আপনি পড়ছেন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মঙ্গলবার যুক্তরাষ্ট্র-মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন দফার ত্রিপক্ষীয় শান্তি আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের একটি কূটনৈতিক পথ খোঁজার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বৈঠকের পর এটিই দেশগুলোর মধ্যে প্রথম আনুষ্ঠানিক সরাসরি আলোচনা।

আবুধাবিতে মুখোমুখি রাশিয়া ও ইউক্রেন, মধ্যস্থতায় ওয়াশিংটন
ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার জাতীয় পতাকা

রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় সকাল ৮টায় এ আলোচনা শুরু হয়। বৈঠকে মস্কোর প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন রুশ প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি। প্রতিনিধিদলে আরও রয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ও মিখাইল গালুজিন। অন্যদিকে ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান রুস্তম উমেরভ। ইউক্রেনীয় পক্ষে আরও অংশ নিয়েছেন প্রেসিডেন্টের উপদেষ্টা কিরিলো বুদানোভ ও সের্গেই কিসলিৎসিয়া এবং পার্লামেন্টারি নেতা ডেভিড আরাখামিয়া।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ওয়াশিংটনের পক্ষে এ আলোচনায় অংশ নিচ্ছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। ত্রিপক্ষীয় বৈঠকের আগে ইউক্রেনীয় প্রতিনিধিদল যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, ন্যাটো এবং ইউরোপীয় কমিশনের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেছে। উমেরভ জানান, পরবর্তী ধাপের আলোচনার আগে অবস্থান পরিষ্কার ও পদক্ষেপগুলো সমন্বয়ের জন্য তারা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে এ প্রস্তুতিমূলক আলোচনা করেছেন।

দুই দিনব্যাপী এই আলোচনার মূল বিষয়ের মধ্যে রয়েছে যুদ্ধোত্তর নিরাপত্তা নিশ্চয়তা, উত্তেজনা প্রশমন, সম্ভাব্য যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার বিষয়গুলো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, ‘আবুধাবির বৈঠকে আমাদের দল উত্তেজনা প্রশমনে সুনির্দিষ্ট পদক্ষেপের প্রস্তাব দেবে।’ এ ছাড়া তিনি স্থায়ী শান্তি, নিরাপত্তা নিশ্চয়তা ও ইউক্রেনের যুদ্ধপরবর্তী পুনর্গঠনের তহবিলের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তবে এ শান্তি আলোচনায় সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা দিয়েছে ভূখণ্ডগত দাবি ও যুদ্ধবিরতির শর্তাবলী। মস্কোর দাবি, ২০২২ সালের গণভোট অনুযায়ী দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্ত হয়েছে। তাই কিয়েভকে এসব অঞ্চলের অবশিষ্ট অংশ থেকে সেনা প্রত্যাহার করতে হবে। বিপরীতে ইউক্রেন এই ভূখণ্ডগুলোর ওপর রাশিয়ার কোনো সার্বভৌমত্ব মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে। তবে ইউক্রেনীয় কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, কোনো নতুন সীমান্ত আনুষ্ঠানিকভাবে স্বীকার না করে কেবল বর্তমান যুদ্ধরেখাকে কেন্দ্র করে সংঘাত বন্ধের আলোচনা শুরু করা যেতে পারে।

যুদ্ধবিরতির পদ্ধতি নিয়েও উভয় পক্ষের মধ্যে কৌশলগত অমিল রয়েছে। ইউক্রেনের দাবি, বড় রাজনৈতিক সিদ্ধান্তের আগে সামরিক সংঘাত পুরোপুরি বন্ধ করতে হবে। তবে রাশিয়া নিঃশর্ত যুদ্ধবিরতির বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে। মস্কোর যুক্তি, কোনো সার্বিক রাজনৈতিক সমাধান ছাড়া যুদ্ধ বন্ধ হলে ইউক্রেন নিজেদের সামরিক শক্তি পুনর্গঠনের সুযোগ পাবে।

এদিকে আলোচনায় ইউরোপীয় দেশগুলোর প্রত্যক্ষ ভূমিকা রাখা নিয়ে মস্কো ও কিয়েভের মধ্যে মতপার্থক্য রয়েছে। কিয়েভ চায় ইউরোপের নিরাপত্তা সুরক্ষার স্বার্থে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো সরাসরি এই প্রক্রিয়ায় যুক্ত থাকুক। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের জানান, আবুধাবির বৈঠকটি মূলত যুক্তরাষ্ট্র-রাশিয়া-ইউক্রেনের একটি ত্রিপক্ষীয় আয়োজন এবং এতে ইউরোপের কোনো আনুষ্ঠানিক অংশগ্রহণ থাকবে না। তিনি বলেন, ‘আবুধাবিতে যা অনুষ্ঠিত হবে তা হলো মার্কিন মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা। ইউরোপীয়দের উপস্থিতির বিষয়ে বলতে গেলে, আমেরিকান এবং ইউক্রেনীয়দের ইউরোপের সঙ্গে যোগাযোগের নিজস্ব চ্যানেল রয়েছে।’ ইউরোপের প্রতিনিধিরা সরাসরি রুশ প্রতিনিধিদের সঙ্গে বসবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.