আপনি পড়ছেন

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রেখেছেন বিআইডব্লিউটিসির ফেরির কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার (১৪ নভেম্বর) ভোর থেকে ফেরি বন্ধ থাকায় নৌরুটের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় ১৫০টি যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী-চালকেরা।

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি বন্ধ, ভোগান্তিতে যাত্রী-চালকেরা
পারাপারের অপেক্ষায় যানবাহন

ঘাটে অপেক্ষমাণ ট্রাকচালক সাগর বলেন, দীর্ঘ সময় আটকে থাকায় গাড়িতে থাকা কাঁচামাল ও পচনশীল পণ্য নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে, যা ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির মুখে ফেলবে। যশোর থেকে চট্টগ্রামগামী বাসের চালক জলিল জানান, আগে থেকে তথ্য না পাওয়ায় তারা ঘাটে এসে আটকা পড়েছেন। বর্তমান পরিস্থিতিতে পদ্মা সেতু দিয়ে বিকল্প পথে ঘুরে যাওয়াও তাদের জন্য সম্ভব হচ্ছে না।

ছলেমান নামের এক যাত্রী জানান, দীর্ঘ সময় ঘাটে বসে থাকায় বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে এবং জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না।

এই পরিস্থিতির সূত্রপাত গতকাল শুক্রবারের একটি নৌ দুর্ঘটনাকে কেন্দ্র করে। গত ১০ নভেম্বর একটি মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা কক্সবাজার ও বান্দরবানে শিক্ষা সফরে যান। সফর শেষে তারা চাঁদপুরের হরিণা ফেরিঘাট থেকে কাকলী ফেরিতে শরীয়তপুরের নরসিংহপুরের উদ্দেশে রওনা হন। যাত্রীদের নামিয়ে দেওয়ার পর ফেরির সামনের অংশে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর একটি নিয়ন্ত্রণহীন ট্রাক উঠে যায়। এর আগে ফেরিটির সঙ্গে বালুভর্তি একটি বাল্কহেডের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তরিকুল নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর চাঁদপুরের আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ফেরির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে। চাঁদপুর অঞ্চল নৌ পুলিশের একজন উপপরিদর্শক চাঁদপুর সদর থানায় ফেরি ও বাল্কহেডের চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। নৌ পুলিশ সুপার মুশফিকুর রহমান জানান, তারা আইন অনুযায়ী মামলা করেছেন এবং তদন্তে ফেরি ও বাল্কহেড উভয়ের চালকেরই দায় পাওয়া গেছে। এই মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

এদিকে মাস্টারের মুক্তি না পাওয়া পর্যন্ত ফেরি চালানো বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে জরুরি চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স পারাপার সচল রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি মাস্টার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুর রব জানান, নৌ দুর্ঘটনার ক্ষেত্রে নৌ অধ্যাদেশ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নিয়ম থাকলেও নৌ পুলিশ মাস্টারকে আটক করেছে।

নিহত শিক্ষার্থীর পরিবার কোনো অভিযোগ করেনি উল্লেখ করে তিনি বলেন, মাস্টারকে মুক্তি না দিলে সারাদেশে ফেরি চলাচল বন্ধের কর্মসূচি দেওয়া হবে। নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, দুর্ঘটনা প্রতিরোধে বাল্কহেডগুলোকে বারবার সতর্ক করা হলেও তারা ধাক্কা দেয়। সার্বিক পরিস্থিতি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.