আপনি পড়ছেন

সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করায় যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। সংস্থাটি জানায়, জুলাই থেকে দেশটিতে ২ লাখ ৬৮ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং হাজার হাজার মানুষ সমুদ্র পাড়ি দিয়ে পূর্ব আফ্রিকার দেশ জিবুতিতে পালিয়ে গেছে।

ইয়েমেনে বাস্তুচ্যুত পৌনে ৩ লাখের বেশি মানুষ
ইয়েমেনের আশ্রয় শিবিরে খোলা আকাশের নিচে বসে আছেন বাস্তুচ্যুত নারী ও শিশুরা

জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) রোববার প্রকাশিত এক বিবৃতিতে উল্লেখ করে, ২৩ অক্টোবর পর্যন্ত এই হিসাব নথিভুক্ত করা হয়েছে। এই সময়ে বাস্তুচ্যুত হওয়া মানুষের প্রায় সবাই সেপ্টেম্বর মাসের শুরুর দিক থেকে ঘরবাড়ি ছেড়েছেন।

পশ্চিম ইয়েমেনে সংঘাত ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষ দেশের সীমান্ত ছাড়িয়ে যেতেও বাধ্য হচ্ছে। আইওএমের তথ্য অনুযায়ী, ১৭ অক্টোবর পর্যন্ত অন্তত ৩ হাজার ৮৩৬ জন ইয়েমেনি নাগরিক জিবুতিতে পৌঁছেছেন। তাদের মধ্যে অর্ধেকেরও বেশি শিশু এবং এর মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ২৮২।

সংস্থাটি জানায়, চরম নিরাপত্তাহীনতার কারণেই মূলত অধিকাংশ মানুষ পালিয়ে যাচ্ছেন এবং জ্বালানি ফুরিয়ে যাওয়ায় বেশ কয়েকটি নৌকা গন্তব্যে পৌঁছানোর আগেই উপকূলে ভিড়তে বাধ্য হয়েছে।

এ ছাড়া ইয়েমেন থেকে সমুদ্রপথে জিবুতি হয়ে নিজেদের আগের বসবাসের দেশে ফিরে যাওয়া ১ হাজার ৩২৭ জন অভিবাসীকে আলাদাভাবে নথিভুক্ত করেছে সংস্থাটি।

ইয়েমেনের অভ্যন্তরেও বহু পরিবার নিরাপত্তার খোঁজে ক্রমাগত দক্ষিণাঞ্চলের দিকে সরে যাচ্ছে। ৭ অক্টোবরের পর থেকে এডেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়ে ৪২ হাজারে দাঁড়িয়েছে এবং লাহজ প্রদেশে বর্তমানে প্রায় ৬৭ হাজার মানুষ আশ্রয় নিয়ে আছেন।

আইওএম আরও জানায়, বাস্তুচ্যুত এসব পরিবার পূর্বে আল মাহরাহ পর্যন্ত বিস্তৃত ১০টি প্রদেশের ৬২টি জেলায় আশ্রয় নিয়েছে।

ইয়েমেনে নিযুক্ত আইওএমের মিশন প্রধান আব্দুসাত্তর এসোয়েভ বলেন, ‘বাস্তুচ্যুতির এই মাত্রা ও গতি সাধারণ পরিবারগুলোকে চরম মানবিক সহায়তার মুখাপেক্ষী করে তুলেছে এবং তাদের প্রয়োজন মেটাতে আমাদের সহায়তা কার্যক্রম রীতিমতো হিমশিম খাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দলগুলো প্রতিদিন মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, কিন্তু তহবিলের ঘাটতি অনেক বেশি। জরুরি সহায়তা ছাড়া আরও বহু পরিবার এমন সংকটে পড়বে, যেখানে তাদের জীবন বাঁচানোই অসম্ভব হয়ে দাঁড়াবে।’

তীব্র জ্বালানি সংকট এবং খাদ্য ও ওষুধের মূল্যবৃদ্ধির কারণে বাস্তুচ্যুত মানুষ বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা ও মৌলিক সুযোগ-সুবিধা পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

সংস্থাটি জানায়, পরিবারগুলো অতিরিক্ত ভিড়যুক্ত সরকারি ভবনে আশ্রয় নিয়েছে কিংবা খোলা আকাশের নিচে পর্যাপ্ত স্যানিটেশন সুবিধা ছাড়াই দিন কাটাচ্ছে।

নারী, শিশু, বয়োবৃদ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশি সুরক্ষা ঝুঁকিতে রয়েছেন। অন্যদিকে তাইজে মানবিক সহায়তা পৌঁছানোর ওপর বিধিনিষেধ থাকায় ত্রাণ বিতরণে দীর্ঘসূত্রতা দেখা দিচ্ছে।

এসোয়েভ বলেন, ‘অনেক পরিবারকে একাধিকবার বাড়িঘর ছেড়ে পালাতে হয়েছে। প্রতিবারই তাদের নিরাপদ আশ্রয়ের সন্ধান এবং প্রয়োজনীয় সহায়তা পেতে কঠিন সংগ্রামের মুখোমুখি হতে হচ্ছে।’

তিনি আরও যোগ করেন, ‘আরও মানুষের জীবন ঝুঁকিতে পড়ার আগেই বাস্তুচ্যুত পরিবার এবং তাদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর কাছে অবিলম্বে সহায়তা পৌঁছাতে হবে।’

আইওএম সহায়তার পরিমাণ বাড়ানোর জন্য আন্তর্জাতিক দাতাদের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বেসামরিক নাগরিক ও মানবিক কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং অভাবী মানুষের কাছে নিরাপদ ও নির্বিঘ্ন সহায়তা পৌঁছানোর পথ উন্মুক্ত রাখার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি দাবি জানিয়েছে।

২০১৪ সালে হুতিরা রাজধানী সানা ও আরও কয়েকটি প্রদেশ দখল করার পর থেকেই ইয়েমেন দীর্ঘমেয়াদি সংঘাতে নিমজ্জিত হয়। পরবর্তীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন জানাতে ২০১৫ সালের মার্চ মাসে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সেখানে হস্তক্ষেপ করে।

বর্তমানে হুতিরা ইয়েমেনের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে, অন্যদিকে সরকারি বাহিনী ও তাদের মিত্ররা এডেনসহ দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর বড় অংশের নিয়ন্ত্রণে রয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.