আপনি পড়ছেন

ভারতের নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ মতভেদ ও নিরপেক্ষতা সংকটের জেরে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে দেশজুড়ে নজিরবিহীন গণবিক্ষোভ শুরু হয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত সিদ্ধান্তে শীর্ষ কমিশনারদের দ্বিমত এবং সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দল ও দেশটির তরুণ সমাজের এই সম্মিলিত প্রতিরোধ তীব্র রূপ নিয়েছে। ভারতের ইতিহাসে কোনো নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন তীব্র গণআন্দোলনের ঘটনা এটিই প্রথম। খবর বিবিসি বাংলার

ভারতে সিইসিকে নিয়ে বিরোধী দল ও তরুণরা যে কারণে আন্দোলনে
পোস্টার হাতে মুম্বাইয়ের সড়কে মিছিল। ছবি- এএফপি

নির্বাচন প্রক্রিয়ার সিদ্ধান্ত সাধারণত তিন সদস্যের কমিশন সর্বসম্মতিক্রমে বা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গ্রহণ করে। সম্প্রতি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীর আপত্তি সত্ত্বেও বহু নির্দেশ জারি করা হয়েছে। বিশেষ করে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এসআইআর নির্দেশনায় এই বিরোধ স্পষ্ট হয়ে ওঠে। এই সিদ্ধান্তের পেছনে বিরোধী দলগুলো সরাসরি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দিকে আঙুল তুলেছে।

ভোটার তালিকায় নাম তোলার ফরম–৬ সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের দাবির সঙ্গে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে স্পষ্ট অসঙ্গতি পাওয়া গেছে। ২৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এক বিবৃতিতে দাবি করেছিল যে ফরম–৬ এ আনা পরিবর্তন সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। তবে প্রধান বিচারপতি সূর্য কান্ত সাংবিধানিক বেঞ্চে জানান, ফরমে আনা ওই পরিবর্তন সুপ্রিম কোর্ট অনুমোদন করেনি।

এর আগে ২০২৩ সালের মার্চে সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ও প্রধান বিচারপতির সমন্বয়ে কমিশনার নিয়োগের নির্দেশ দিলেও পরবর্তীতে পার্লামেন্টে আইন পাসের মাধ্যমে প্রধান বিচারপতির জায়গায় একজন কেন্দ্রীয় মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়। ফলে নিয়োগ প্রক্রিয়ায় সরকারের একক প্রভাব প্রতিষ্ঠার অভিযোগ ওঠে।

দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সরাসরি সাক্ষাতের দাবিতে অবস্থান নিলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলীয় সংসদ সদস্যদের দুই দফায় আটক করে পুলিশ। রাহুল গান্ধী এই প্রক্রিয়াকে ভোটাধিকার হরণের শামিল আখ্যা দিয়ে জানান, দেশের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করার পেছনে যারা রয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

অন্যদিকে নির্বাচন কমিশন জানায়, স্মারকলিপি গ্রহণের জন্য কমিশনের সর্বোচ্চ পদস্থ কর্মকর্তাকে পাঠানোর প্রস্তাব দেওয়া হলেও বিরোধী নেতারা তা প্রত্যাখ্যান করেন। ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, প্রধান নির্বাচন কমিশনারকে সরাসরি তলব করার দাবি সংবিধানবিরোধী এবং এটি বিরোধীদের রাজনৈতিক উদ্দেশ্যের বহিঃপ্রকাশ।

রাজনৈতিক দলগুলোর পাশাপাশি এই আন্দোলনে যুক্ত হয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (আইসা)। মুম্বাইয়ের সমাবেশ থেকে সিজেপির আহ্বায়ক অভিজিৎ দীপক প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ করে স্লোগান তোলেন, যা দ্রুত ভারতের তরুণ প্রজন্মের মুখে ছড়িয়ে পড়ে। আইসার সর্বভারতীয় সভাপতি নেহা বোরা দিল্লিতে জানান, কোটি কোটি মানুষের ভোটাধিকার রক্ষা করাই এখন দেশের প্রধান ইস্যু।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাংবিধানিক প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতার ঘাটতির সঙ্গে তরুণদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিরাপত্তা সংক্রান্ত ক্ষোভ যুক্ত হয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ১৯৭৪ সালের জয়প্রকাশ নারায়ণের আন্দোলনের মতো বর্তমান গণবিক্ষোভও প্রতিষ্ঠানকেন্দ্রিক অসন্তোষ থেকে সরকারের সার্বিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে সমন্বিত প্রতিক্রিয়ায় রূপ নিচ্ছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.