আপনি পড়ছেন

ইউরোপের দেশ বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ইলিয়ানা ইয়োতোভা। রবিবার অনুষ্ঠিত দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপের (রানঅফ) ভোটে সাবেক তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আন্দ্রে গুরভকে বড় ব্যবধানে পরাজিত করেন তিনি। এর মধ্য দিয়ে ইউরোপীয় পার্লামেন্টের সাবেক এই সদস্য নিজ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে সরাসরি জনগণের ম্যান্ডেট লাভ করলেন।

বুলগেরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে এই ইলিয়ানা ইয়োতোভা?
বুলগেরিয়ার নবনির্বাচিত প্রথম নারী প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা

ভোটকেন্দ্রগুলোর শতভাগ তথ্যের ওপর ভিত্তি করে প্রস্তুত করা ‘ট্রেন্ড’ সমান্তরাল গণনা অনুযায়ী, ইয়োতোভা ও তার ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কিরিল ভালচেভ ৫৮ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছেন। বিপরীতে আন্দ্রে গুরভ ও জর্জি কান্দেভ জুটি পেয়েছেন ৩৮ দশমিক ৯ শতাংশ ভোট। এই বিজয়ের মাধ্যমে প্রায় এক দশক ধরে বুলগেরিয়ার প্রেসিডেন্সিয়াল প্রশাসনে থাকা ইয়োতোভা এবার পূর্ণ মেয়াদে দেশ পরিচালনার একক কর্তৃত্ব অর্জন করলেন।

এর আগে ২৫ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের প্রথম পর্বে ইয়োতোভা ও ভালচেভ জুটির পক্ষে ৩৪ দশমিক ৭৬ শতাংশ ভোট পড়ে। সে সময় তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী গুরভ ও কান্দেভ পান ৩১ দশমিক ৯৫ শতাংশ ভোট। ভোটারদের উপস্থিতি কম হওয়ায় কোনো পক্ষই সরাসরি নির্বাচিত হওয়ার মতো প্রয়োজনীয় ভোট পাননি। ফলে শীর্ষ দুই প্রার্থীকে নিয়ে ১ নভেম্বর দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হয়। ২০২১ সালের এপ্রিল থেকে বুলগেরিয়ায় আটটি সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে চলা তীব্র রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচনটি সম্পন্ন হলো।

নির্বাচনী প্রচারণায় অন্যতম প্রধান বিভাজনরেখা ছিল পররাষ্ট্রনীতি, বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ইয়োতোভা শুরু থেকেই ইউক্রেনকে বুলগেরিয়ার পক্ষ থেকে অতিরিক্ত সামরিক সহায়তা দেওয়ার কঠোর বিরোধিতা করে আসছেন। তার মতে, চলমান এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। সংকট সমাধানে কূটনীতির ওপর জোর দিয়ে একটি ‘শান্তির জোট’ গঠনের আহ্বান জানান তিনি। বিপরীতে তার প্রতিদ্বন্দ্বী গুরভ ইউক্রেনের প্রতি সমর্থন কমানোর সমালোচনা করেন এবং ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অংশীদারদের সঙ্গে আরও নিবিড় সমন্বয় রক্ষার পক্ষে অবস্থান নেন।

একটি ‘শক্তিশালী ইউরোপের’ অংশ হিসেবে থাকার পাশাপাশি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বুলগেরিয়ার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন ইয়োতোভা। রানঅফ নির্বাচনে ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘আমি শান্তির প্রেসিডেন্টের জন্য ভোট দিয়েছি।’ বুলগেরিয়া যেন বাইরের প্রভাবমুক্ত হয়ে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে এবং প্রাতিষ্ঠানিক আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তুলতে পারে, সেই প্রত্যাশার কথাও জানান তিনি।

চলতি বছরের শুরুর দিকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভেটো দেন ইয়োতোভা। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোতে অবস্থানরত বুলগেরিয়ার নাগরিকদের ভোটকেন্দ্রের সংখ্যা সীমিত করার একটি প্রস্তাবিত আইনের বিরুদ্ধে তিনি ভেটো ক্ষমতা প্রয়োগ করেছিলেন। তার যুক্তি ছিল, এ ধরনের পদক্ষেপ প্রবাসী নাগরিকদের ভোটাধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ করতে পারে।

ইয়োতোভার রাজনৈতিক উত্থান মূলত ইউরোপীয় পার্লামেন্ট থেকে শুরু হয়। পরে তিনি সাবেক প্রেসিডেন্ট রুমেন রাদেভের রানিং মেট হিসেবে যুক্ত হন এবং রাদেভের দুটি মেয়াদেই ভাইস প্রেসিডেন্ট হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের নির্বাচনে তারা দ্বিতীয় পর্বে ৬৩ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছিলেন। তবে দলীয় রাজনীতিতে সক্রিয় হতে রাদেভ চলতি বছরের জানুয়ারিতে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। দেশটির সাংবিধানিক নিয়ম অনুযায়ী ইয়োতোভা তখন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে রাদেভ ‘প্রগ্রেসিভ বুলগেরিয়া’ নামের রাজনৈতিক দল গঠন করেন এবং এপ্রিলের সংসদীয় নির্বাচনে ২৪০টি আসনের মধ্যে ১৩১টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সেই দলটিই এই নির্বাচনে ইয়োতোভাকে পূর্ণ সমর্থন জানায়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.