আপনি পড়ছেন

ওজন কমানো ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে বহুল ব্যবহৃত জিএলপি-১ শ্রেণির ওষুধের ক্ষেত্রে নতুন সতর্কবার্তা যুক্ত করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব ওষুধ ব্যবহারের ফলে চোখে বিরল অথচ মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। এর কারণে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি তৈরি হচ্ছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

জিএলপি-১ ওষুধে দৃষ্টিহানির ঝুঁকি: যুক্তরাষ্ট্রের সতর্কতা
জিএলপি-১ শ্রেণির ডায়াবেটিস ও ওজন কমানোর ওষুধ

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) সোমবার এই নির্দেশনা জারি করে। অনুমোদিত সব ধরনের গ্লুকাগন-লাইক পেপটাইড-১ (জিএলপি-১) রিসেপ্টর অ্যাগোনিস্ট ওষুধের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। এর মধ্যে নোভো নরডিস্কের ওজেম্পিক ও ওয়েগভি এবং এলি লিলির মনজারো ও জেপবাউন্ডের মতো জনপ্রিয় ওষুধগুলো রয়েছে।

ওষুধের মোড়কে থাকা ‘সতর্কতা ও সাবধানতা’ অংশে নন-আর্টারাইটিক এন্টেরিয়র ইস্কেমিক অপটিক নিউরোপ্যাথি (এনএআইওএন বা নায়ন) সংক্রান্ত তথ্য যুক্ত করতে হবে বলে ওষুধ সুরক্ষা সংক্রান্ত এক বার্তায় জানিয়েছে এফডিএ। দৃষ্টিসংক্রান্ত অপটিক স্নায়ুর সামনের অংশে রক্ত প্রবাহ কমে গেলে এই জটিলতা তৈরি হয়। এতে সাধারণত কোনো ব্যথা ছাড়াই হঠাৎ এক চোখের দৃষ্টিশক্তি কমে যায় এবং একপর্যায়ে রোগী স্থায়ীভাবে অন্ধ হয়ে যেতে পারেন।

ঘুম থেকে ওঠার পর এই রোগের লক্ষণগুলো প্রথম স্পষ্টভাবে চোখে পড়তে পারে। লক্ষণগুলোর মধ্যে রয়েছে ঝাপসা দৃষ্টি, দৃষ্টিসীমায় অন্ধ বিন্দু বা দাগ তৈরি হওয়া, টানেল ভিশন, রঙের বিকৃতি এবং কেন্দ্রীয় দৃষ্টির তীক্ষ্ণতা কমে যাওয়া। দৃষ্টিশক্তিতে আকস্মিক বা অস্বাভাবিক কোনো পরিবর্তন দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে এফডিএ। তবে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া রোগীদের ওষুধ গ্রহণ বন্ধ না করার আহ্বান জানানো হয়েছে।

যাদের আগে থেকেই নায়ন জটিলতার ইতিহাস রয়েছে, তারা চিকিৎসা চালিয়ে নেওয়ার সুবিধা ও ঝুঁকির বিষয়টি নিয়ে চিকিৎসকের সঙ্গে আলোচনা করবেন বলে জানায় সংস্থাটি। বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়াল, বাজারজাত পরবর্তী তথ্য, পর্যবেক্ষণমূলক গবেষণা এবং বাস্তব স্বাস্থ্য উপাত্ত বিশ্লেষণ করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে এফডিএ।

মোট ১ লাখ ৩৪ হাজার ২৫৩ জন রোগীর ওপর পরিচালিত ১২৬টি ট্রায়াল বিশ্লেষণে জিএলপি-১ গ্রহণকারীদের মধ্যে নায়নের ১০টি সম্ভাব্য ঘটনা পাওয়া গেছে। বিপরীতে প্লেসিবো গ্রহণকারীদের মধ্যে এমন ঘটনা ছিল ৫টি এবং রক্তে গ্লুকোজ কমানোর অন্যান্য ওষুধ গ্রহণকারীদের মধ্যে এমন কোনো ঘটনা দেখা যায়নি। তথ্যানুযায়ী, প্রতি এক লাখ ব্যক্তিবর্ষে জিএলপি-১ ব্যবহারকারীদের মধ্যে আক্রান্তের হার ৬ দশমিক ৪ এবং তুলনা করা অন্য দলগুলোতে এই হার ৩ দশমিক ৮।

এফডিএর পৃথক এক গবেষণায় দেখা যায়, ডায়াবেটিসের আরেক ওষুধ এসজিএলটি-২ ইনহিবিটরের সঙ্গে তুলনায় জিএলপি-১ ব্যবহারে ঝুঁকির পরিসংখ্যানে তেমন বড় পার্থক্য নেই। তবে ডিপিপি-৪ ইনহিবিটরের তুলনায় জিএলপি-১ ব্যবহারে ঝুঁকি বেশি পাওয়া গেছে। মার্কিন বাজারে থাকা সব ধরনের জিএলপি-১ ওষুধের ক্ষেত্রেই এমন অভিযোগ এলেও প্রাণীর ওপর চালানো গবেষণায় এর সুনির্দিষ্ট কোনো জৈবিক কারণ শনাক্ত করা যায়নি।

ধূমপান, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্লিপ অ্যাপনিয়া, রক্তস্বল্পতা এবং কিডনি রোগকে নায়ন সমস্যার বিদ্যমান ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া এক চোখে এই সমস্যা দেখা দিলে অন্য চোখেও তা ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। মূলত জিএলপি-১ ওষুধগুলো রক্তে শর্করা, ক্ষুধা এবং হজম প্রক্রিয়া নিয়ন্ত্রণকারী হরমোনের মতো কাজ করে। বর্তমানে টাইপ-২ ডায়াবেটিস ও স্থূলতার চিকিৎসায় বিশ্বজুড়ে এসব ওষুধের ব্যবহার ব্যাপক হারে বেড়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.