ফেলা হয়।

এর পাশাপাশি জিরং বন্দরের দুর্বল অবকাঠামো সংক্রান্ত সমালোচনাও মুছে ফেলে বেইজিং। ২০২৫ সালের জুলাই মাসে বন্যায় বিধ্বস্ত হওয়ার পর চলতি বছরের ১ জানুয়ারি প্রায় ছয় মাস সংস্কারকাজ শেষে বন্দরটি পুনরায় চালু করা হয়েছিল। আট মাসের মাথায় আবারও তা ধ্বংস হওয়ায় অবকাঠামোর স্থায়িত্ব ও নজরদারি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে ওয়েইবোতে একটি হ্যাশট্যাগ চালু হয়। তবে এক ঘণ্টার মধ্যে তিন লাখেরও বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করা ওই হ্যাশট্যাগটিও মুছে দেওয়া হয়।

এই তথ্য গোপনের প্রভাব আন্তর্জাতিক সম্পর্কেও পড়েছে। নেপালের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সাংবাদিক পরশুরাম কাফলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, আগাম সতর্কতা বা প্রয়োজনীয় তথ্য না দিয়ে চীন বড় ধরনের ক্ষতি ডেকে এনেছে। তবে সব অভিযোগ অস্বীকার করে নেপালের চীনা দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, সতর্কতা না দেওয়া বা উজানের বাঁধের ক্ষতির কারণে বন্যা হওয়ার দাবিটি সম্পূর্ণ ভুয়া তথ্য।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.