কানাডা ও ইইউর নতুন ‘ভবিষ্যৎ জোট’ গঠন
অর্থনৈতিক নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা ও প্রযুক্তিগত সম্পর্ক জোরদার করতে একটি নতুন কৌশলগত জোট গঠন করেছে কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার যৌথভাবে এই ঘোষণা দেয় দুই পক্ষ। গুরুত্বপূর্ণ খনিজ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল বাণিজ্য এবং জ্বালানি খাতকে অন্তর্ভুক্ত করে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত ২১তম কানাডা-ইইউ শীর্ষ সম্মেলনে এই ঘোষণা আসে। সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন অংশ নেন।
সম্মেলন শেষে দেওয়া এক যৌথ বিবৃতিতে নেতারা ‘কানাডা-ইইউ অ্যালায়েন্স ফর দ্য ফিউচার’ বা ভবিষ্যৎ জোট গঠনের ঘোষণা দেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দুই অংশীদারের মধ্যে অভিন্ন সমৃদ্ধি ও অর্থনৈতিক নিরাপত্তার ক্ষেত্র তৈরি করা।
বিবৃতিতে নেতারা বলেন, ‘আমাদের এই ভবিষ্যৎ জোট শিল্প খাতে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে পরিচালিত হবে। এখানে উভয় পক্ষ অর্থনৈতিক নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগগুলো চিহ্নিত করা ও তা মোকাবিলায় কৌশলগত সহযোগিতা আরও গভীর করতে একমত হয়েছে। একই সঙ্গে দুই অঞ্চলের বাজারজুড়ে আরও সুসংহত এবং স্থিতিশীল সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা হবে।’
নতুন এই জোটের অন্যতম প্রধান স্তম্ভ হলো গুরুত্বপূর্ণ কাঁচামাল প্রাপ্তি নিশ্চিত করা এবং আটলান্টিকের উভয় তীরের সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা। উত্তোলন, প্রক্রিয়াকরণ, পরিশোধন, উৎপাদন থেকে শুরু করে পুনর্ব্যবহার পর্যন্ত গুরুত্বপূর্ণ খনিজের সম্পূর্ণ ভ্যালু চেইনে বিনিয়োগ বাড়াতে সম্মত হয়েছে কানাডা এবং ইইউ।
বেসামরিক ও প্রতিরক্ষা শিল্পের প্রয়োজনীয় কৌশলগত সম্পদের সম্ভাব্য মজুত ব্যবস্থাপনাসহ সরবরাহ সুরক্ষা বাড়ানোর বিভিন্ন উপায় অনুসন্ধানেও একমত হয়েছেন নেতারা। কানাডার গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এবং কাঁচামালে ইউরোপীয় বিনিয়োগ সহজ করতে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক ও কানাডার মধ্যে একটি সমঝোতা সম্পন্ন হয়েছে। এর পাশাপাশি জলবায়ু অঙ্গীকারের সাথে সামঞ্জস্য রেখে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বিনিময়ের উন্নয়নসহ জ্বালানি সহযোগিতাও সম্প্রসারণ করা হবে।
একটি আধুনিক রূপরেখা তৈরি, আইনি নিশ্চয়তা বৃদ্ধি এবং আন্তঃসীমান্ত তথ্যপ্রবাহ সহজ করার লক্ষ্যে কানাডা ও ইইউ একটি ডিজিটাল বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা শেষ করার ঘোষণা দিয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্য বাধা দূর করা, নিয়ন্ত্রণ ও মানদণ্ড সংক্রান্ত সহযোগিতা জোরদার করা এবং কৌশলগত শিল্পগুলোর জন্য খাতভিত্তিক কর্মপরিকল্পনা তৈরিতে কাজ করবে উভয় পক্ষ।
উভয় অঞ্চলের প্রতিষ্ঠানগুলোকে একত্রিত করতে একটি যৌথ বিজনেস কাউন্সিল গঠনের পরিকল্পনাও রয়েছে তাদের। এছাড়া নির্ভরযোগ্য ক্লাউড অবকাঠামো, কম্পিউটিং সক্ষমতা, ডেটা, এআই মডেল, সফটওয়্যার ও অ্যাপ্লিকেশনসহ ডিজিটাল অবকাঠামো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে চায় দুই পক্ষ। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ইইউর শিক্ষা, প্রশিক্ষণ, যুব ও ক্রীড়া সংক্রান্ত প্রধান কর্মসূচি ‘ইরাসমাস প্লাস’-এ কানাডার অংশগ্রহণ বাড়াতে আলোচনা শুরু করা হবে।
কানাডা ও ইইউর ভবিষ্যৎ প্রাতিষ্ঠানিক সম্পর্কের বিষয়ে চলা বিতর্কের প্রেক্ষাপটে এই শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এর আগে স্ত্রাসবুর্গে ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে উরসুলা ভন ডার লিয়েন কানাডার জন্য ‘সহযোগী সদস্যপদ’ ধারণার প্রস্তাব করেছিলেন। পূর্ণ সদস্যপদ না দিয়েও কানাডার সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে তিনি এ প্রস্তাব দেন।
তবে সম্মেলনের আগে ইইউর কিছু সদস্য রাষ্ট্রের বিরোধিতার মুখে পড়ে প্রস্তাবটি। জার্মানি এই পরিভাষাটি বাদ দেওয়ার প্রচেষ্টায় নেতৃত্ব দেয়। ফলে চূড়ান্ত যৌথ বিবৃতিতে সহযোগী সদস্যপদের কোনো উল্লেখ রাখা হয়নি।
এর পরিবর্তে উচ্চপর্যায়ের ঘন ঘন রাজনৈতিক সম্পৃক্ততা, অভিন্ন অগ্রাধিকার বিষয়ে মতবিনিময় এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বয়ের মাধ্যমে কানাডা ও ইইউর মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নেতারা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.