এআই প্রযুক্তিতে ইউরোপকে স্বাবলম্বী হওয়ার আহ্বান
বিশ্ব প্রযুক্তি প্রতিযোগিতায় নিজেদের অবস্থান সুদৃঢ় করতে এবং কৌশলগত স্বায়ত্তশাসন নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিনিয়োগ বাড়ানো ও দ্রুত উন্নয়নের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় নেতারা। ডাবলিনে ইউরোপীয় কাউন্সিলের বৈঠক শেষে শুক্রবার তারা এই বার্তা দেন।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এআই প্রযুক্তিকে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ইউরোপকে এর ঝুঁকির কার্যকর ব্যবস্থাপনার পাশাপাশি এর সুফল পুরোপুরি কাজে লাগাতে হবে।
কস্তা বলেন, ‘কৌশলগত স্বায়ত্তশাসন নিশ্চিত করার অন্যতম শর্ত হিসেবে এআই ভ্যালু চেইনের মূল ক্ষেত্রগুলোতে ইউরোপ একটি শীর্ষস্থানীয় ও সার্বভৌম শক্তি হয়ে উঠতে পারে।’ তিনি আরও উল্লেখ করেন, বৈশ্বিক প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিতে উল্লেখযোগ্য পরিমাণ অতিরিক্ত তহবিলের প্রয়োজন হবে। পাশাপাশি জনগণের আস্থা ধরে রাখতে এআই প্রযুক্তির ঝুঁকির বিষয়ে স্পষ্ট তদারকি অপরিহার্য। ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের প্রথম অঞ্চল হিসেবে একটি এআই পরিচালনা কাঠামো তৈরি করেছে এবং এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বৈশ্বিক মান নির্ধারণ করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন জানান, বৈশ্বিক এআই প্রতিযোগিতায় সফল হওয়ার মতো অনেক উপাদানই ইউরোপের রয়েছে। তবে উদ্ভাবনকে বাণিজ্যিক সাফল্য এবং বৃহৎ পরিসরে রূপান্তরে ইউরোপকে আরও দ্রুত এগোতে হবে।
মাইকেল মার্টিন বলেন, ‘এআইকে অবশ্যই মানুষের নির্দেশনা, তদারকি ও নিয়ন্ত্রণে রাখতে হবে এবং এটিকে আন্তর্জাতিক আইন মেনে তৈরি ও ব্যবহার করতে হবে।’ দৈনন্দিন জীবনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির প্রেক্ষাপটে শিশু ও তরুণদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি উন্মুক্ত বিতর্ক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সততা রক্ষার ওপরও তিনি জোর দেন।
ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এআই-কে আগামী দশকগুলোর গতিপথ নির্ধারণকারী এক যুগান্তকারী প্রযুক্তি হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ইউরোপের উচিত এই খাতে সঠিকভাবে অগ্রসর হওয়া।
উরসুলা ভন ডার লিয়েন জানান, ২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের ৩৭ শতাংশ ব্যবসায়িক প্রতিষ্ঠান এআই ব্যবহার করেছে। এই খাতের উন্নয়নে অন্তত ৫০ হাজার কোটি ইউরো (৫৫৩ বিলিয়ন ডলার) বিনিয়োগ প্রয়োজন হতে পারে। তিনি সাতটি এআই গিগাফ্যাক্টরি প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও উল্লেখ করেন এবং জানান যে এই প্রকল্পগুলোর জন্য ৩ হাজার কোটি ইউরো (৩৩ বিলিয়ন ডলার) সংস্থান করা যেতে পারে।
বৈঠকে নেতারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনার ক্ষেত্রে ইউরোপের সমন্বিত অবস্থানের ওপর গুরুত্বারোপ করেন। আন্তোনিও কস্তা বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট: ইউরোপের নিরাপত্তা ইউক্রেনের নিরাপত্তার মাধ্যমেই শুরু হয়।’
শান্তি আলোচনার জন্য ইউরোপীয় দলে ইইউ প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড এবং যুক্তরাজ্যকে নিয়ে গঠিত ‘ইফাইভ’ জোট অন্তর্ভুক্ত থাকবে বলে জানান কস্তা। তিনি বলেন, ‘ইউক্রেনের ভবিষ্যৎ এবং আমাদের মহাদেশের নিরাপত্তা নির্ধারণকারী সব আলোচনায় ইউরোপকে অবশ্যই ঐক্যবদ্ধ কণ্ঠে কথা বলতে হবে।’ তিনি জোর দিয়ে বলেন, ভূখণ্ড ও সার্বভৌমত্ব সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বৈধ অধিকার কেবল ইউক্রেনেরই রয়েছে। এ ছাড়া ইউরোপের সবচেয়ে জরুরি অগ্রাধিকার হলো কিয়েভকে প্রয়োজনীয় আর্থিক ও সামরিক সহায়তা দেওয়া। যুদ্ধ শেষ করার ক্ষেত্রে রাশিয়ার আন্তরিকতা যাচাইয়ে আগামী সপ্তাহগুলো একটি চূড়ান্ত পরীক্ষা হবে বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে উরসুলা ভন ডার লিয়েন জানান, ইউক্রেন ও ইউরোপের স্বার্থ রক্ষায় একটি শক্তিশালী ইউরোপীয় উপস্থিতি অত্যন্ত জরুরি। তিনি ঘোষণা করেন, ইউরোপীয় কমিশন শিগগিরই রাশিয়ার ওপর ২২তম নিষেধাজ্ঞা প্যাকেজ প্রস্তাব করবে। এ ছাড়া ইউক্রেনের ২০২৭ সালের অর্থায়নের ঘাটতি মেটাতে পরবর্তী ইউরোপীয় কাউন্সিল বৈঠকের আগেই কমিশন একটি প্রস্তাব পেশ করবে বলেও জানান তিনি।
যুদ্ধবিরতি ও দীর্ঘস্থায়ী শান্তির পথে বাস্তব অগ্রগতিকে স্বাগত জানিয়ে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বলেন, যুদ্ধ অবসানের বিষয়ে রাশিয়াকে তাদের আন্তরিকতার প্রমাণ দিতে হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.