আপনি পড়ছেন

উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাসের হার স্মরণকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় দেশের উচ্চশিক্ষা স্তরে সাড়ে আট লাখেরও বেশি আসন ফাঁকা থাকার উপক্রম হয়েছে। এই পরিস্থিতির সবচেয়ে বড় নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ এবং প্রান্তিক পর্যায়ের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অস্তিত্বের ওপর। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—উভয় স্তরেই শিক্ষার্থী সংকটের কারণে বিপুল অবকাঠামো অব্যবহৃত থেকে যাওয়ার প্রেক্ষাপট তৈরি হলো।

উচ্চশিক্ষায় রেকর্ড আট লাখ আসন শূন্যের শঙ্কা
এইচএসসি শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রাথমিক তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে উচ্চশিক্ষায় মোট আসন রয়েছে প্রায় ১৪ লাখ ৯২ হাজার। অন্যদিকে সদ্য সমাপ্ত এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫। উত্তীর্ণ সব শিক্ষার্থী উচ্চশিক্ষায় ভর্তি হলেও শেষ পর্যন্ত ৮ লাখ ৪৫ হাজারের বেশি আসন শূন্য থাকবে। এর আগে মাধ্যমিকের ফল প্রকাশের পর একাদশ শ্রেণিতে প্রায় ১৬ লাখ আসন ফাঁকা থাকার তথ্য পাওয়া যায়। ফলে টানা দুই শিক্ষাস্তরেই বড় ধরনের আসন ঘাটতি তৈরি হলো।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২ হাজার ২৫৭টি কলেজের ওপর এই ধাক্কা আসবে সবচেয়ে বেশি। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৮১টি কলেজে স্নাতক (সম্মান) কোর্সে সাড়ে চার লাখের বেশি এবং স্নাতক (পাস) কোর্সে প্রায় সাড়ে চার লাখ আসন রয়েছে। এছাড়া প্রফেশনাল কোর্সে রয়েছে আরও প্রায় ১০ হাজার আসন। শিক্ষার্থী আকর্ষণে পিছিয়ে থাকা মফস্বল ও প্রত্যন্ত অঞ্চলের কলেজগুলোতে সম্মান ও পাস কোর্সের অধিকাংশ আসনই এবার অবিক্রীত থাকার আশঙ্কা দেখা দিয়েছে।

অন্যদিকে দেশে অনুমোদিত ১১৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট আসন চার লাখের বেশি। প্রথম সারির কয়েকটি প্রতিষ্ঠান শিক্ষার্থী সংকটে না পড়লেও জেলা ও বিভাগীয় শহরের বাইরের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত শিক্ষার্থী পাওয়া কঠিন হবে। তবে ৬১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত প্রতিষ্ঠান বাদে প্রায় ৬৩ হাজার আসন থাকায় সেখানে শিক্ষার্থী ভর্তিতে কোনো প্রভাব পড়বে না। সচিবালয়ে আয়োজিত ফল প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জনের মধ্যে পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

সংকট কিছুটা সামাল দিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থীকে বিশেষ সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ডগুলো। আগামী ডিসেম্বরের মধ্যে শুধু অকৃতকার্য বিষয়ে পুনরায় পরীক্ষা নিয়ে চলতি শিক্ষাবর্ষেই তাদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদ্যমান নিয়মে পরবর্তী বছর পর্যন্ত অপেক্ষা করার বাধ্যবাধকতা থাকলেও এবার তা শিথিল করা হচ্ছে। তবে এই পরীক্ষার্থীদের সবাই উত্তীর্ণ না-ও হতে পারেন, ফলে শূন্য আসনের বিশাল ব্যবধান খুব বেশি কমবে না।

পরিকল্পনাহীন আসন বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠান অনুমোদনের ফলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন শিক্ষাবিদেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস এম হাফিজুর রহমান জানান, শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান—উভয়ের টেকসই অস্তিত্ব নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা দরকার। যেখানে চাহিদা নেই বা মান বজায় রাখা সম্ভব হচ্ছে না, সেসব প্রতিষ্ঠান কৃত্রিমভাবে টিকিয়ে রাখার যৌক্তিকতা পর্যালোচনা করে দেশের সামগ্রিক উচ্চশিক্ষা ব্যবস্থার একটি তথ্যভিত্তিক ‘ম্যাপিং’ প্রণয়ন জরুরি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.