আপনি পড়ছেন

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে একটি ত্রাণ বিতরণকেন্দ্রে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো ৩০ জনের বেশি মানুষ আটকা পড়ে থাকতে পারেন। তাঁদের মধ্যে অনেকে নিহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আল জাজিরার

ইউক্রেনে হামলায় প্রাণহানি বেড়ে ৪০, ধ্বংসস্তূপে অনেকে
ছবি -সংগৃহীত

গতকাল বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার তথ্য জানান। তিনি বলেন, কয়েকজনের মরদেহ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রতিবেশী দেশ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর এটি অন্যতম প্রাণঘাতী হামলা। সোমবার এ হামলা চালানো হয়। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মস্কোর সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা করতে যাচ্ছে কিয়েভ। এর আগে এ হামলার ঘটনা ঘটল।

স্থানীয় কর্মকর্তারা এর আগে হামলায় ৩৭ জন নিহত হওয়ার কথা জানিয়েছিলেন। তাঁদের ধারণা, হামলার পর ধ্বংসস্তূপের নিচে প্রায় ৩৮ জন আটকা পড়ে থাকতে পারেন।

রাশিয়া ইউক্রেনের সম্মুখসারির কাছাকাছি কোমিশুভাখা গ্রামের একটি বিদ্যালয় ভবনে কয়েকটি বোমা ফেলে। ভবনটি ত্রাণ বিতরণকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ইউক্রেনের দাবি, প্রথম দফার হামলার পর একটি ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে লোকজন আশ্রয় নিলে সেখানে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। নিহত ব্যক্তিদের মধ্যে চার পুলিশ কর্মকর্তা ও উদ্ধারকর্মী দলের দুজন সদস্য রয়েছেন।

জেলেনস্কি এ হামলাকে ‘জঘন্য সন্ত্রাসী হামলা’ বলে নিন্দা জানিয়েছেন। তাঁর মতে, এ ঘটনা প্রমাণ করে রাশিয়া সংঘাত প্রশমনে আগ্রহী নয়। তিনি বলেন, গত সপ্তাহে সম্মুখসারির ওলেশকি গ্রামে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা কার্যক্রমের মধ্য দিয়ে যে সুযোগ তৈরি হয়েছিল, এই হামলার মাধ্যমে তা নষ্ট করা হয়েছে।

হামলায় নিহত চার পুলিশ কর্মকর্তার একজনের শরীরে থাকা ক্যামেরায় ধারণ করা ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের পুলিশ। ভিডিওতে দেখা যায়, লোকজনকে দ্রুত ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় ওই পুলিশ কর্মকর্তা বেতারযন্ত্রে নির্দেশনা পান, শত্রুপক্ষের গাইডেড বোমা আঘাত হানতে যাচ্ছে। এরপর আশ্রয়কেন্দ্রের ভেতরে থাকা লোকজনকে দেখা যায়। একপর্যায়ে ভিডিওটি কালো হয়ে যায় এবং শব্দ বন্ধ হয়ে যায়।

জাতিসংঘের ইউক্রেনবিষয়ক মানবাধিকার পর্যবেক্ষণ মিশন মঙ্গলবার জানিয়েছে, এ বোমা হামলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়ে থাকতে পারে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কোমিশুভাখা এলাকায় রুশ ড্রোনের উপস্থিতির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। তবে আঞ্চলিক সামরিক প্রশাসনের ভারপ্রাপ্ত প্রধান মিখাইলো সেমিকিন বলেছেন, উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।

এদিকে যুদ্ধ বন্ধে আগামী সপ্তাহে নতুন দফার আলোচনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, আগামী ১০ ও ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদল বৈঠকে বসবে। যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা, সংঘাত প্রশমন, মানবিক পদক্ষেপ এবং যুদ্ধের অবসান নিয়ে ওই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।

গত ২১ অক্টোবর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে উইটকফের সঙ্গে বৈঠকের পর আলোচনায় বসতে সম্মত হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এর আগে এ ধরনের বৈঠকগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দেওয়া, সামরিক শক্তি কমানো এবং ন্যাটোতে যোগ না দেওয়ার নিশ্চয়তা দেওয়াসহ কঠোর শর্তে অনড় রয়েছে মস্কো। অন্যদিকে ট্রাম্প প্রশাসনকে রাশিয়ার অবস্থানের প্রতি সমর্থন জানাতে দেখা গেছে। এতে কিয়েভ ও ইউরোপের বিভিন্ন দেশে উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগে নিজের দেশের দুর্দশার চিত্র তুলে ধরে মার্কিন প্রেসিডেন্টকে প্রভাবিত করার চেষ্টা করেছেন জেলেনস্কি। জাপোরিঝঝিয়ায় হামলার পরও একইভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, এই ভয়াবহ হামলার ঘটনায় বিশ্ব থেকে খুব সামান্যই প্রতিক্রিয়া এসেছে। কিন্তু ইউক্রেন ও ইউক্রেনীয়দের বিরুদ্ধে রাশিয়ার সংঘটিত হাজার হাজার যুদ্ধাপরাধের মতো এই হামলারও কঠোর জবাব দেওয়া প্রয়োজন। অশুভ শক্তিকে জবাবদিহির আওতায় না আনলে তা আরও এগিয়ে যাওয়ার সাহস পায়।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.