ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা
ইউরোপজুড়ে বিভিন্ন দেশের খাদ্য বিক্রয় ও প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। হ্যাকাররা বিভিন্ন সুপারমার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানের হিমায়ন ব্যবস্থার (রেফ্রিজারেশন) তাপমাত্রা দূর থেকে বাড়িয়ে দিয়ে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট করে দিচ্ছে। সোমবার আটটি দেশে বিভ্রাটের পর মঙ্গলবার জার্মানি, গ্রিস ও ইতালি নতুন করে এই হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে।

হামলাকারীরা রেফ্রিজারেটর বা কোল্ড স্টোরেজের তাপমাত্রা নিয়ন্ত্রণের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে শীতলীকরণ প্রক্রিয়া বন্ধ করে দেয় এবং উল্টো ‘হিটিং’ বা ‘ডিফ্রোস্ট’ মোড চালু করে। এতে সংরক্ষিত তাজা খাদ্য দ্রুত নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কৃষি ও খাদ্য বিষয়ক কমিশনার ক্রিস্টোফ হানসেন এই হামলাকে ইউরোপের খাদ্য নিরাপত্তাকে বিঘ্নিত করার একটি পরিকল্পিত অপচেষ্টা বলে উল্লেখ করেছেন। তবে বর্তমান খাদ্য নিরাপত্তা সরাসরি ঝুঁকিতে নেই জানিয়ে তিনি সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা জোরদারে সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান।
মঙ্গলবার জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া ও বাভারিয়া অঞ্চলের সুপারমার্কেটগুলোতে একই কৌশলে হামলা চালানো হয়। হ্যাকাররা হিমায়ন ব্যবস্থার কুলিং মোড বদলে হিটিং চালু করায় বহু দোকানের খাবার ফেলে দিতে হয়েছে। দেশটির সিএপি সুপারমার্কেট পরিচালনাকারী সংস্থা ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা জানান, দূর থেকে সিস্টেম রক্ষণাবেক্ষণকারী সংস্থাকে লক্ষ্য করে এই সাইবার অনুপ্রবেশ ঘটানো হয়। বাভারিয়ার একটি দোকানে তথ্য চুরি ও জালিয়াতির অভিযোগে পুলিশ তদন্ত শুরু করেছে।
গ্রিসের রাজধানী এথেন্সের কিফিসিয়া এলাকার একটি মাংসের দোকানে হ্যাকাররা রেফ্রিজারেশন সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়ে তাপমাত্রা বাড়িয়ে ১৫০ ডিগ্রি সেলসিয়াসে তুলে দেয়। দোকানের মালিক জিওর্গোস বোম্পাস বলেন, ‘তারা ফ্রিজের তাপমাত্রা ১৫০ ডিগ্রি সেলসিয়াস করে দিয়েছিল, সিস্টেমে ঢুকতে না পারায় আমরা সরাসরি কোনো নিয়ন্ত্রণ করতে পারছিলাম না।’ প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর এক টেকনিশিয়ান নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেন। আশপাশের আরও দুটি প্রতিষ্ঠানে একই ঘটনা ঘটায় দোকানটির ওয়াই-ফাই সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে।
ইতালিতে সুপারমার্কেটের হিমায়ন যন্ত্রে বিভ্রাটের কারণে খাবার নষ্ট হওয়ার পর তদন্তে নেমেছে দেশটির পোস্টাল পুলিশ। দেশটির জনপ্রিয় সুপারমার্কেট চেইন ‘কোনাদ’ জানায়, ভেনেতো ও সিসিলির পাঁচটি দোকানে হামলার চেষ্টা হয়েছিল, তবে প্রযুক্তি দল দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ক্ষতি এড়ানো গেছে। দেশটির গোয়েন্দা ও সাইবার নিরাপত্তা সংস্থা জানায়, পুরোনো ও দুর্বল নিরাপত্তা বিশিষ্ট সরঞ্জাম ব্যবহারের কারণে কিছু দোকান আক্রান্ত হয়েছে।
এর আগে সোমবার সুইডেন, বেলজিয়াম, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, ডেনমার্ক, এস্তোনিয়া ও লুক্সেমবার্গে একই ধরনের হামলার খবর পাওয়া যায়। ফিনল্যান্ডের খুচরা বিক্রেতারাও অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির ঘটনায় সাইবার হামলার সংযোগ তদন্ত করছে। যুক্তরাজ্যের মাংস প্রক্রিয়াকরণ শিল্পেও একই ধরনের সাইবার হামলা হয়েছিল বলে নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
সুইডেনের আইসিএ ও কোপ স্টোরসহ বেশ কয়েকটি সুপারমার্কেট এতে আক্রান্ত হয়। ওল্যান্ডে একটি আইসিএ স্টোরের ফ্রিজারের তাপমাত্রা ৫৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ায় বরফ গলে মেঝে ভেসে যায়। বেলজিয়ামে ডেলহাইজে, ক্যারেফোর ও স্পার সুপারমার্কেট ক্ষতিগ্রস্ত হওয়ায় আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে প্রসিকিউটররা। সেখানে ক্যারেফোরের ১৫টি দোকান এবং আইকিয়ার একটি বিক্রয়কেন্দ্র লক্ষ্যবস্তু হয়। এক দোকানি জানান, এতে তার অন্তত ৬০ হাজার ইউরো সমমূল্যের খাবার নষ্ট হয়েছে।
নেদারল্যান্ডসের প্রযুক্তি প্রতিষ্ঠান ড্যানফস জানায়, অন্তত ১৭টি ডাচ প্রতিষ্ঠান এই হামলার শিকার হয়েছে। এসব প্রতিষ্ঠানের অনেকগুলোতেই ডিফল্ট পাসওয়ার্ড ব্যবহৃত হচ্ছিল এবং সেগুলো অনিরাপদ নেটওয়ার্কে সচল ছিল। এ ছাড়া এস্তোনিয়ার সেলভার সুপারমার্কেটে এবং আয়ারল্যান্ডের সুপারভ্যালু স্টোরের ১৩টি শাখায় এ ধরনের বিভ্রাট দেখা দেয়। ডেনমার্কের একটি খাদ্য উৎপাদনকারী সংস্থায় হামলার চেষ্টা চালানো হলেও তাদের সরবরাহকারী প্রতিষ্ঠান তা ব্যর্থ করে দেয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.