আপনি পড়ছেন

তুরস্কের পর্যটন নগরী আন্টালিয়ায় আয়োজিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ৩১) উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দ্বীপরাষ্ট্রগুলোর অধিকার সুরক্ষায় আরও ন্যায়সংগত বৈশ্বিক কাঠামোর দাবি উঠেছে। একই সঙ্গে জলবায়ু সংকটের বাস্তবতায় কেবল ফাঁকা বুলি বা প্রতিশ্রুতি না দিয়ে তা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বনেতারা। সম্মেলনে পানির নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক সংস্থা গঠন, শূন্য বর্জ্য উদ্যোগ এবং জলবায়ু অর্থায়নের বৈশ্বিক আর্থিক ব্যবস্থা সংস্কারের প্রস্তাব তুলে ধরা হয়।

কপ৩১ সম্মেলন: ফাঁকা প্রতিশ্রুতি নয়, কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্বনেতাদের
কপ৩১ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুরাত কুরুম

সোমবার শুরু হওয়া এই আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে অংশ নিচ্ছেন ১৯৫টির বেশি দেশের প্রতিনিধিরা। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, পরিবেশমন্ত্রী ও বিশেষজ্ঞরা ধরিত্রীকে রক্ষার সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়নে আলোচনা করছেন। সম্মেলনের সভাপতি এবং তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুরাত কুরুম মন্ত্রিপর্যায়ের এক নৈশভোজে বিশ্বনেতাদের সতর্ক করে বলেন, কোনো দেশ এককভাবে এই সংকট থেকে সুরক্ষিত থাকতে পারে না। তিনি বলেন, ‘সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি কোনো কিছুতেই ঠেকানো যায় না। কোনো দেয়াল খরা রোধ করতে পারে না এবং কোনো পতাকাই ঝড়ের গতিপথ বদলাতে পারে না। জলবায়ু পরিবর্তন আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য স্মরণ করিয়ে দেয়: আমাদের ভাগ্য পরস্পরের সঙ্গে জড়িত।’ তিনি আরও উল্লেখ করেন, জলবায়ু পদক্ষেপ এমন হওয়া উচিত যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নের অধিকারকে ক্ষুণ্ণ না করে। ভবিষ্যৎ প্রজন্ম শুধু বক্তৃতার জন্য নয়, বরং নেওয়া সিদ্ধান্তের জন্য বর্তমান নেতাদের স্মরণ করবে বলে তিনি মন্তব্য করেন।

সম্মেলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দ্বীপরাষ্ট্রগুলোর কণ্ঠস্বর ছিল বেশ জোরালো। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বুধবার স্পষ্ট জানিয়ে দেন, দ্বীপরাষ্ট্রগুলোর নিজস্ব উন্নয়ন সহযোগী বেছে নেওয়ার পূর্ণ অধিকার থাকা উচিত। তিনি বলেন, ‘মালদ্বীপ কোনো করুণা চাচ্ছি না। আমরা আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ন্যায়বিচার, দায়িত্বশীলতা ও প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানাচ্ছি।’ একই সঙ্গে জলবায়ু বিনিয়োগের মূল্যায়নে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও ক্রেডিট রেটিং সংস্থাগুলোর মনোভাব পরিবর্তনের আহ্বান জানান তিনি।

পালাউয়ের প্রেসিডেন্ট সুরঙ্গেল এস হুইপস জুনিয়র জলবায়ু সংকটকে একটি চাপিয়ে দেওয়া যুদ্ধ আখ্যা দিয়ে বলেন, ‘আমরা এমন এক সংকটের মুখোমুখি যুদ্ধে লিপ্ত, যা আমরা নিজেরা সৃষ্টি করিনি। এমন কোনো শান্তিচুক্তি নেই যা দিয়ে এই যুদ্ধ থামানো যাবে, কেবল জরুরি পদক্ষেপই পারে এর সমাধান করতে।’ মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিল্ডা হাইন ২০৩৫ সালের মধ্যে অভিযোজন তহবিল বার্ষিক অন্তত ১২০ বিলিয়ন ডলারে উন্নীত করার দাবি জানান। সেই সঙ্গে তাইওয়ানকে এই বৈশ্বিক আলোচনায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন তিনি ও পালাউয়ের প্রেসিডেন্ট।

এদিকে মধ্য এশিয়ার সংকট তুলে ধরে জাতিসংঘ কাঠামোর অধীনে একটি আন্তর্জাতিক পানি সংস্থা প্রতিষ্ঠার প্রস্তাব দেয় কাজাখস্তান। দেশটির প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ জানান, তাপমাত্রা বৃদ্ধি, হিমবাহ গলে যাওয়া এবং পানির তীব্র সংকটের মুখে পড়ছে তাদের অঞ্চল। কিরগিজস্তানের মন্ত্রিপরিষদের চেয়ারম্যান আদিলবেক কাসিমালিয়েভ পাহাড়ি দেশগুলোর জন্য ‘গ্লোবাল মাউন্টেন রেজিলিয়েন্স সেন্টার’ গঠনের প্রস্তাব দেন।

সম্মেলনের অংশ হিসেবে তুরস্কের ফার্স্ট লেডি এবং জাতিসংঘের শূন্য বর্জ্য বিষয়ক উপদেষ্টা বোর্ডের চেয়ারপারসন এমিনে এরদোয়ান ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-এর উদ্বোধন করেন। বিশ্বনেতাদের স্ত্রীদের উচ্চপর্যায়ের এক বৈঠকে তিনি বলেন, বর্জ্য শুধু ডাস্টবিনে তৈরি হয় না, বরং পণ্য ভোগের আগে নেওয়া সিদ্ধান্তের মাধ্যমেই শুরু হয়। ফ্যাশন, তামাক ও ডিজিটাল প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের পরিবেশগত ক্ষতি তুলে ধরে তিনি আন্তর্জাতিক কোম্পানিগুলোর দায়িত্বশীলতা ও স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান।

সম্মেলনে অংশ নিয়ে লন্ডনের মেয়র সাদিক খান জলবায়ু জরুরি অবস্থা মোকাবিলায় বিলম্ব না করার তাগিদ দেন। তিনি বলেন, ‘জলবায়ু জরুরি অবস্থা মোকাবিলায় আমাদের আরও দূর ও দ্রুত এগোতে হবে। পদক্ষেপ নেওয়ার সময় এখনই, বিলম্বের কোনো সুযোগ নেই।’ তিনি জানান, ২০২৭ সালের মধ্যে সি৪০ জোটভুক্ত সব শহরে দুর্যোগের আগাম সতর্কবার্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

সব মিলিয়ে আন্টালিয়ার এই সম্মেলন থেকে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাঁচতে হলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়ানো এবং পূর্বের প্রতিশ্রুতিগুলো অবিলম্বে বাস্তবায়ন ছাড়া কোনো বিকল্প নেই।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.