আপনি পড়ছেন

অধিকৃত পশ্চিম তীরে চরম উত্তেজনার মধ্যে উচ্ছেদ, তল্লাশি ও বসতি সম্প্রসারণ অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে হেবরন শহরের বাসিন্দাদের জোরপূর্বক বের করে দিয়ে তাদের বাড়িগুলোকে সামরিক ব্যারাকে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের সংবাদমাধ্যম ওয়াফা জানায়, দক্ষিণ অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের চলমান সামরিক অভিযানের মধ্যেই এই ঘটনা ঘটল।

হেবরনে বসতবাড়িকে সেনা ফাঁড়ি বানাচ্ছে ইসরায়েল
অধিকৃত পশ্চিম তীরের হেবরনে অবরুদ্ধ উত্তরাঞ্চলীয় চেকপয়েন্টে পাহারায় রয়েছেন ইসরায়েলি সেনারা

সূত্র উল্লেখ করে ওয়াফা জানায়, ইসরায়েলি বাহিনী দক্ষিণ হেবরনের খাল্লাত মান্না ও দাহিয়াত আল-জাইতুন এলাকার বাড়িগুলো দখল করে ব্যারাক হিসেবে ব্যবহার করছে। এছাড়া অন্যান্য এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বের করে দিয়ে সেসব জায়গাকে পর্যবেক্ষণ চৌকি হিসেবে ব্যবহার করা হচ্ছে।

শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনীর একটি রিজার্ভ ঘাঁটিতে দুজন সশস্ত্র ফিলিস্তিনি হামলা চালিয়ে দুই সেনাকে হত্যা করেছে বলে অভিযোগ ওঠে। এরপর থেকেই হেবরনে লকডাউন আরোপ করে শত শত তল্লাশি অভিযান চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ওই ঘটনায় সন্দেহভাজন দুই ফিলিস্তিনিও নিহত হয়েছেন।

ব্যাপক তল্লাশি, রাস্তা অবরোধ ও চলাচলের ওপর কঠোর বিধিনিষেধের মধ্যে শত শত পরিবারকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার পর এই উচ্ছেদ অভিযান চালানো হলো।

প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটির তথ্য অনুযায়ী, শুক্রবার থেকে হেবরন জুড়ে অন্তত ৪৭ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। একই সময়ে প্রায় ২ হাজার ২০০ জন সদস্যের ২৯৩টি পরিবারকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে।

আল জাজিরাকে ওই এনজিওটি জানায়, হেবরন থেকে বাস্তুচ্যুতদের মধ্যে ১২৭ জন শিশু, ৮১ জন গর্ভবতী নারী এবং ২৬ জন প্রতিবন্ধী রয়েছেন। এছাড়া বাস্তুচ্যুতদের মধ্যে ১৩৪ জন দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ফিলিস্তিনি এবং ষাটোর্ধ্ব ২৬৫ জন প্রবীণ ব্যক্তিও রয়েছেন।

গোষ্ঠীটি জানায়, ইসরায়েলি সেনারা শত শত মাঠপর্যায়ের জিজ্ঞাসাবাদও চালিয়েছে, যেখানে ফিলিস্তিনিদের আটক ও নির্যাতনের শিকার হতে হয়েছে।

নতুন বসতি স্থাপন
এদিকে হেবরনের দক্ষিণে ইয়াত্তা শহরে ফিলিস্তিনিদের মালিকানাধীন জমিতে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা দুটি নতুন বসতি স্থাপন শুরু করেছে বলে জানিয়েছে ওয়াফা।

অধিকারকর্মী ওসামা মাখামরা ওয়াফাকে জানান, বসতি স্থাপনকারীরা ইয়াত্তার পশ্চিমে খাল্লেত আল-ফারা এলাকায় একটি বসতি স্থাপনের কাজ শুরু করেছে। সেখানে তারা তাঁবু খাটিয়েছে, বুলডোজার ও খননযন্ত্র এনেছে এবং নির্মাণের প্রস্তুতির জন্য জমি সমতল ও খোঁড়াখুঁড়ি শুরু করেছে।

তিনি আরও জানান, ইয়াত্তা মরুভূমি এলাকায় আজ-জুওয়াইদিন এবং উম্মে কুসা গ্রামের মধ্যবর্তী ফিলিস্তিনি মালিকানাধীন জমিতে আরেকটি বসতি স্থাপন করা হয়েছে। সেখানে বসতি স্থাপনকারীরা বেশ কয়েকটি তাঁবু খাটিয়েছে এবং পানি ও বিদ্যুতের নেটওয়ার্কসহ বিভিন্ন অবকাঠামো স্থাপনের কাজ শুরু করেছে।

ওয়াফা জানায়, বেথলেহেমের কাছে রবিবার টানা তৃতীয় দিনের মতো পুরো গভর্নরেট জুড়ে রাস্তা ও প্রবেশপথগুলো বন্ধ রেখেছে ইসরায়েলি বাহিনী। এর ফলে বেশ কয়েকটি শহর ও গ্রাম ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শনিবার ইসরায়েলি বাহিনী তুকু যাওয়ার কাঁচা রাস্তাগুলো বন্ধ করে দেয়। এ সময় শহরের কাছাকাছি বিকল্প এবড়োখেবড়ো রাস্তা দিয়ে চলাচলকারী ফিলিস্তিনি যানবাহনের দিকে কাঁদানে গ্যাসের ক্যানিস্টার ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে তারা।

ইসরায়েলের সাধারণ নির্বাচনের কয়েকদিন আগে এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে তীব্র উত্তেজনার মধ্যেই সর্বশেষ এই হামলা ও অবরোধের ঘটনা ঘটল। সামরিক বাহিনীর মদদপুষ্ট হয়ে বসতি স্থাপনকারীরা সেখানে জলপাই সংগ্রহকারীদের লক্ষ্য করে একের পর এক বর্বরোচিত হামলা চালিয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.