শস্য করিডোর নিয়ে এরদোয়ান-জেলেনস্কি সমঝোতা
কৃষ্ণসাগর শস্য করিডোর কার্যকর ও বজায় রাখতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার তুরস্কের ইস্তাম্বুল শহরে এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জেলেনস্কি বলেন, ‘আজ আমি প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে কৃষ্ণসাগর শস্য করিডোর নিয়ে কাজ করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছি। আমাদের লক্ষ্য হলো এই করিডোর যেন বহাল থাকে এবং কার্যকরভাবে চালু থাকে তা নিশ্চিত করা।’ এর আগে ২০২২-২০২৩ সালে কৃষ্ণসাগরে প্রথম শস্য করিডোর প্রতিষ্ঠায় তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
তিনি জানান, কৃষ্ণসাগরে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে ইউক্রেনের প্রচেষ্টাকে তুরস্ক সবসময় সমর্থন করে আসছে। এছাড়া ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দেশটির দৃঢ় সমর্থনের কথাও তিনি তুলে ধরেন।
তুরস্ক ও ইউক্রেন প্রতিরক্ষা এবং প্রতিরক্ষা শিল্পে ঘনিষ্ঠ মিত্র উল্লেখ করে জেলেনস্কি বলেন, দুই দেশের এই সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তিনি বলেন, ‘আমরা নতুন যৌথ শিল্প উদ্যোগ এবং অন্যান্য অর্থনৈতিক প্রকল্প নিয়ে কাজ করছি। আমাদের দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হয়েছে, যা ইউক্রেনীয় ও তুর্কি ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে।’
ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও যোগ করেন, কৃষ্ণসাগরে অবাধ নৌ চলাচলের অগ্রগতি এই চুক্তির পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে সাহায্য করবে। একই সঙ্গে জ্বালানি ও অবকাঠামো প্রকল্প উভয় দেশের জন্যই উল্লেখযোগ্য সুযোগ তৈরি করছে। তিনি বলেন, ‘বিশেষ করে এমন একটি সময়ে যখন রুশ বাহিনী আমাদের শহর ও গ্রামগুলোর জ্বালানি অবকাঠামোতে তাদের আক্রমণ তীব্র করেছে, তখন অংশীদারদের সাথে আমাদের গৃহীত প্রতিটি জ্বালানি প্রকল্প অত্যন্ত গুরুত্ব বহন করে।’
সফরকালে তুর্কি জ্বালানি সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে জেলেনস্কি জানান, আগামী সপ্তাহে জেনারেটর ও অন্যান্য জ্বালানি সরঞ্জামের সরবরাহ বাড়বে বলে তিনি আশা করছেন। কঠিন পরিস্থিতির মধ্যেও নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার হওয়ায় তিনি তুরস্ককে ধন্যবাদ জানান এবং শীর্ষ পর্যায়ের চুক্তিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
ইউক্রেন আগামী নভেম্বরের প্রথমার্ধে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান জেলেনস্কি। তিনি বলেন, ‘আমরা প্রেসিডেন্টের সাথে এই আলোচনার কাঠামো ও অন্যান্য সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে এই প্রক্রিয়ায় তুরস্ক ও ইউরোপের বাকি অংশকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা এবং তুরস্কে বৈঠক আয়োজনের সুযোগ নিয়ে কথা হয়েছে।’
শান্তি অর্জনের জন্য দৃঢ় সিদ্ধান্তের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে জেলেনস্কি বলেন, শান্তির কোনো বিকল্প নেই এবং ইউক্রেনের প্রতি সমর্থন দুর্বল হবে না—এই বার্তাটি প্রতিটি পর্যায়ে রাশিয়ার কাছে স্পষ্টভাবে পৌঁছে দিতে হবে। রাশিয়াকে উত্তেজনা কমাতে বাধ্য করা সম্ভব হলে সংকট প্রশমন সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনের পর বৈঠকটিকে ‘গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ’ হিসেবে অভিহিত করেন জেলেনস্কি। তিনি জানান, আন্তর্জাতিক কৃষ্ণসাগর দিবসে অনুষ্ঠিত এই বৈঠকে মূলত আঞ্চলিক ইস্যু, খাদ্য নিরাপত্তা, যৌথ শিল্প ও অর্থনৈতিক প্রকল্প এবং জ্বালানি ও অবকাঠামোগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘স্পষ্ট ও অর্থবহ সহযোগিতার জন্য এবং আমাদের বাস্তব শান্তি ও নিরাপত্তার কাছাকাছি নিয়ে যেতে পারে এমন সব ইতিবাচক ধারণাকে সমর্থন করতে প্রস্তুত থাকায় আমি প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতি কৃতজ্ঞ।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.