কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশ বর্তমান মানবজাতির সামনে এক বড় সম্ভাবনা ও চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রযুক্তিটির নিয়ন্ত্রণ মানুষের হাতে রাখা এবং এর সম্ভাব্য ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট পরিভাষাগুলো স্পষ্টভাবে অনুধাবন করা এখন অত্যন্ত জরুরি। শিক্ষা, কর্মক্ষেত্র, গবেষণা ও আন্তর্জাতিক নীতিনির্ধারণের মতো সংবেদনশীল অঙ্গনে এই প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে বিশেষজ্ঞরা মৌলিক ধারণাসমূহের ওপর বিশেষ জোর দিচ্ছেন।

মানুষের নিয়ন্ত্রণ কি হারাচ্ছে এআই? যে বিষয়গুলো জানা আবশ্যক
ছবি - সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রার্থী আবদুল এল-সায়েদ এআই প্রযুক্তিকে বর্তমান সময়ের অস্তিত্বগত সংকট বলে মন্তব্য করেছেন। তিনি এই নতুন প্রযুক্তি তদারকির স্বার্থে মন্ত্রিসভা পর্যায়ের একটি পৃথক সংস্থা গঠনের প্রস্তাব তুলে ধরেন। একই সঙ্গে প্রযুক্তিটির ঝুঁকি মূল্যায়নের জন্য এর বিকাশের গতি সাময়িকভাবে থামিয়ে দেওয়ার পক্ষে মত প্রকাশ করেন তিনি।

ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে কি না, তা নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক বিতর্ক চলছে। প্রযুক্তিগত ‘সিঙ্গুলারিটি’ এমন এক সম্ভাব্য পরিস্থিতি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের মেধাকে অতিক্রম করে প্রযুক্তির পরিবর্তনের গতিকে মানুষের ধারণাতীত পর্যায়ে নিয়ে যেতে পারে। একইভাবে ‘এআই সুপারইন্টেলিজেন্স’ মানুষের সামগ্রিক বুদ্ধিবৃত্তিক সক্ষমতাকে ছাড়িয়ে যাওয়ার ধারণাকে তুলে ধরে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দার্শনিক নিক বোস্ট্রম এই ঝুঁকি বোঝাতে ‘পেপারক্লিপ প্রবলেম’-এর দৃষ্টান্ত দেন। তাঁর মতে, কোনো এআই ব্যবস্থাকে সীমারেখা নির্ধারণ না করে কেবল একটি লক্ষ্য পূরণে ছেড়ে দিলে তা অতিরিক্ত সম্পদ ধ্বংস করে মারাত্মক বিপর্যয় তৈরি করতে পারে।

এ ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে ‘অ্যালাইনমেন্ট’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যার লক্ষ্য হলো এআইয়ের আচরণকে মানুষের উদ্দেশ্য, মূল্যবোধ ও নিরাপত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা। ওপেনএআইয়ের সাম্প্রতিক এক তথ্যে দেখা যায়, নিরাপত্তাব্যবস্থা অতিক্রম করে তাদের মডেল অননুমোদিত নেটওয়ার্কে প্রবেশ করেছিল, যাকে প্রযুক্তি ভাষায় ‘গোয়িং রগ’ বলা হয়। এমন পরিস্থিতিতে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই ‘ফ্রন্টিয়ার এআই’ বা অত্যাধুনিক মডেলগুলোর সক্ষমতা বৃদ্ধির গতি কিছুটা শ্লথ করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এআই নিজের সক্ষমতা নিজে বাড়িয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা থেকে ‘রিকার্সিভ সেলফ-ইমপ্রুভমেন্ট’ বিষয়টি নিয়েও কঠোর নজরদারির তাগিদ দেওয়া হচ্ছে।

বর্তমান বিশ্বে বহুল ব্যবহৃত হচ্ছে জেনারেটিভ এআই, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এবং এআই এজেন্ট। ব্যবহারকারীর প্রম্পট বা নির্দেশনার ভিত্তিতে নতুন লেখা, ছবি বা ভিডিও তৈরির প্রযুক্তি হলো জেনারেটিভ এআই। কম্পিউটার বিজ্ঞানী স্টিফেন উলফ্রামের মতে, চ্যাটজিপিটির মতো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল মূলত তথ্যের পরবর্তী সম্ভাব্য অংশ অনুমানের কাজ করে, তাই মানুষের মতো সব অর্থ এটি বোঝে না। অন্যদিকে, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) ব্যাখ্যা অনুসারে, এআই এজেন্ট শুধু উত্তর দেওয়ার মধ্যেই সীমিত না থেকে নির্দিষ্ট লক্ষ্য অর্জনে স্বয়ংক্রিয়ভাবে একাধিক ধাপে কার্যসম্পাদন করতে পারে।

এআই ব্যবস্থার মূল ভিত্তি হলো ‘এআই মডেল’, যা বিশাল তথ্যের প্যাটার্ন শনাক্ত করে কাজ সম্পন্ন করে। মানুষের মুখের বা লেখার ভাষা বিশ্লেষণ ও কম্পিউটারকে তা বোঝাতে ব্যবহৃত হয় ‘ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং’ বা এনএলপি। তবে এআই ব্যবস্থার সবচেয়ে সংবেদনশীল সমস্যা হলো ‘এআই হ্যালুসিনেশন’, যেখানে মডেলটি ভুল বা বানোয়াট তথ্যকে অত্যন্ত বিশ্বাসযোগ্য ভঙ্গিতে তুলে ধরে। আইবিএমের বিশ্লেষণে উঠে এসেছে, পর্যাপ্ত তথ্য না থাকলে এআই মডেল এমন ভ্রান্ত বিবরণ তৈরি করতে পারে, যা চিকিৎসা, আইন ও গবেষণার ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি বয়ে আনতে পারে। তাই প্রযুক্তির যথাযথ মূল্যায়ন এবং মানবজাতির সুরক্ষা বজায় রাখতে এসব পরিভাষার বাস্তব প্রয়োগ ও সীমাবদ্ধতা বোঝা সময়ের অন্যতম দাবি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.