ভোটকেন্দ্রে অস্ত্র বহনের সুযোগ বহাল রাখল ইসরায়েলি আদালত
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতরে নির্বাচনী কর্মকর্তা ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে দায়ের করা আবেদনটি আদালত নাকচ করেছে বলে জানিয়েছে আরব মানবাধিকার বিষয়ক সংস্থা ‘আদালাহ’।

সোমবারে দেওয়া এক বিবৃতিতে আদালাহ জানায়, রবিবারে সন্ধ্যায় সুপ্রিম কোর্ট এই আবেদনটি খারিজ করে দেন। সংস্থাটি রাজনৈতিক জোট ‘জয়েন্ট লিস্ট’-এর সঙ্গে যৌথভাবে এই পিটিশন দায়ের করেছিল।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের রিলিজিয়াস জায়োনিজম পার্টি আরব অধ্যুষিত শহর ও ইহুদি-আরব মিশ্র জনসংখ্যার এলাকায় ভোটকেন্দ্রে প্রায় দুই হাজার পর্যবেক্ষক মোতায়েনের ঘোষণা দেওয়ার পর এই পিটিশন করা হয়।
আদালাহ জানায়, এই পরিকল্পনার কারণে এমন আশঙ্কা তৈরি হয়েছে যে সশস্ত্র পর্যবেক্ষকরা আরব ভোটারদের ভয় দেখাতে পারে, যা পরবর্তীতে সহিংস সংঘাতের জন্ম দিতে পারে।
আবেদনকারীরা অতীতের কিছু ঘটনার উদাহরণ টেনে জানান, পূর্বে ভোটারদের প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ভয় দেখানোর নজির রয়েছে। তারা সতর্ক করে বলেন, ভোটকেন্দ্রে সশস্ত্র বেসামরিক নাগরিকদের উপস্থিতি মারাত্মক বলপ্রয়োগের অবৈধ ব্যবহারের ঝুঁকি তৈরি করতে পারে।
তারা আরও যুক্তি তুলে ধরেন, যখন অপ্রশিক্ষিত বেসামরিক নাগরিকরা আরব অঞ্চলের ভোটকেন্দ্রে অস্ত্র বহন করে নিয়ে যায়, তখন ঝুঁকি অনেক বেড়ে যায়। তারা একে ‘একটি বর্ণবাদী উসকানিমূলক প্রচার অভিযান, যেখানে আরব নাগরিকদের হুমকি হিসেবে চিত্রিত করা হচ্ছে’ বলে বর্ণনা করেন।
আদালাহর ভাষ্য অনুযায়ী রাষ্ট্রপক্ষ যুক্তি দেখায়, পুলিশের পেশাদার মূল্যায়নে বিচারিক হস্তক্ষেপের কোনো যৌক্তিক কারণ নেই। পুলিশ কোনো সুনির্দিষ্ট হুমকি বা আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করার মতো পরিচালনগত প্রয়োজনীয়তা খুঁজে পায়নি।
রাষ্ট্রপক্ষ আরও জানায়, ভোটগ্রহণ প্রক্রিয়া ব্যাহত করা বা ভোটারদের হুমকি দেওয়ার মতো কোনো পরিকল্পনার তথ্য বা ইঙ্গিত পুলিশের কাছে নেই।
আদালত রাষ্ট্রপক্ষের এই অবস্থান গ্রহণ করেন এবং ভোটকেন্দ্রে আগ্নেয়াস্ত্রের ওপর নিষেধাজ্ঞা জারি না করার বিষয়ে পুলিশ ও সেন্ট্রাল ইলেকশনস কমিটির চেয়ারম্যানের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানান বলে আদালাহ উল্লেখ করেছে।
সংস্থাটির তথ্যমতে আদালত জোর দিয়ে বলেন, নিরাপত্তা ও জনশৃঙ্খলার বিষয়ে পুলিশের বিস্তৃত বিবেচনাধীন ক্ষমতা রয়েছে এবং কেবল ব্যতিক্রমী পরিস্থিতিতেই এতে আদালত হস্তক্ষেপ করতে পারে। বিচারিক পর্যবেক্ষণে আরও বলা হয়, পুলিশ তাদের নির্বাচনের প্রস্তুতিতে আবেদনকারীদের উদ্বেগের বিষয়টি বিবেচনায় রেখেছে।
তবে আদালাহর এই বিবৃতির বিষয়ে ইসরায়েলের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আদালতের আদেশের প্রতিক্রিয়ায় আদালাহ জানায়, রাষ্ট্রপক্ষ এবং সেন্ট্রাল ইলেকশনস কমিটি এই আবেদনের মূল যুক্তিটি পুরোপুরি উপেক্ষা করেছে। তাদের প্রধান বক্তব্য ছিল ভোটকেন্দ্রের ভেতরে সশস্ত্র ডানপন্থী কর্মীদের সংগঠিত দল আরব ভোটারদের মধ্যে ভীতির পরিবেশ তৈরি করতে পারে।
সংস্থাটি জানায়, দলীয় প্রতিনিধিদের অস্ত্র বহনের সুযোগ দেওয়ার বিষয়ে সেন্ট্রাল ইলেকশনস কমিটির চেয়ারম্যানের সিদ্ধান্তটি মূলত লিকুদ ও রিলিজিয়াস জায়োনিজম দলের নির্বাচনের দিনের পরিকল্পনা ঘোষণার আগে তৈরি করা একটি পুলিশি নিরাপত্তা মূল্যায়নের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছিল।
আদালাহ বলে, ‘আদালতের এই সিদ্ধান্ত নেতানিয়াহু ও স্মোটরিচের উসকানিতে অংশ নেওয়া ব্যক্তিদের আরব অঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে সশস্ত্র মিলিশিয়াদের মতো উপস্থিত হওয়ার সুযোগ করে দিল।’
নেতানিয়াহুর জোট এবং তার বিরোধীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে মঙ্গলবারে ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১২০ আসনের নেসেটে ক্ষমতার ভারসাম্য নির্ধারণ এবং পরবর্তী সরকার গঠনের সম্ভাবনায় আরব ভোটারদের উপস্থিতির হার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
জনমত জরিপগুলোর তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর জোট বা ইহুদি বিরোধী দলগুলোর কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারছে না। ফলে পরিস্থিতি একটি জাতীয় ঐকমত্যের সরকার, আরেকটি নির্বাচন কিংবা আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের দিকে যেতে পারে।
তবে এখন পর্যন্ত উভয় রাজনৈতিক জোটই সরকার গঠনে আরব দলগুলোর সঙ্গে জোট বাঁধার সম্ভাবনা নাকচ করে দিয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.