আপনি পড়ছেন

মিয়ানমারে গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর রোহিঙ্গা সংকট নিরসনে একটি ‘সমন্বিত সমাধান’ চেয়েছে চীন। একই সঙ্গে পরিস্থিতি যাতে আরও জটিল আকার ধারণ না করে, সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটি।

রোহিঙ্গা সংকটে ‘সমন্বিত সমাধান’ চায় চীন
মিয়ানমার থেকে পালিয়ে আসা বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী

২০১৭ সালে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় সেনাবাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে বলে বৃহস্পতিবার রায় দেয় আইসিজে। হেগের এই আদালত মিয়ানমারকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।

রায়ের প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানান, আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষায় আন্তর্জাতিক বিচারিক সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এসব সংস্থাকে সতর্কতার সঙ্গে এখতিয়ার প্রয়োগের তাগিদ দিয়ে বেইজিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘এখতিয়ারের সীমা লঙ্ঘন ও মাত্রাতিরিক্ত ব্যাখ্যার বিষয়ে চীনের উদ্বেগ রয়েছে। আমরা মনে করি, সংশ্লিষ্ট পদক্ষেপগুলো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে কোনো অনুকূল পরিবেশ তৈরি করে না।’

গুও জিয়াকুন বলেন, রাখাইন রাজ্যের পরিস্থিতির পেছনে একটি জটিল ঐতিহাসিক, জাতিগত ও ধর্মীয় প্রেক্ষাপট রয়েছে এবং এর জন্য একটি সমন্বিত সমাধান প্রয়োজন। সমস্যাটিকে আরও জটিল করা থেকে বিরত থাকতে আন্তর্জাতিক সম্প্রদায়ের একযোগে কাজ করা উচিত। তিনি আরও জানান, সংকট নিরসনে বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা ও যোগাযোগ এগিয়ে নিতে এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে গঠনমূলক ভূমিকা পালন করতে বেইজিং প্রস্তুত রয়েছে।

চীনের শেনঝেন শহরে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক যৌথ বিবৃতির বিষয়টিও উল্লেখ করেন গুও জিয়াকুন। ‘শান্তির অভিমুখে ঘোষণা’ শীর্ষক ওই যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক বিচারিক কার্যক্রমে সংশ্লিষ্ট রাষ্ট্রের সম্মতি এবং সরকারি কর্মকর্তাদের দায়মুক্তির প্রতি সম্মান প্রদর্শনের ওপর জোর দেওয়া হয়।

ওই ঘোষণা অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং সমজাতীয় অন্যান্য সংস্থা কোনোভাবেই তাদের এখতিয়ারের অপব্যবহার করতে পারবে না বলে একমত হয়েছেন তিন শীর্ষ নেতা। গুও জিয়াকুন বলেন, ‘আইসিসির বিষয়ে চীনের অবস্থান সব সময়ই স্পষ্ট, ধারাবাহিক ও স্বচ্ছ।’ আইনের শাসন প্রতিষ্ঠায় আন্তর্জাতিক আদালতগুলোর ইতিবাচক ভূমিকাকে বেইজিং সমর্থন করে উল্লেখ করে তিনি জানান, সংস্থাগুলোকে অবশ্যই রাষ্ট্রের সম্মতির নীতিকে সম্মান জানাতে হবে, এখতিয়ারের অপব্যবহার বন্ধ করতে হবে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আচরণ ও দ্বিমুখী নীতি থেকে দূরে থাকতে হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.