আপনি পড়ছেন

পশু কল্যাণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সেন্ট্রাল পার্ক ও শহরের রাস্তাগুলো থেকে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নিউইয়র্ক সিটি কাউন্সিল। আগামী ২০২৮ সালের জুনের মধ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর করার পক্ষে বৃহস্পতিবার ভোট দিয়েছেন কাউন্সিল সদস্যরা। এর মাধ্যমে শহরটির ১৬০ বছরেরও বেশি পুরোনো একটি ঐতিহ্যের অবসান ঘটতে যাচ্ছে।

নিউইয়র্কে নিষিদ্ধ হচ্ছে ঘোড়ার গাড়ি
নিউইয়র্কের সেন্ট্রাল পার্কের কাছে চলাচলকারী ঘোড়ার গাড়ি

ঘোড়ার গাড়ি শিল্প নিয়ে দীর্ঘ বিতর্কের পর সিটি কাউন্সিলে ‘রোমাঞ্চস ল’ নামের এই আইনটি ৪০-৭ ভোটে পাস হয়, যা ভেটো দেওয়ার সুযোগহীন সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। এ সময় দুইজন কাউন্সিল সদস্য ভোটদানে বিরত ছিলেন।

কাউন্সিল সদস্য ক্রিস্টোফার মার্তের উত্থাপিত এই আইনের ফলে ২০২৮ সালের ১ জুন থেকে নিউইয়র্কে ঘোড়ার গাড়ি পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ হবে।

আইনটি রোমাঞ্চ মহাজন নামের ১৮ বছর বয়সী এক ভারতীয় পর্যটকের নামে নামকরণ করা হয়েছে। সেন্ট্রাল পার্কে একটি অনিয়ন্ত্রিত ঘোড়ার গাড়ি থেকে ছিটকে পড়ে চলতি বছরের জুনে মারা যান তিনি।

এক বিবৃতিতে কাউন্সিল স্পিকার জুলি মেনিন বলেন, ‘আজ সিটি কাউন্সিল ইতিহাস সৃষ্টি করল। রোমাঞ্চস ল পাসের এই যুগান্তকারী ভোট মূলত পশু কল্যাণ, জননিরাপত্তা এবং শ্রমিক সুরক্ষার প্রতি এই কাউন্সিলের অঙ্গীকারের প্রতিফলন।’

এই আইনের আওতায় শহর কর্তৃপক্ষকে ২০২৭ সালের ১ এপ্রিলের মধ্যে ক্ষতিগ্রস্ত কর্মীদের জন্য একটি রূপান্তর পরিকল্পনা তৈরি করতে হবে। যার মধ্যে কর্মসংস্থান সহায়তা, ক্যারিয়ার কাউন্সেলিং এবং প্রশিক্ষণের সুযোগ অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া গাড়ির মালিকদের ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করার সুযোগ রাখা হলেও অর্থ পরিশোধের কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি।

আইনটিতে অবসরে যাওয়া ঘোড়াগুলোর সুরক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। এর অধীনে ঘোড়াগুলোকে জবাই করা বা অন্য কোনো অমানবিক উদ্দেশ্যে বিক্রি কিংবা হস্তান্তর নিষিদ্ধ করা হয়েছে, তবে মালিকরা চাইলে নিজেদের কাছে রাখতে পারবেন।

বিলটি এখন মেয়র জোহরান মামদানির অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তার কার্যালয় থেকে জানানো হয়, তিনি এতে স্বাক্ষর করতে আগ্রহী এবং একই সঙ্গে নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সুরক্ষাও নিশ্চিত করবেন।

তবে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে গাড়ি পরিচালনাকারী এবং ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন। আইনগত পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে সংগঠনটি দাবি করেছে, এই আইন তাদের জীবিকা বিপন্ন করবে এবং মালিকদের ব্যবসা থেকে বঞ্চিত করবে।

উল্লেখ্য, ১৮৫৮ সাল থেকে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ি চলাচল শুরু হয়। শুরুতে এটি সাধারণ পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হলেও পরবর্তীতে তা নিউইয়র্ক সিটির অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণে পরিণত হয়।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.