জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্রের প্রস্তাব পাস, বড় হলো আফ্রিকা
বিশ্বের ভৌগোলিক বাস্তবতাকে তুলনামূলকভাবে নির্ভুলভাবে তুলে ধরতে নতুন একটি মানচিত্র ব্যবহারের প্রস্তাব বিপুল ভোটে অনুমোদন করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। নতুন এই মানচিত্রে প্রকৃত আয়তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আফ্রিকা মহাদেশকে তুলনামূলক বড় দেখানো হবে। একই সঙ্গে ইউরোপ ও উত্তর আমেরিকা প্রচলিত মানচিত্রের চেয়ে ছোট আকারে উপস্থাপিত হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সাধারণ পরিষদের ভোটাভুটিতে ১৬৪টি সদস্যরাষ্ট্র প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র। আরও ছয়টি দেশ ভোটদানে বিরত ছিল।
‘ইকুয়াল আর্থ’ নামে পরিচিত নতুন কার্টোগ্রাফিক প্রজেকশনকে জাতিসংঘের প্রস্তাবে পৃথিবীর স্থলভাগের আয়তন আরও বাস্তবসম্মতভাবে উপস্থাপনের একটি পদ্ধতি হিসেবে তুলে ধরা হয়েছে। সদস্যরাষ্ট্রগুলোকে দীর্ঘদিনের প্রচলিত ‘মার্কেটর প্রজেকশন’-এর পরিবর্তে এই নতুন মানচিত্র ব্যবহারের আহ্বানও জানানো হয়েছে।
১৬ শতকে ফ্ল্যামিশ মানচিত্রকার জেরার্ডাস মার্কেটর সমুদ্রপথে নৌযানের দিক নির্ধারণের সুবিধার জন্য যে মানচিত্র তৈরি করেছিলেন, সেটিই দীর্ঘ সময় ধরে বিশ্ব মানচিত্রের বহুল ব্যবহৃত রূপ হয়ে আছে।
তবে পৃথিবীর গোলাকার পৃষ্ঠকে সমতল কাগজে উপস্থাপন করতে গিয়ে এ মানচিত্রে ভৌগোলিক আয়তনে বড় ধরনের পার্থক্য তৈরি হয়। বিশেষ করে বিষুবরেখার কাছাকাছি অঞ্চলগুলো তুলনামূলক ছোট এবং মেরুর দিকে থাকা অঞ্চলগুলো বাস্তবের চেয়ে অনেক বড় দেখা যায়।
এর ফলে প্রচলিত মানচিত্রে গ্রিনল্যান্ডকে প্রায় আফ্রিকার সমান আকারের মনে হয়। বাস্তবে আফ্রিকার আয়তন গ্রিনল্যান্ডের চেয়ে প্রায় ১৪ গুণ বেশি। একইভাবে ইউরোপ, রাশিয়া ও যুক্তরাষ্ট্রও বাস্তব আয়তনের তুলনায় বড় দেখানো হয়।
২০১৮ সালে একদল মানচিত্রবিদ ‘ইকুয়াল আর্থ’ প্রজেকশন তৈরি করেন। এ পদ্ধতিতে মহাদেশগুলোর আনুপাতিক আয়তন যতটা সম্ভব বাস্তবের কাছাকাছি রাখার চেষ্টা করা হয়েছে।
নতুন মানচিত্রে এর ফলে আফ্রিকা, লাতিন আমেরিকা, দক্ষিণ এশিয়া ও ওশেনিয়ার মতো অঞ্চলগুলো প্রচলিত মানচিত্রের তুলনায় বড় আকারে দৃশ্যমান হবে। প্রস্তাবটির সমর্থকদের মতে, এতে বিশ্ব সম্পর্কে মানুষের প্রচলিত ভৌগোলিক ধারণায় ভারসাম্য আসবে।
নতুন মানচিত্র গ্রহণের উদ্যোগের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। ভোটের আগে জাতিসংঘে মার্কিন প্রতিনিধি ইয়ারিনা ফেরেনসেভিচ বলেন, এ ধরনের সিদ্ধান্ত জাতিসংঘের বৈশ্বিক গ্রহণযোগ্যতা কমিয়ে দিচ্ছে।
তার ভাষ্য, বিশ্বের বাস্তব সংকটগুলোর দিকে নজর না দিয়ে জাতিসংঘ পুরোনো মানচিত্র এবং ভৌগোলিক ক্ষতিপূরণসংক্রান্ত রাজনীতি নিয়ে বিতর্ক করছে।
অন্যদিকে প্রস্তাবটির সহ-উদ্যোক্তা টোগোর পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ডুসে বলেন, মানচিত্র শুধু ভূগোলের বিষয় নয়; মানুষের কল্পনা ও বিশ্ব সম্পর্কে তাদের মানসিক ধারণা তৈরিতেও এর প্রভাব রয়েছে।
তিনি বলেন, কোনো মানচিত্রই পুরোপুরি নিরপেক্ষ নয়। দীর্ঘদিন ধরে কোনো বিকৃত উপস্থাপন ব্যবহার করা হলে তা মানুষের মধ্যে ভৌগোলিক ও জাতিগত বিষয়ে ভুল ধারণা ধরে রাখতে পারে।
প্রস্তাবটির প্রতি সমর্থন জানিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বলেন, শুধু মানচিত্র পরিবর্তনের মাধ্যমে পৃথিবী বদলে যাবে না। তবে দীর্ঘদিনের বিকৃত উপস্থাপন সংশোধন করা সত্যকে যথাযথভাবে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আফ্রিকার বিভিন্ন সাবেক ফরাসি উপনিবেশের সঙ্গে সাম্প্রতিক সময়ে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে ফ্রান্স। ফলে নতুন মানচিত্রের পক্ষে দেশটির অবস্থানকে আফ্রিকার সঙ্গে সম্পর্ক জোরদারের বৃহত্তর কূটনৈতিক কৌশলের অংশ হিসেবেও দেখছেন বিশ্লেষকেরা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.