আপনি পড়ছেন

বিভিন্ন দেশ ও মহাদেশের সঠিক আয়তন ফুটিয়ে তোলে এমন বিশ্ব মানচিত্রের প্রসারে একটি অবাধ্যতামূলক প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। প্রস্তাবটির পক্ষে ১৬৪টি সদস্য দেশ ভোট দেয়, ভোটদানে বিরত থাকে ৬টি দেশ এবং এর বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র।

বিশ্বের সঠিক মানচিত্র ব্যবহারে জাতিসংঘে প্রস্তাব পাস
প্রচলিত মার্কেটর প্রজেকশনের বিশ্ব মানচিত্র

আফ্রিকান ইউনিয়নের সদস্য রাষ্ট্রসমূহ এবং বাহামাসের উত্থাপিত ‘কারেক্ট দ্য ম্যাপ’ শীর্ষক এই প্রস্তাবে বিশ্বের, বিশেষ করে আফ্রিকা মহাদেশের ভৌগোলিক আয়তনের আরও ন্যায়সংগত মানচিত্রভিত্তিক উপস্থাপনার আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবে উল্লেখ করা হয়, প্রচলিত মানচিত্রে বিশেষ করে মার্কেটর প্রজেকশনের মাধ্যমে সৃষ্ট অসম উপস্থাপনা দীর্ঘস্থায়ী জ্ঞানীয়, শিক্ষাগত, সাংস্কৃতিক, ভূরাজনৈতিক এবং আর্থসামাজিক প্রভাব ফেলেছে। এটি বৈশ্বিক মানসিকতায় আফ্রিকা ও অন্যান্য অঞ্চলকে প্রতীকীভাবে ছোট করে উপস্থাপন করতে ভূমিকা রেখেছে।

১৫৬৯ সালে ফ্লেমিশ মানচিত্রকার গেরার্দাস মার্কেটর এই মার্কেটর প্রজেকশন তৈরি করেছিলেন। এই পদ্ধতিতে বিষুবরেখা থেকে দূরের ভূখণ্ডগুলোর আকার তুলনামূলকভাবে বাড়িয়ে দেখানো হয়। উদাহরণস্বরূপ, মার্কেটর মানচিত্রে গ্রিনল্যান্ডকে আফ্রিকার প্রায় সমান আকারের মনে হতে পারে, যদিও আফ্রিকা প্রকৃতপক্ষে গ্রিনল্যান্ডের চেয়ে প্রায় ১৪ গুণ বড়।

মার্কেটর প্রজেকশনের সমালোচকরা এটিকে ইউরোপ-কেন্দ্রিক বলে বর্ণনা করেছেন। তাদের যুক্তি, ইউরোপ এবং উত্তর গোলার্ধের অন্যান্য অঞ্চলকে অতিরঞ্জিতভাবে বড় দেখানোর কারণে পশ্চিমা শ্রেষ্ঠত্বের ধারণা প্রতিষ্ঠিত হয়। কেউ কেউ এই প্রভাবকে ‘কার্টোগ্রাফিক উপনিবেশবাদ’ বলেও আখ্যা দিয়েছেন।

জাতিসংঘের এই প্রস্তাবে ২০১৮ সালে চালু হওয়া ‘ইকুয়াল আর্থ প্রজেকশন’ ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। এই পদ্ধতিতে দেশ ও মহাদেশগুলোর ক্ষেত্রফলের সঠিক অনুপাত বজায় থাকে, যা একটির সাপেক্ষে আরেকটির প্রকৃত আকারের স্পষ্ট চিত্র তুলে ধরে।

এই প্রস্তাবে সমান ক্ষেত্রফলের মানচিত্র ব্যবহারের জন্য বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীদারদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকেও এই মানচিত্রের ব্যবহারের বিষয়ে জাতিসংঘের সদস্য দেশ ও আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে যুক্ত হতে উৎসাহিত করা হয়েছে।

বিশ্বের বহুল ব্যবহৃত মানচিত্রে আফ্রিকার অবস্থান কীভাবে তুলে ধরা হয় তা পরিবর্তনের দাবিতে আফ্রিকার দেশগুলোর পরিচালিত একটি প্রচারণার প্রেক্ষিতে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এর আগে আফ্রিকান ইউনিয়নও ‘কারেক্ট দ্য ম্যাপ’ উদ্যোগকে সমর্থন জানিয়েছিল। তাদের মতে, মার্কেটর প্রজেকশন আফ্রিকার ভৌগোলিক আয়তন সম্পর্কে বিভ্রান্তি তৈরি করেছে।

জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত এই প্রস্তাবটি বাধ্যতামূলক নয় এবং এটি মার্কেটর প্রজেকশনের ব্যবহার নিষিদ্ধও করে না।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.