আপনি পড়ছেন

তা’আল পার্টির চেয়ারম্যান ও আরব সংসদ সদস্য আহমেদ তিবি ইসরায়েলের সংসদ নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। গত মাসের নির্বাচনে সম্মিলিতভাবে ১৯টি আসন পাওয়া ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর জন্য এটিকে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে। সংসদে নিজেদের এই শক্তিশালী অবস্থানকে কাজে লাগিয়ে তারা সম্প্রদায়টির ওপর চলা বৈষম্য ও অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাইছে।

ইসরায়েলি নেসেটের ডেপুটি স্পিকার হলেন আহমাদ তিবি
আহমেদ তিবি

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটি জানিয়েছে যে ডানপন্থী ইসরায়েল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন। ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর আল-জাজিরাকে আহমেদ তিবি বলেন, ১১টি আসন পাওয়া জয়েন্ট লিস্টের জন্য এটি একটি ন্যায্য অর্জন।

আহমেদ তিবি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির তার নির্বাচন ঠেকানোর চেষ্টা করেছিলেন। তবে তার ভাষ্যমতে বেপরোয়া উসকানি সত্ত্বেও তারা ব্যর্থ হয়েছেন। তিবি আরও বলেন, সংসদের সব কমিটিতে জয়েন্ট লিস্টের প্রতিনিধিত্ব থাকবে।

ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী জয়েন্ট লিস্ট এবং ইউনাইটেড আরব লিস্ট (রাম) গত মাসের সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পায় এবং সম্মিলিতভাবে ১৯টি আসন দখল করে। চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পর এই জোট গাদি আইজেনকটকে সমর্থন দিয়েছে।

এদিকে, ইসরায়েলের সংসদ নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ নিয়ে একটি অনুসন্ধানী সংবাদ প্রতিবেদন প্রকাশের পর রবিবার নেতানিয়াহু ও তার সহযোগীদের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি তুলেছেন আহমেদ তিবি। এ সময় তিনি তাদের বিরুদ্ধে মাফিয়া-ধাঁচের আচরণের অভিযোগ তোলেন।

ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ অক্টোবরের নেসেট নির্বাচনের আগে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন পুলিশ কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করেছিলেন। তিনি অভিযোগ করেন, দক্ষিণ ইসরায়েলে রামের তিনজন কর্মী ভোটারদের প্রভাবিত করতে বিপুল পরিমাণ নগদ অর্থ ও ভাউচার বহন করছিলেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন সাবেক কর্মচারীর গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ পরে ওই কর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বৈধ তল্লাশি বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই এসব গ্রেপ্তার করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ফৌজদারি তদন্তের দাবি জানিয়ে তিবি বলেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়, এমনকি নেতানিয়াহুও নন।’ উল্লেখ্য, আহমেদ তিবি প্রথম ১৯৯৯ সালে ইসরায়েলি নেসেটের সদস্য নির্বাচিত হন এবং এর আগে ২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.