জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাজারে নিত্যপণ্যের দাম বাড়ার শঙ্কা
- Details
- by ২৪ ডেস্ক
জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব এখনো রাজধানীর অধিকাংশ নিত্যপণ্যের বাজারে সরাসরি পড়েনি। তবে পরিবহন ব্যয় বেড়ে গেলে পণ্য আনা-নেওয়ার খরচও বাড়বে। এর ফলে সামনে সবজি, মাছসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ী ও ক্রেতারা। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

নিউমার্কেটের এক মুদিদোকানি মিরাজ আহমেদ বলেন, জ্বালানি তেলের দাম বাড়লেও এখন পর্যন্ত তাদের দোকানের পণ্যের দামে এর প্রভাব পড়েনি। তবে পরিবহন ব্যয় বেড়ে গেলে পাইকারি বাজার থেকে পণ্য আনার খরচও বাড়বে। সে ক্ষেত্রে বাড়তি ব্যয় পণ্যের দামের সঙ্গে যোগ হতে পারে।
তিনি বলেন, এখনই কোন পণ্যের দাম কতটা বাড়বে, তা বলা সম্ভব নয়। তবে পরিবহন খরচ বাড়লে এর প্রভাব বাজারে পড়ার আশঙ্কা রয়েছে।
রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি শিম ২৪০ টাকা, গোল বেগুন ১৪০ টাকা, টমেটো ১০০ টাকা এবং কাঁচা মরিচ ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া বরবটি ১০০ টাকা, ঝিঙা ও চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দুল ও করলা ৮০ টাকা, পটল ও ঢ্যাঁড়স ৭০ টাকা এবং শসা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, লাউ আকারভেদে ৫০ থেকে ৭০ টাকা পিস, জালি ৫০ টাকা পিস এবং কাঁচা কলা ৪০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। তুলনামূলক কম দামে পেঁপে বিক্রি হচ্ছে, প্রতি কেজি ২০ টাকা।
হাতিরপুলে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী হাফিজ উদ্দিন বলেন, তেলের দাম বাড়ার পর পরিবহন ব্যয় বেড়ে গেলে তার প্রভাব সবজিসহ অন্যান্য পণ্যের বাজারেও পড়তে পারে। এখন সামনে বাজারের পরিস্থিতি কী দাঁড়ায়, সেটিই দেখার বিষয়।
নিউমার্কেটের সবজি বিক্রেতা তারেকও বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব এখনো সবজির দামে দেখা যাচ্ছে না। তবে দূরের পাইকারি বাজার থেকে সবজি আনতে পরিবহন ব্যয় বাড়লে ভবিষ্যতে দাম কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
গত শুক্রবারের তুলনায় রাজধানীর বাজারে ডিমের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়।
মুরগির বাজারও প্রায় স্থির রয়েছে। প্রতি কেজি ব্রয়লার ১৯০ টাকা, সোনালি ৩১০ থেকে ৩২০ টাকা, হাইব্রিড ২৯০ থেকে ৩০০ টাকা এবং লেয়ার মুরগি ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
গরুর মাংসের দামও অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়।
নিউমার্কেটে বাজার করতে আসা নাজমা আক্তার বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার পর যদি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে যায়, তাহলে সাধারণ মানুষের সংসার চালানোর ব্যয় আরও বাড়বে।
রাজধানীর মাছের বাজারেও এখন পর্যন্ত বড় ধরনের মূল্যপরিবর্তন দেখা যায়নি। পাঙাশ প্রতি কেজি ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মান ও আকারভেদে চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪৫০ টাকা, বড় রুই ৪৫০ থেকে ৫০০ টাকা এবং ট্যাংরা ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, দেশি কই ৬০০ থেকে ৮০০ টাকা এবং চাষের কই ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাষের শিং মাছ আকারভেদে ৩০০ থেকে ৪৫০ টাকা এবং মাঝারি আকারের রুই ২৭০ থেকে ৩৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
নিউমার্কেটের এক মাছ ব্যবসায়ী বলেন, এখনো মাছের দাম বাড়েনি। তবে দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় মাছ পরিবহন করে আনতে হয়। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন খরচ বাড়লে মাছের দামও বাড়তে পারে। তখন বাড়তি খরচের কারণে তাদেরও বেশি দামে মাছ বিক্রি করতে হতে পারে।
সব মিলিয়ে, রাজধানীর বাজারে এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বৃদ্ধির সরাসরি প্রভাব সীমিত থাকলেও পরিবহন ও সরবরাহ ব্যয় বাড়লে আগামী দিনগুলোতে নিত্যপণ্যের বাজারে এর প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.