ইরানে হামলার পরিকল্পনা সেন্টকমের, অনুমোদন দেবেন ট্রাম্প?
ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর জন্য বিভিন্ন বিকল্প পরিকল্পনা প্রস্তুত করেছে মার্কিন সামরিক বাহিনী। হোয়াইট হাউস অনুমোদন দিলেই পরবর্তী হামলা চালানোর মতো সব পরিকল্পনা মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) হাতে প্রস্তুত রয়েছে। এতে করে প্রায় আট মাস ধরে চলা সংঘাত নতুন করে বড় আকারের যুদ্ধে রূপ নেওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

ওয়াশিংটনভিত্তিক সংবাদমাধ্যম 'দ্য হিল'-এর এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের জন্য সামরিক পরিকল্পনাকারীরা বেশ কয়েকটি বিকল্প কৌশল তৈরি করে রেখেছেন। ৩ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরই মূলত এসব হামলা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র চাইলে পরদিনই আক্রমণ চালাতে পারে। একই সঙ্গে তিনি তেহরানের সঙ্গে একটি বড় চুক্তির সম্ভাবনার কথাও উল্লেখ করেন।
অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ওয়াশিংটনের বিরুদ্ধে আলোচনা নস্যাৎ করার অভিযোগ তুলেছেন। তবে সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রাখা উচিত বলেও মত দেন তিনি। হরমুজ প্রণালীর কাছে বাণিজ্যিক জাহাজে আক্রমণ বাড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জাহাজে হামলার দিক থেকে চলতি অক্টোবর সবচেয়ে উত্তপ্ত মাস হিসেবে চিহ্নিত হয়েছে।
সামরিক প্রস্তুতি বেশ অগ্রসর হলেও প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত কোন বিকল্পটি বেছে নেবেন বা কবে অনুমোদন দেবেন, তা এখনও স্পষ্ট নয়। চলতি মাসের শুরুর দিকে সংবাদমাধ্যম 'অ্যাক্সিওস' উল্লেখ করে, বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করার প্রস্তুতি চূড়ান্ত করতে সেন্টকমকে নির্দেশ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। তাদের তথ্যানুযায়ী, নতুন এই অভিযানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনাগুলো।
তবে সামরিক এই প্রস্তুতির মানেই চূড়ান্ত হামলার আদেশ নয়। চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে ট্রাম্পের ওপর, যিনি একই সঙ্গে সামরিক পদক্ষেপ ও কূটনীতির সুযোগ খোলা রেখেছেন। বুধবার 'দ্য নিউ ইয়র্ক টাইমস' জানায়, মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে যৌথ হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমন্বিত পরিকল্পনা তৈরি করেছে। বিদেশে নিয়োজিত মার্কিন কর্মীদের ওপর ইরানি হুমকির সতর্কতার মধ্যেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জে ক্লেটন শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো এক গোয়েন্দা স্মারকে উল্লেখ করেন, মার্কিন কর্মীদের নিশানা করার তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি করেছে ইরান। এমনকি মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন স্থানে প্রাণঘাতী হামলার চক্রান্ত বেশ দূর এগিয়েছে।
এই সতর্কবার্তার পর মধ্যপ্রাচ্যের কয়েকটি দূতাবাসে কর্মী কমানোর নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে প্রকাশিত গোয়েন্দা স্মারকে নির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তু বা সম্ভাব্য হামলার সুনির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি।
পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক সমাবেশে তিনি বলেন, ‘আমরা হয়তো আরেকটি ছোট এপিক ফিউরি চালাতে পারি।’ গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ সামরিক অভিযানের সাংকেতিক নাম ছিল ‘এপিক ফিউরি’। শনিবারও তিনি হামলার সুনির্দিষ্ট সময় প্রকাশ করতে রাজি হননি, তবে রোববারের মধ্যেই তা ঘটতে পারে বলে ইঙ্গিত দেন।
লন্ডনভিত্তিক থিংকট্যাঙ্ক চ্যাথাম হাউসের অ্যাসোসিয়েট ফেলো জুলি নরম্যান আল জাজিরাকে বলেন, ‘ট্রাম্প সবসময় সব বিকল্প বিবেচনায় রাখেন। এই পরিকল্পনা একদিকে যেমন তাৎক্ষণিক প্রতিরোধের বার্তা দেয়, তেমনি মধ্যবর্তী নির্বাচনের পর এটি একটি অত্যন্ত বাস্তব বিকল্প।’ নভেম্বরের শেষের মধ্যে মধ্যপ্রাচ্যে নিজেদের তৃতীয় বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’, প্রায় ১০ হাজার অতিরিক্ত সেনা এবং ১৩তম মেরিন এক্সপিডিশনারি ইউনিট মোতায়েন করতে যাচ্ছে ওয়াশিংটন।
এদিকে তেহরান আলোচনার ডাক দেওয়ার পাশাপাশি নতুন মার্কিন হামলার বিরুদ্ধে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে। শনিবার সম্প্রচারিত বক্তব্যে পেজেশকিয়ান বলেন, ‘আমরা আলোচনায় ছিলাম, অথচ কাপুরুষেরা সবকিছু ভণ্ডুল করে দিল।’ তবে চুক্তি বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১২তম ব্রিকস পার্লামেন্টারি ফোরামে অংশ নেওয়া থেকে বিরত থাকছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের ঘালিবাফ। ভারতে ইরানি দূতাবাস অপ্রত্যাশিত পরিস্থিতির কথা উল্লেখ করলেও বিস্তারিত জানায়নি।
রোববার ইরানের সেনাবাহিনী জানায়, তারা দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বন্দর আব্বাসের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের তৈরি একটি লুকাস ড্রোন ভূপাতিত করেছে। রয়টার্সের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুনরায় হামলা চালালে পারস্য উপসাগরের তলদেশের যোগাযোগ কেবলগুলো লক্ষ্যবস্তু করার পরিকল্পনা সাজিয়েছে তেহরান। সম্প্রতি হরমুজ প্রণালীতে সাতটি তেলের ট্যাংকারে অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির দাবির পর ইরান নিজেদের সামরিক কৌশল ‘আক্রমণাত্মক’ করার ঘোষণা দেয়। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের এক কর্মকর্তা সতর্ক করে বলেন, ‘আমাদের প্রতিরক্ষানীতি আগে ছিল রক্ষণাত্মক; কেউ আক্রমণ করলে আমরা প্রতিহত করতাম। এখন আমরা বলছি কেউ আক্রমণ করলে আমরা তার জবাবও দেব এবং আক্রমণাত্মক অভিযানও চালাব।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.