আপনি পড়ছেন

স্পেনে ১৪ বছর পর প্রথমবারের মতো সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। আবাসনসংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশটির প্রধান শ্রমিক সংগঠনগুলোর ডাকে গতকাল বুধবার এই ধর্মঘটে কয়েক লাখ মানুষ অংশ নেন। ধর্মঘট চলাকালে বার্সেলোনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মুখোশধারী কয়েকজন রাস্তায় ময়লার পাত্রে আগুন দেন এবং দোকান ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। খবর বিবিসির

স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, বার্সেলোনায় সংঘর্ষ
স্পেনে ধর্মঘট পালিত। ছবি- বিবিসি

স্পেনের রাজধানী মাদ্রিদে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। বার্সেলোনায় সমবেত হন ৫০ হাজারের বেশি মানুষ। ধর্মঘটের কারণে স্পেনজুড়ে পরিবহন ও অন্যান্য সরকারি সেবায় ব্যাপক বিঘ্ন ঘটে।

আগামী ২৯ নভেম্বর স্পেনে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের আগে এই ধর্মঘটকে ঘিরে জনঅসন্তোষের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

দেশটির বড় শ্রমিক সংগঠন ইউজিটি-র প্রধান পেপে আলভারেজ ধর্মঘটকে সফল বলে অভিহিত করেছেন। তাঁর ভাষায়, এতে ব্যাপকসংখ্যক মানুষ অংশ নিয়েছেন। আরেক শ্রমিক সংগঠন সিসি ওও-র নেতা উনাই সোর্দো অংশগ্রহণের হারকে ‘খুবই উল্লেখযোগ্য’ বলে বর্ণনা করেছেন।

বুধবার সন্ধ্যায় বার্সেলোনার কেন্দ্রস্থলে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। দাঙ্গা নিয়ন্ত্রণে নিয়োজিত পুলিশ সদস্যদের মাথায় হেলমেট ও হাতে বিশেষ ঢাল ছিল। শহরের কেন্দ্রস্থলে প্লাসা দে কাতালুনিয়ার কাছের পাসেই দে গ্রাসিয়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

রাস্তায় ময়লার পাত্রে আগুন জ্বালিয়ে দেন বিক্ষোভকারীদের একটি দল। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, একদল বিক্ষোভকারী পুলিশের দিকে আতশবাজি ছোড়েন এবং লেগোসহ বিভিন্ন দোকানে লুটপাট চালান। তাঁদের কেউ কেউ অ্যাপল স্টোরে ঢোকারও চেষ্টা করেন।

তবে বার্সেলোনার বিক্ষোভে অংশ নেওয়া এক নারী বিবিসিকে বলেছেন, বিক্ষোভের বেশির ভাগ সময়ই পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও আনন্দমুখর। আবাসন ব্যয়ের প্রতিবাদ জানাতে তিনি সেখানে গিয়েছিলেন। তাঁর ভাষায়, বিক্ষোভে অনেক শিশু ও বয়স্ক মানুষও ছিলেন।

এর আগে দিনের শুরুতে মাদ্রিদ ও বার্সেলোনার বিভিন্ন এলাকায় যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে। প্রধান কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন ঘটনায় কয়েক ডজন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কয়েকটি আবাসন ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যালয়েও হামলা চালানো হয়েছে।

মাদ্রিদে বিক্ষোভে অংশ নেওয়া এক ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা পুরো শহর অচল করে দিয়েছি।’ বৃষ্টির মধ্যেও সাধারণ ধর্মঘটের প্রতি ব্যাপক সমর্থন রয়েছে বলে দাবি করেন তিনি। ৩৭ বছর বয়সী শিক্ষক ওলগা দোমিঙ্গো বলেন, আবাসন পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। তাঁর ভাষায়, ‘মজুরির তুলনায় জীবনযাত্রার বর্তমান ব্যয় একেবারেই বহন করার মতো নয়।’

এই ধর্মঘটের সূত্রপাত হয় সাশ্রয়ী আবাসনের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের মধ্য দিয়ে। মাদ্রিদে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকালকে তাঁর বাসা থেকে উচ্ছেদের ঘটনাও আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। ওই নারী সাত দশক ধরে একটি ফ্ল্যাটে বসবাস করছিলেন। উচ্ছেদের কয়েক সপ্তাহ পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

সাম্প্রতিক বছরগুলোতে মাদ্রিদে বাড়িভাড়া উল্লেখযোগ্য হারে বেড়েছে। আবাসনবিষয়ক ওয়েবসাইট আইডিয়ালিস্তার তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে মাদ্রিদে ৫০ বর্গমিটারের একটি ফ্ল্যাটের গড় মাসিক ভাড়া ছিল ১ হাজার ১৭০ ইউরো। অন্যদিকে স্পেনে গড় মাসিক মোট বেতন প্রায় ২ হাজার ৪৬০ ইউরো।

অর্থাৎ একজন গড় বেতনভোগীকে তাঁর মোট আয়ের প্রায় অর্ধেকই বাড়িভাড়ায় ব্যয় করতে হয়। অথচ আবাসন বিশেষজ্ঞ ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সুপারিশ অনুযায়ী, আয়ের ৩০ শতাংশের বেশি বাড়িভাড়ায় ব্যয় করা উচিত নয়।

সংসদে আবাসন সংস্কার পরিকল্পনা অনুমোদন করাতে ব্যর্থ হওয়ার পর গত মাসে আগাম নির্বাচনের ঘোষণা দেন দেশটির সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

২০১২ সালে রক্ষণশীল সরকারের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়ের শাসনামলের পর স্পেনে আর কোনো সাধারণ ধর্মঘট হয়নি। আগের সাধারণ ধর্মঘটগুলো ক্ষমতাসীন সরকারের জন্য অস্বস্তির কারণ হলেও এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। প্রধানমন্ত্রী সানচেজ ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা বরং শ্রমিকদের কাজে বিরতি দিয়ে সাশ্রয়ী আবাসনের দাবিতে আন্দোলনে অংশ নিতে উৎসাহিত করেছেন।

অন্যদিকে রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) অভিযোগ করেছে, নির্বাচনে রাজনৈতিক সুবিধা পেতে সরকার ধর্মঘটকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। দলটির নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো সাধারণ ধর্মঘটকে ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছেন। শ্রমিক সংগঠনগুলোকে তিনি ‘মাফিয়া’ ও ‘আবর্জনা’ বলেও আখ্যা দেন।

জনমত জরিপে ফেইহোর দল এগিয়ে রয়েছে। দলটির মুখপাত্র মিগুয়েল তেলাদো অভিযোগ করেছেন, ডানপন্থী সরকার গঠনের সম্ভাবনা ঠেকাতে ভোটারদের সতর্ক করার উদ্দেশ্যে সরকার ধর্মঘটকে কাজে লাগাচ্ছে। ২৯ নভেম্বরের নির্বাচনে ডানপন্থীদের সরকার গঠনের সম্ভাবনাই বেশি বলে মনে করছেন তিনি।

স্পেনের বৃহত্তম ব্যবসায়ী সংগঠন সিইওইর সহসভাপতি মিগুয়েল গারিদো ধর্মঘটের সমালোচনা করেছেন। তার অভিযোগ, আবাসন ব্যয় বৃদ্ধির জন্য ব্যবসাপ্রতিষ্ঠানগুলো দায়ী নয়। তিনি বলেন, ‘এটি শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো কারণে ডাকা ধর্মঘট নয়; বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আগাম নির্বাচন ঘোষণার সঙ্গেও এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।’

দিনের শেষ ভাগে স্পেনের বড় শহরগুলোতে আরও বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা ছিল। নির্বাচনের আগে সাধারণ মানুষের অসন্তোষের মাত্রা বোঝার একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে এই ধর্মঘটে অংশগ্রহণের হারকে দেখা হচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.