আপনি পড়ছেন

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে সরাসরি সম্প্রচারিত এক টেলিভিশন বিতর্কে তীব্র বাকযুদ্ধে জড়িয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং বিরোধীদলীয় নেতা আলবের্তো নুনিয়েজ ফেইহো। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই মুখোমুখি বিতর্কে দুর্নীতি, আবাসন সংকট ও প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনার মতো বিষয়গুলো প্রাধান্য পায়। আগামী ২৯ নভেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দুর্নীতি ও আবাসন ইস্যুতে উত্তপ্ত স্পেনের নির্বাচনী বিতর্ক
স্পেনের একটি সরকারি ভবনের সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা

কনজারভেটিভ পিপলস পার্টির (পিপি) নেতা ফেইহো বিতর্কে প্রধানমন্ত্রী সানচেজের আট বছরের মেয়াদের কঠোর সমালোচনা করেন। তিনি সানচেজকে বারবার বিভিন্ন দুর্নীতি কেলেঙ্কারি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং গণপরিষেবার মান নিয়ে চেপে ধরেন।

অন্যদিকে সানচেজ মূলত তার নির্বাচনী প্রচারণার মূল বার্তাতেই অনড় ছিলেন। তিনি স্পেনকে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বড় অর্থনীতি হিসেবে উপস্থাপন করেন। একই সঙ্গে তিনি তার সরকারের পরিবেশবান্ধব রূপান্তর বা গ্রিন ট্রানজিশন, সর্বনিম্ন মজুরি বৃদ্ধি, সামাজিক কর্মসূচির সম্প্রসারণ এবং আবাসন সুরক্ষা নীতির পক্ষে অবস্থান নেন।

স্প্যানিশ দৈনিক এল পাইসের বিশ্লেষক এবং দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিইর অধিকাংশ বিশ্লেষকের মতে, এই বিতর্কে ফেইহো বিজয়ী হয়েছেন। তবে অন্যান্য সমালোচকরা বিতর্কের সময় ফেইহোর বারবার বাধা দেওয়া এবং বিতর্কিত দাবির সমালোচনা করেছেন।

সানচেজের সমালোচনা এসেছে বামপন্থী শিবির থেকেও। কাতালান দল ইআরসির প্রার্থী গ্যাব্রিয়েল রুফিয়ান মন্তব্য করেন, বিতর্কে ফেইহো যেন ‘সানচেজকে আস্ত গিলে খেয়েছেন’। তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী হয়তো প্রস্তুতি ছাড়া এসেছিলেন অথবা তাকে ভুল পরামর্শ দেওয়া হয়েছিল।

এল দিয়ারিও পত্রিকার জন্য আতেনেও দেল দাতোর এক জরিপে দেখা যায়, অংশগ্রহণকারী ৪৫ দশমিক ২ শতাংশ মানুষ ফেইহোকে বিজয়ী মনে করেন। অন্যদিকে সানচেজের পক্ষে মত দিয়েছেন ৩১ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা। তবে অংশ নেওয়া ৮৮ শতাংশ মানুষ জানান, এই বিতর্ক তাদের ভোট দেওয়ার সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না।

বিতর্কে আবাসন, অর্থনীতি, কর ব্যবস্থা, সামাজিক নীতি, গণপরিষেবা, দুর্নীতি, গণতান্ত্রিক সংস্কার, অভিবাসন এবং পররাষ্ট্রনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে।

সোশ্যালিস্ট পার্টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে চলমান দুর্নীতি তদন্ত প্রসঙ্গে ফেইহো সরাসরি সানচেজের জবাবদিহিতা দাবি করেন। জবাবে সানচেজ তদন্তে অভিযুক্ত ব্যক্তিদের ওপর আস্থা রাখার কারণে দুঃখ প্রকাশ করেন। তবে তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্টদের তার দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তিনি পিপির দুর্নীতির রেকর্ড নিয়েও পাল্টা প্রশ্ন তোলেন।

আবাসন প্রসঙ্গে ফেইহো অভিযোগ করেন, সাশ্রয়ী মূল্যের আবাসন নিশ্চিত করতে বর্তমান প্রধানমন্ত্রী ব্যর্থ হয়েছেন। তিনি ক্ষমতায় গেলে ১০ লাখ নতুন বাড়ি তৈরির প্রতিশ্রুতি দেন। বিপরীতে সানচেজ উচ্ছেদবিরোধী সুরক্ষা ব্যবস্থা এবং বাড়ি ভাড়ার চুক্তির মেয়াদ বাড়ানোর মতো সরকারি পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, পিপির নেতৃত্বাধীন আঞ্চলিক প্রশাসনগুলো কেন্দ্রীয় সরকারের আবাসন নীতি বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে।

আদামুজ ও উরদায় সম্প্রতি ঘটে যাওয়া প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা নিয়েও দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ফেইহো এ ঘটনার জন্য সরকারের অবহেলাকে দায়ী করেন। অন্যদিকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও দুঃখ প্রকাশ করেন সানচেজ।

উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের ছিটমহল সেউতায় বিপুলসংখ্যক অভিবাসীর আগমনকে ফেইহো ‘আগ্রাসন’ বলে আখ্যায়িত করেন। সেই সঙ্গে মরক্কোর সঙ্গে সানচেজ সরকারের সম্পর্কেরও সমালোচনা করেন তিনি।

এর জবাবে সানচেজ স্পেনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অভিবাসীদের অবদানের কথা উল্লেখ করেন। তিনি অভিবাসীদের কলঙ্কিত করার চেষ্টার অভিযোগ তোলেন বিরোধী দলের বিরুদ্ধে।

দুই নেতার মধ্যে এই বিতর্ক অনুষ্ঠিত হলেও সাম্প্রতিক জনমত জরিপ বলছে, অন্য কোনো দলের সমর্থন ছাড়া কেউই সরকার গঠন করতে পারবে না।

এল পাইস ও কাদেনা এসইআরে প্রকাশিত ৪০ডিবি জরিপ অনুযায়ী, সোশ্যালিস্টদের চেয়ে পিপি প্রায় দুই শতাংশ ভোটে এগিয়ে রয়েছে। জরিপের পূর্বাভাসে বলা হয়, কট্টর ডানপন্থী ভক্স দলসহ ডানপন্থী জোট পার্লামেন্টে ১৯২টি আসন পেতে পারে। অন্যদিকে সানচেজের সরকারপন্থী দলগুলোর জন্য ১৫৫টি আসনের পূর্বাভাস দেওয়া হয়েছে।

স্পেনের পার্লামেন্টে সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৭৬টি আসনের প্রয়োজন। আগামী বৃহস্পতিবার সানচেজ এবং ফেইহোর সঙ্গে চার দলীয় এক বিতর্কে অংশ নেওয়ার কথা রয়েছে ভক্স নেতা সান্তিয়াগো আবাসকাল এবং বামপন্থী ফ্রেন্তে আম্পলিওর প্রার্থী আদা কোলাউর।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.