মিয়ানমারে পাচার হচ্ছে চরফ্যাশনের সরকারি সার
ভোলার চরফ্যাশনে প্রান্তিক চাষিদের চাহিদামতো সার না পাওয়ার সুযোগে সরকারি ভর্তুকি দেওয়া সার নদী ও সমুদ্রপথে মিয়ানমারে পাচার করছে চোরাকারবারি চক্র। স্থানীয় বাজারে চড়া মূল্য দিয়েও কৃষকরা সার পাচ্ছেন না, যার ফলে উপকূলীয় অঞ্চলের কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে।

সর্বশেষ অভিযানে দক্ষিণ আইচা থানার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৪৯২ বস্তা ইউরিয়া সারসহ আটজনকে আটক করেছে কোস্টগার্ডের চরমনিকা দক্ষিণ জোন। গত বৃহস্পতিবার রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিজ্ঞপ্তিতে জানান, বুধবার রাতে ওই সারের চালান জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন—নোয়াখালীর আজগর হোসেন ও সেলিম মিয়া, লক্ষ্মীপুরের কবির হোসেন, ভোলার আব্দুল মমিন, চরফ্যাশনের মো. শামীম ও মো. ইউসুফ, দুলারহাট থানার মো. সিরাজ এবং দৌলতখানের মো. রায়হান।
অনুসন্ধানে জানা যায়, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চরাঞ্চলগুলোতে প্রয়োজনের অতিরিক্ত সার বরাদ্দের সুযোগ নিয়ে এই পাচার কার্যক্রম চলছে। চরফ্যাশন পৌরসভাসহ ২২টি ইউনিয়নের জন্য ২২ জন নিবন্ধিত ডিলারের প্রত্যেকের নামে প্রতি মাসে ২২ টন করে ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি সার বরাদ্দ দেয় সরকার। কৃষি কার্যালয় থেকে পাওয়া ডিও লেটার অনুযায়ী এই সার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রির কথা। তবে বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়নগুলোতে আবাদি জমি ও কৃষকের সংখ্যা তুলনামূলক কম হওয়া সত্ত্বেও সমপরিমাণ সার পাওয়ায় ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করেন। মাস শেষে উদ্বৃত্ত সার স্থানীয় বাজারে না দিয়ে অধিক লাভের আশায় রাতের আঁধারে ট্রলারে করে মিয়ানমারে পাঠিয়ে দেওয়া হয়।
কৃষকদের অভিযোগ, ডিলাররা সার দেশের বাইরে পাচার না করে স্থানীয় বাজারে সরবরাহ করলে চড়া দামে হলেও জমিতে ব্যবহারের সুযোগ থাকত। কিন্তু সার সরাসরি পাচার হয়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে। স্থানীয় সচেতন মহল ও কৃষকরা বিচ্ছিন্ন চরাঞ্চলে সারের চাহিদা নতুন করে নির্ধারণ এবং নৌপথে কোস্টগার্ড ও পুলিশের পাহারা বাড়ানোর দাবি জানিয়েছেন।
তবে পাচারের অভিযোগ অস্বীকার করেছেন চর কুকরিমুকরি ইউনিয়নের মেসার্স জাকির ট্রেডার্সের ডিলার মো. জাকির হোসেন। তিনি জানান, নিয়ম মেনে কৃষকদের কাছে সার বিক্রি করছেন এবং কোনো ধরনের অবৈধ বিক্রির সঙ্গে তার সম্পৃক্ততা নেই।
এর আগে গত ১২ আগস্ট আসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেতুয়া নতুন ফিশারি ঘাট থেকে ২৯৩ বস্তা সার, একটি ট্রাক ও ফিশিং বোট জব্দ করে পুলিশ। সে সময় নোয়াখালীর সিরাজ (৬০), সোহেল (৩২) ও শাহরাজ (৪৩) এবং চরফ্যাশনের পারভেজকে (৪০) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। বেতুয়া এলাকার এক নৌকার মাঝি জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে এই নৌপথ ব্যবহার করে সার পাচার করছে এবং মিয়ানমার থেকে ফেরার সময় ট্রলারে মাদক নিয়ে আসছে।
এছাড়া গত ২৩ আগস্ট চর কচ্ছপিয়া ঘাটে ট্রলারসহ ১৭৫ বস্তা সার আটক করেছিল কোস্টগার্ড। এর মধ্যে ১০০ বস্তা ইউরিয়া, ৪০ বস্তা ডিএপি, ১৫ বস্তা টিএসপি ও ২০ বস্তা এমওপি সার ছিল। পরে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা লোকমান হোসেনের উপস্থিতিতে অঙ্গীকারনামা নিয়ে সার ও ট্রলার ছেড়ে দেওয়া হয়। ওই সময় তিনি জানিয়েছিলেন, মেসার্স জিসান ট্রেডার্সের মালিক জাহিদ হাসানের কাছ থেকে খুচরা ডিলার মালেক গাজী চর কুকরিমুকরির কৃষকদের জন্য সার নেওয়ার সময় ভুল তথ্যের ভিত্তিতে তা আটক করা হয়েছিল।
সার্বিক বিষয়ে চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা জানান, সার পাচারে জড়িত ট্রলার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাচার করা সারের মূল উৎস শনাক্তে পুলিশ কাজ করছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.