আপনি পড়ছেন

ইরান এখনো কূটনীতি ও শান্তিপূর্ণ সমাধানের প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তবে যুক্তরাষ্ট্র আগ্রাসন ও অর্থনৈতিক চাপের একটি ভিন্ন পথ বেছে নিয়েছে। সোমবার পাকিস্তানের ইসলামাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) পররাষ্ট্রমন্ত্রীদের ৩০তম সম্মেলনে দেওয়া বক্তব্যে এই মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

আরাঘচি: কূটনীতিতে অবিচল ইরান, ভিন্ন পথে যুক্তরাষ্ট্র
মাইক্রোফোনের সামনে বক্তব্য দিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বক্তব্যের প্রতিলিপি অনুযায়ী তিনি জানান, তেহরান দুই বছর ধরে কূটনৈতিক প্রক্রিয়ার প্রতি নিজেদের দায়বদ্ধতা বজায় রেখেছে।

যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করে আরাঘচি বলেন, ‘দুর্ভাগ্যবশত, যুক্তরাষ্ট্র সম্পূর্ণ ভিন্ন একটি পথ বেছে নিয়েছে।’ তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করে আগ্রাসন, হুমকি, সুনির্দিষ্ট ব্যক্তিদের গুপ্তহত্যা, অর্থনৈতিক চাপ এবং অন্যায় অবরোধ আরোপের অভিযোগ তোলেন।

সম্মেলন আয়োজন এবং ইরানি প্রতিনিধি দলকে উষ্ণ আতিথেয়তা দেওয়ার জন্য তিনি পাকিস্তান ও ইসিও সচিবালয়কে ধন্যবাদ জানান।

আরাঘচি উল্লেখ করেন, তেহরান তার প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চায়। আঞ্চলিক দেশগুলোর সঙ্গে তাদের কোনো ধরনের মৌলিক বিরোধ নেই।

আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘আঞ্চলিক দেশগুলোর ভূখণ্ড, আকাশসীমা ও অবকাঠামো যেন একে অপরের বিরুদ্ধে হামলার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত না হয়।’

ইরানের সামরিক পদক্ষেপগুলো কেবল তাদের ওপর আক্রমণকারীদের সামরিক স্থাপনা ও ঘাঁটিকে লক্ষ্য করেই পরিচালিত হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি জানান, এসব অভিযানকে কোনোভাবেই প্রতিবেশী দেশের সরকার বা তাদের জনগণের বিরুদ্ধে পরিচালিত পদক্ষেপ হিসেবে গণ্য করা উচিত নয়।

তিনি আগ্রাসন প্রতিরোধ এবং কোনো তৃতীয় দেশ যেন আঞ্চলিক ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশে হামলা চালাতে না পারে, তা নিশ্চিত করতে একটি অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক নিরাপত্তা সংলাপের আহ্বান জানান।

আরাঘচি আরও জানান, বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ইরানিদের নিজেদের অধিকার রক্ষা এবং মাত্রাতিরিক্ত ও অন্যায্য দাবি মোকাবিলার সংকল্পকে আরও শক্তিশালী করেছে।

অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে তিনি জানান, বাণিজ্য, পরিবহন এবং জ্বালানি খাতকে ইসিওর আওতায় সহযোগিতার ‘তিনটি কৌশলগত স্তম্ভ’ হিসেবে গড়ে তোলা দরকার।

ইসিও বাণিজ্য চুক্তি (ইকোটা) সংশোধনের লক্ষ্যে কারিগরি মধ্যস্থতাকারী কমিটি গঠনকে তিনি স্বাগত জানান। একই সঙ্গে সদস্য দেশগুলোকে আলোচনা এগিয়ে নেওয়া এবং অন্য সদস্যদের এই চুক্তিতে যুক্ত হতে উৎসাহিত করার তাগিদ দেন।

বাণিজ্যিক স্থিতিশীলতার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও বাস্তবসম্মত বাণিজ্য চুক্তি আঞ্চলিক বাণিজ্যের পরিধি বাড়াতে এবং অর্থনৈতিক সক্ষমতা জোরদার করতে পারে।’

ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে জ্বালানি প্রবাহ সুরক্ষিত রাখা এবং সরবরাহ স্থিতিশীল করতে একটি নির্ভরযোগ্য আঞ্চলিক জ্বালানি ব্যবস্থার আহ্বান জানান আরাঘচি। এ সময় তিনি আঞ্চলিক জ্বালানি নিরাপত্তার ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ক্ষতিকর প্রভাবের কথা তুলে ধরেন।

ফিলিস্তিন সংকট প্রসঙ্গে তিনি গাজায় পরিচালিত ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন।

গাজায় খাদ্য, ওষুধ, অস্থায়ী আশ্রয় এবং অপরিহার্য অবকাঠামো পুনর্নির্মাণের সামগ্রী কোনো বাধা ছাড়া পৌঁছে দিতে আন্তর্জাতিক কার্যকর পদক্ষেপের আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘এখন বাস্তবমুখী পদক্ষেপ, সম্মিলিত দায়িত্বশীলতা এবং নীরবতা ও উদাসীনতা ভাঙার সময়।’

সদস্য দেশগুলোর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের প্রাথমিক পর্যালোচনার মধ্য দিয়ে রোববার ইসলামাবাদে দুই দিনব্যাপী এই ইসিও সম্মেলন শুরু হয়।

‘একটি টেকসই ইসিওর জন্য আঞ্চলিকতার পুনরুজ্জীবন’ প্রতিপাদ্য নিয়ে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য সংস্থাটির সভাপতির দায়িত্ব পালন করছে পাকিস্তান। দেশটি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আঞ্চলিক সংযোগ ও অর্থনৈতিক সংহতি জোরদারে কাজ করছে।

১৯৮৫ সালে তুরস্ক, ইরান ও পাকিস্তানের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ইসিও আঞ্চলিক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগের প্রসারে কাজ করে যাচ্ছে।

সংস্থাটির অন্যান্য সদস্য রাষ্ট্রগুলো হলো—আফগানিস্তান, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.