আপনি পড়ছেন

রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায় বাস্তবায়নে মিয়ানমারের সামনে এড়িয়ে যাওয়ার মতো কোনো গ্রহণযোগ্য ভিত্তি বা অজুহাত নেই। মামলার বাদীপক্ষ গাম্বিয়ার প্রধান আইনজীবী আরসালান সুলেমান এ কথা বলেছেন। দীর্ঘ নির্যাতনের শিকার রোহিঙ্গা মুসলমানদের সুবিচার নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজেদের প্রভাব খাটানোর আহ্বান জানিয়েছেন তিনি।

গাম্বিয়ার আইনজীবী: আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার
দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতের বিচারকদের এজলাস কক্ষ

আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে আরসালান সুলেমান জানান, সাত বছর পর আসা এই ঐতিহাসিক রায় রোহিঙ্গা ভুক্তভোগীদের মনে আশার সঞ্চার করবে। তাদের অনেকেই প্রায় এক দশক ধরে শরণার্থী শিবিরে দিনাতিপাত করে সুবিচারের অপেক্ষায় রয়েছেন।

সুলেমান বলেন, ‘ভুক্তভোগীদের জন্য এটি নিঃসন্দেহে একটি দীর্ঘ সময়। তারা বিগত প্রায় নয় বছর ধরে শরণার্থী শিবিরে সময় পার করছেন। তাদের সময় অত্যন্ত ধীরগতিতে কেটেছে এবং তাদের কাছে সুবিচার অধরা বলে মনে হয়েছিল।’ তিনি আরো যোগ করেন, ‘তবে আমি মনে করি, আজকের এই রায় তাদের ভোগ করা গণহত্যার জবাবদিহিতা নিশ্চিতের বিষয়ে একটি আশার আলো হওয়া উচিত।’

বৃহস্পতিবার এক ঐতিহাসিক সিদ্ধান্তে আইসিজে রায় দেয় যে, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছিল মিয়ানমার। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে কোনো রাষ্ট্রকে গণহত্যা সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত করার ঘটনা এটিই প্রথম। মিয়ানমারের সামরিক দমনপীড়নের মুখে সাত লক্ষাধিক রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর ২০১৯ সালের নভেম্বরে দেশটির বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল গাম্বিয়া। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এই রায় ঘোষণা করা হলো।

সুলেমান জানান, আদালতের এই পর্যবেক্ষণ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ এতে রোহিঙ্গাদের মিয়ানমারের একটি স্থানীয় জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যারা গণহত্যাভিত্তিক সহিংসতার শিকার হওয়ার আগে কয়েক দশক ধরে বৈষম্যের মুখে পড়েছিল। তিনি বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রায়। গাম্বিয়া আদালতের কাছে যেসব বিষয় উত্থাপন করেছিল, তার বহু বিষয়ের সমাধান এতে এসেছে।’

এই রায় কীভাবে বাস্তবে কার্যকর হবে জানতে চাওয়া হলে সুলেমান জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক আইনের অধীনে এ রায় মেনে চলা বাধ্যতামূলক। তিনি বলেন, ‘মিয়ানমার এ রায় বাস্তবায়ন করতে বাধ্য এবং তারা এই মামলায় পূর্ণাঙ্গভাবে অংশ নিয়েছিল। রায় বাস্তবায়ন না করার পেছনে কোনো কারণ রয়েছে—এমনটি দাবি করার মতো গ্রহণযোগ্য কোনো সুযোগ মিয়ানমারের নেই।’

রায় কার্যকরের দায়িত্ব কেবল মিয়ানমারের ওপর বর্তায় না উল্লেখ করে তিনি জানান, বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থা আদালতের এই সিদ্ধান্তকে বাস্তব পদক্ষেপে রূপান্তরে সহায়তা করতে পারে। জাতিসংঘের পাশাপাশি আঞ্চলিক সংস্থা এবং মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোকে রায় বাস্তবায়নে চাপ ও প্রভাব ব্যবহারের আহ্বান জানান তিনি। তিনি বলেন, যাদেরই মিয়ানমারের ওপর প্রভাব রয়েছে, ‘তাদের উচিত এ রায় বাস্তবায়নে সমর্থন ও সহায়তা দেওয়ার ওপর জোর দেওয়া।’

মিয়ানমার গণহত্যা চালিয়েছে কেবল এ ঘোষণাতেই আদালত সীমাবদ্ধ থাকেনি, বরং সহিংসতার ক্ষতি পুষিয়ে নিতে এবং রোহিঙ্গা ভুক্তভোগীদের পুনর্বাসনে বড় পদক্ষেপের নির্দেশ দিয়েছে। এসব নির্দেশনার মধ্যে রয়েছে রোহিঙ্গাদের নিরাপদে ও স্বেচ্ছায় নিজেদের বাসস্থানে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া, বিচ্ছিন্ন পরিবারগুলোকে একত্র করা, হারানো সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা ক্ষতিপূরণ প্রদান এবং শারীরিক ও মানসিক পুনর্বাসনের ব্যবস্থা করা।

একই সঙ্গে নিখোঁজ রোহিঙ্গাদের খুঁজে বের করতে, নিহতদের শনাক্ত করে মর্যাদাপূর্ণ দাফন নিশ্চিতে সহায়তা করতে এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের পরবর্তী বৈষম্য ও নির্যাতন থেকে সুরক্ষা দিতে মিয়ানমারকে নির্দেশ দেওয়া হয়েছে। সুলেমান বলেন, ‘আমার মতে, আদালত এ যাবৎকালে পুনর্বাসনের বিষয়ে যত আদেশ দিয়েছে, এটি তার মধ্যে সবচেয়ে সুদূরপ্রসারী।’ গাম্বিয়ার কিছু দাবি খারিজ হলেও প্রায় সব প্রতিকারই আদালত মঞ্জুর করেছে বলে তিনি উল্লেখ করেন।

রায়ে মিয়ানমারকে ভবিষ্যতে গণহত্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং রোহিঙ্গাদের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী দুই বছরের মধ্যে গৃহীত পদক্ষেপ এবং ক্ষতিপূরণের প্রস্তাব বিস্তারিত উল্লেখ করে মিয়ানমারকে প্রতিবেদন জমা দিতে হবে। ক্ষতিপূরণের পরিমাণ ও ব্যবস্থার বিষয়টি বিচার প্রক্রিয়ার পরবর্তী ধাপে নির্ধারিত হবে। সুলেমান এই পদক্ষেপগুলোকে ‘অত্যন্ত সমন্বিত’ বলে অভিহিত করে বলেন, ‘আদালতের কাছ থেকে গাম্বিয়া যা দেখতে চেয়েছিল, এটি সত্যিকার অর্থেই সেই প্রত্যাশা পূরণ করেছে।’

আইসিজেতে বিচারাধীন অন্যান্য গণহত্যার মামলা, বিশেষ করে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় এই রায় প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নে সুলেমান বলেন, এটি একটি ‘গুরুত্বপূর্ণ আইনি নজির’ হিসেবে কাজ করবে। তবে মিয়ানমারের রায়ের ভিত্তিতে অন্য মামলার ফলাফল আগে থেকে অনুমান করা সম্ভব নয় বলেও সতর্ক করেন তিনি। তিনি বলেন, ‘জেনোসাইড কনভেনশনের আওতায় এটি সত্যিকার অর্থেই একটি মাইলফলক নজির। তবে অন্য মামলায় এটি কীভাবে প্রভাব ফেলবে তা আগে থেকে নিশ্চিত করে বলা যায় না। কারণ প্রতিটি মামলাই তার নিজস্ব প্রেক্ষাপট এবং উপস্থাপিত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরিচালিত ও নির্ধারিত হবে।’

উল্লেখ্য, গাজায় সামরিক অভিযানের মাধ্যমে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ তুলে ২০২৩ সালের ডিসেম্বরে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে দক্ষিণ আফ্রিকা। ২০২৪ সালে আইসিজে বেশ কয়েকটি বাধ্যতামূলক অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেছিল, যার মধ্যে ইসরায়েলকে গণহত্যা প্রতিরোধ এবং মানবিক সহায়তা পৌঁছানোর নির্দেশ দেওয়া হলেও এখনো চূড়ান্ত রায় ঘোষণা করা হয়নি।

সুলেমান আশা প্রকাশ করেন, মিয়ানমারের এই রায় শুধু রোহিঙ্গা সংকটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং গুরুতর অধিকার লঙ্ঘনের শিকার হয়ে যারা জবাবদিহিতা চান, তাদের সবাইকে উৎসাহিত করবে। তিনি বলেন, ‘আমি আশা করি, এই রায় আন্তর্জাতিক জবাবদিহিতা ও সুবিচারের প্রতিশ্রুতিতে বিশ্বজুড়ে মানুষকে আশা জোগাবে।’ তিনি আরো বলেন, ‘আমি আশা করি, যারা ন্যায়বিচার ও জবাবদিহিতা চান, তাদের মনে এই বিশ্বাস জাগবে যে আইসিজের মতো প্রতিষ্ঠানগুলো তথ্য-প্রমাণ বিবেচনা করে সম্পূর্ণ নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে রায় দেবে।’

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.