আপনি পড়ছেন

বিশ্বের সবচেয়ে বড় রকেট স্টারশিপের ওপরের অংশ প্রথমবারের মতো সফলভাবে ধরে ফেলেছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। ২২ ঘণ্টা ৩০ মিনিটের মহাকাশযাত্রা শেষে রকেটের ওই অংশটি পৃথিবীতে ফিরে এলে উৎক্ষেপণ টাওয়ারের যান্ত্রিক বাহু দিয়ে সেটিকে আটকে ফেলা হয়। খবর বিবিসির

মহাকাশ থেকে ফেরা স্টারশিপ রকেট শূন্যে ধরে স্পেসএক্সের ইতিহাস
স্পেসএক্সের মহাকাশযান স্টারশিপ। ছবি- রয়টার্স

টাওয়ারের ওই যান্ত্রিক বাহুগুলোর নাম দেওয়া হয়েছে ‘চপস্টিকস’। গত শুক্রবার উৎক্ষেপণের কয়েক মিনিট পর রকেটের নিচের অংশটিও ধরে ফেলার পরিকল্পনা ছিল স্পেসএক্সের। তবে স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থা সক্রিয় হওয়ায় সেই চেষ্টা বাতিল করা হয়।

স্টারশিপের দুই অংশই নির্ভরযোগ্যভাবে ফিরিয়ে আনা স্পেসএক্সের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, রকেটের উভয় অংশ পুনর্ব্যবহার করতে পারলে বারবার উৎক্ষেপণ করা সম্ভব হবে এবং মহাকাশযাত্রার খরচ অনেক কমে আসবে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বোকা চিকায় স্টারবেস উৎক্ষেপণকেন্দ্রে রকেটটি ফিরে আসার সময় স্পেসএক্সের কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। উৎক্ষেপণ টাওয়ারের কাছে এসে রকেটের ওপরের অংশটি স্থির হলে যান্ত্রিক বাহু দিয়ে সেটি আটকে ফেলা হয়।

স্টারশিপের এটি ছিল ১৫তম পরীক্ষামূলক উড্ডয়ন। রকেটের ওপরের ও নিচের উভয় অংশ ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে এটিই ছিল প্রথম পরীক্ষা। স্টারশিপের দুই অংশই সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য করতে চায় স্পেসএক্স।

শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪৭ মিনিটে টেক্সাসের বোকা চিকায় স্টারবেস উৎক্ষেপণকেন্দ্র থেকে ১২৪ মিটার (৪০৭ ফুট) উঁচু রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়। পরিকল্পনা অনুযায়ী, উৎক্ষেপণের সাড়ে ছয় মিনিট পর রকেটের নিচের অংশ সুপার হেভি বুস্টার পৃথিবীতে ফিরে এলে সেটিকে উৎক্ষেপণ টাওয়ারের যান্ত্রিক বাহু দিয়ে ধরে ফেলার কথা ছিল। কিন্তু বুস্টারের স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থা সক্রিয় হয়ে যায়। ফলে সেটি উৎক্ষেপণকেন্দ্রে না ফিরে সমুদ্রের দিকে চলে যায়। পানির ওপর কিছুক্ষণ অবস্থান করার পর সেটি বিস্ফোরিত হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইলন মাস্ক জানান, বুস্টারটির জ্বালানি সামান্য কম ছিল।

তবে রকেটের ওপরের অংশ মহাকাশযাত্রা অব্যাহত রাখে। এ সময় স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্কের ২৬টি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করে এটি। উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে এসব স্যাটেলাইট ব্যবহার করা হয়। পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করার পর রকেটের ওপরের অংশটি উৎক্ষেপণ টাওয়ারে ফিরে আসে।

এর আগে তিনটি পরীক্ষামূলক উড্ডয়নে সুপার হেভি বুস্টারকে সফলভাবে ধরে ফেলতে সক্ষম হয়েছিল স্পেসএক্স। তবে রকেটের ওপরের অংশ বা ‘শিপ’কে যান্ত্রিক বাহু দিয়ে ধরে ফেলার ঘটনা এবারই প্রথম। গত সেপ্টেম্বরে প্রথমবারের মতো কক্ষপথে পৌঁছেছিল এই অংশটি।

উড্ডয়নের আগে স্পেসএক্স জানিয়েছিল, মহাকাশে অবস্থানকালে রকেটটির অবস্থা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করার পরই সেটিকে ধরে ফেলার চেষ্টা করা হবে। কোনো সমস্যা দেখা দিলে বুস্টারের মতো এটিকেও সমুদ্রে নামিয়ে আনা হতো।

সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরি করা স্পেসএক্সের দীর্ঘদিনের লক্ষ্য। ২০১৫ সালে ফ্যালকন-৯ রকেটের বুস্টার উল্লম্বভাবে পৃথিবীতে অবতরণ করিয়ে প্রথমবারের মতো এ ক্ষেত্রে সাফল্য পায় প্রতিষ্ঠানটি।

বর্তমানে ফ্যালকন-৯ রকেট বছরে ১০০ বারের বেশি উৎক্ষেপণ করা হয়। রকেটের নিচের অংশ পুনর্ব্যবহারের সক্ষমতা উৎক্ষেপণের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। তবে পুরো স্টারশিপ রকেট ফিরিয়ে আনা সম্ভব হলে মহাকাশযাত্রার ক্ষেত্রে নতুন যুগের সূচনা হতে পারে বলে মনে করেন রয়্যাল অ্যারোনটিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ম্যালকম ম্যাকডোনাল্ড। যদিও এবারের পরীক্ষায় রকেটের নিচের অংশটি উদ্ধার করা সম্ভব হয়নি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.