স্বরাষ্ট্রমন্ত্রী: ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনা আইনশৃঙ্খলার অবনতির প্রমাণ নয়
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার মতে, এ ধরনের কয়েকটি ঘটনার ভিত্তিতে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে মন্তব্য করা যৌক্তিক নয়। এসব ঘটনার পেছনে পতিত ফ্যাসিস্ট শক্তির ইন্ধন রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। দেশের ভেতরে আত্মগোপনে থাকা পতিত ফ্যাসিবাদের সহযোগীরা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সীমান্তের ওপার থেকেও তাদের ইন্ধন দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও কর্মকাণ্ড প্রকাশ করা হবে বলেও জানান মন্ত্রী।
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পকে অস্থিতিশীল করার পরিকল্পনা রয়েছে বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য, দেশের বাইরে থেকে এ খাতে অস্থিরতা তৈরির নীলনকশা করা হয়েছে এবং দেশের ভেতরেও এ উদ্দেশ্যে বিনিয়োগ করা হয়েছে। তবে সরকারের পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।
শিল্পাঞ্চলে অস্থিরতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংযমের পরিচয় দিয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, উসকানি দেওয়া হলেও অতিরিক্ত বল প্রয়োগ করা হয়নি। গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের কয়েকটি এলাকায় শিল্প পুলিশ, সাধারণ পুলিশ ও বিজিবিসহ বিভিন্ন বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। কারখানার উৎপাদন, রপ্তানি কার্যক্রম এবং শ্রমিকদের কর্মসংস্থান সচল রাখতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
শিল্পমালিক, শ্রমিক সংগঠন ও বিভিন্ন ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে সরকারের একাধিক বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, সবাই সহযোগিতা করছেন। তবে কিছু উসকানিদাতা এবং পতিত ফ্যাসিবাদের সহযোগীদের মধ্যে কয়েকজন কারখানার মালিকও রয়েছেন বলে অভিযোগ করেন তিনি। শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনা তুলে ধরে মন্ত্রী বলেন, সারা দেশে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এলাকায় তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, অন্য একজন পালিয়ে গেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কাছে একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে রাতে বা ভোরে চালক ও সহকারী না থাকা পরিত্যক্ত গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাগুলোকে বিচ্ছিন্ন হিসেবে দেখার পক্ষে মত দেন। তার মতে, এ ধরনের কয়েকটি ঘটনাকে একত্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলা ঠিক নয়। এসব বিষয়ে বিস্তারিত তথ্য সংসদে তুলে ধরার কথাও জানান তিনি।
দেশে হত্যাকাণ্ডের সংখ্যা নিয়ে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনের পরিসংখ্যান নিয়েও সংসদে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। একটি পত্রিকার প্রতিবেদনে ২ হাজার ৯২৯টি হত্যাকাণ্ডের তথ্য তুলে ধরা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তথ্যগুলো পুলিশের ওয়েবসাইট থেকে নেওয়া হলেও আগের বছরের সঙ্গে তুলনা না করায় পরিস্থিতির প্রকৃত চিত্র বোঝা কঠিন। আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে তুলনামূলক পরিসংখ্যান বিবেচনার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান আবারও কথা বলেন। তিনি ‘পতিত ফ্যাসিবাদ’ শব্দ ব্যবহারে আপত্তি জানিয়ে বলেন, ফ্যাসিবাদকে শুধু পতিত বললে হবে না, এটি প্রতিষ্ঠিত ফ্যাসিবাদ ছিল।
এ সময় সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়ার অভিযোগের প্রসঙ্গ তুলে সীমান্তে নজরদারি বাড়ানোর আহ্বান জানান শফিকুর রহমান। সীমান্ত পেরিয়ে কোনো দুষ্কৃতকারী যাতে দেশে প্রবেশ করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.