আপনি পড়ছেন

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। গতকাল মঙ্গলবার দেশটির বিভিন্ন উচ্চবিদ্যালয়ে বিক্ষোভের ঘটনায় ৪৪০ জনকে আটক করা হয়েছে। তাদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক চার শতাধিক
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি- এএফপি

শিক্ষার্থীদের এই বিক্ষোভের শুরু রাজধানী প্যারিসে। কয়েক দিন ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। অতিরিক্ত শিক্ষার্থী নিয়ে শ্রেণিকক্ষে ভিড়, শিক্ষক সংকটসহ শিক্ষা ব্যবস্থার নানা সমস্যার প্রতিবাদে এ আন্দোলন শুরু হয়েছে।

মঙ্গলবারের বিক্ষোভে অন্তত ১০ জন শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪৮ সদস্যও। দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভের কারণে অন্তত ৪০০টি শিক্ষাপ্রতিষ্ঠান কোনো না কোনোভাবে প্রভাবিত হয়েছে।

১৬ বছর বয়সী এক শিক্ষার্থী বার্তা সংস্থা এএফপিকে বলে, ‘আমরা একটি বার্তা দিতে এখানে এসেছি। কোনো কারণ ছাড়াই সবকিছু ভাঙচুর করতে আসিনি। আমরা বলতে চাই, শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। আমাদের প্রতিটি শ্রেণিতে ৩৪ জন করে শিক্ষার্থী। এভাবে চলা সম্ভব নয়। শিক্ষকেরা অতিরিক্ত কাজের চাপে রয়েছেন।’

ফরাসি শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, শিক্ষার্থীদের বিক্ষোভ করার অধিকার রয়েছে। তবে সহিংসতার যে খবর পাওয়া গেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভিকে বলেন, ৪৪০ জনকে আটক করা হয়েছে। এখনো চূড়ান্ত সংখ্যা পাওয়া যায়নি। তবে আমাকে বলা হয়েছে, আটক ব্যক্তিদের প্রায় দুই-তৃতীয়াংশকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

ফরাসি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়ে মারেন। জবাবে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।

শিক্ষার্থীদের সংগঠন ইউনিয়ন সিসক্যাল লিসেনের সভাপতি রিয়াদ রানি এএফপিকে বলেন, সরকার বিক্ষোভকারীদের দমন করছে এবং পুলিশ অতিরিক্ত শক্তি প্রয়োগ করছে।

বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ফ্রান্সের কয়েকজন রাজনীতিকও সমালোচনা করেছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজ পুলিশের পদক্ষেপের সমর্থনে বলেন, পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ‘অত্যন্ত সংযত ও যথাযথ মাত্রায়’ শক্তি প্রয়োগ করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরেক বার্তায় শিক্ষামন্ত্রী জেফ্রে বলেন, বিক্ষোভ করার অধিকার একটি মৌলিক স্বাধীনতা। তবে এই অধিকারকে এ ধরনের কর্মকাণ্ডের অজুহাত হিসেবে ব্যবহার করা যায় না। এসব কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া কিংবা এই পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান অবরোধ আরও বাড়ানোর আহ্বান জানানো শিক্ষার্থী ও সরকারি কর্মীদের ঝুঁকির মধ্যে ফেলা। এটি দায়িত্বজ্ঞানহীন আচরণ।

ফ্রান্সের উচ্চবিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের এই আন্দোলন গত সপ্তাহে প্যারিসের আশপাশের ইল-দ্য-ফ্রঁস অঞ্চলে শুরু হয়। যুক্তরাজ্যের ষষ্ঠ শ্রেণি ও তার পরের স্তরের কলেজ এবং যুক্তরাষ্ট্রের উচ্চবিদ্যালয়ের সমপর্যায়ের এসব শিক্ষাপ্রতিষ্ঠানেই এখন আন্দোলন ছড়িয়ে পড়েছে।

গত সোমবার ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু শিক্ষার্থীদের আন্দোলন আরও ছড়িয়ে পড়াকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে সতর্ক করেছিলেন। ওই দিন বিক্ষোভের ঘটনায় ১৬৪ জনকে আটক করা হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় লেকর্নু বলেন, উচ্চবিদ্যালয়ের আশপাশে আতশবাজি, আগুন ও সহিংসতার ঘটনা ঘটছে। শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী কিংবা পুলিশ কর্মকর্তাদের বিপদে ফেলার কোনো কিছুই সমর্থনযোগ্য নয়।

মঙ্গলবার শিক্ষার্থীদের বিক্ষোভের পাশাপাশি দেশজুড়ে ধর্মঘটে যান শিক্ষক, হাসপাতালের কর্মী ও সরকারি কর্মচারীদের প্রতিনিধিত্বকারী বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা। কম মজুরি ও কর্মপরিবেশসহ বিভিন্ন দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজ জানিয়েছেন, এসব ধর্মঘট ও বিক্ষোভে প্রায় ২ লাখ মানুষ অংশ নেন। তবে শিক্ষার্থীদের বিক্ষোভের তুলনায় এসব কর্মসূচি বেশির ভাগ ক্ষেত্রেই শান্তিপূর্ণ ছিল।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.