আপনি পড়ছেন

রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় যেন শুধু কাগজের পাতায় সীমাবদ্ধ না থাকে, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শুক্রবার কক্সবাজারের উখিয়ায় কুতুপালং শরণার্থীশিবিরে আয়োজিত এক বিশাল সমাবেশে তিনি এই আহ্বান জানান। একই সঙ্গে তিনি অপরাধীদের বিচার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি তাগিদ দেন।

জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতি: ‘বিচার যেন কেবল কাগজে না থাকে’
নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতের এজলাসে বিচারকদের কার্যক্রম

এর আগে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিজে ঐতিহাসিক এক রায়ে জানায়, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে। এই রায়ের পরদিনই কুতুপালং শিবিরের একটি ফুটবল মাঠে ন্যায়বিচার ও নাগরিকত্বের দাবিতে ২০ হাজারের বেশি রোহিঙ্গা সমবেত হন। নির্বাসনের ৯ বছর পর আন্তর্জাতিক আদালতের এমন সিদ্ধান্তে নিজেদের অধিকার ফিরে পাওয়ার আশার আলো দেখছেন শরণার্থীরা।

সমাবেশে খলিলুর রহমান বলেন, ‘২০১৭ সালে তাদের ওপর যা ঘটেছে, তা ছিল গণহত্যা। আইসিজের রায় যেন কেবল কাগজের পাতায় বন্দি না থাকে, এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।’ তিনি আরও উল্লেখ করেন, এই রায় রোহিঙ্গাদের মিয়ানমারের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে তাদের ঐতিহাসিক শিকড়কে স্বীকৃতি দিয়েছে। আদালতে উত্থাপিত প্রমাণাদি মিয়ানমার নিরাপত্তা বাহিনীর পরিকল্পিত হত্যাযজ্ঞ, ব্যাপক যৌন সহিংসতা, নারী ও শিশুদের ওপর হামলা এবং গ্রাম ধ্বংসের বিষয়টিকে প্রতিষ্ঠিত করেছে। সেখানে অন্তত ১০ হাজার মানুষকে হত্যার প্রমাণ মিলেছে, যা ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর বড় একটি অংশকে সম্পূর্ণ ধ্বংস করার স্পষ্ট উদ্দেশ্য।

তিনি উল্লেখ করেন, সত্যের স্বীকৃতিই হলো ন্যায়বিচারের সূচনা। বিশেষ করে যে রোহিঙ্গা নারীরা আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দিয়ে সাহসিকতা দেখিয়েছেন, তাদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

রায়ের বাস্তবায়নে খলিলুর রহমান চারটি অগ্রাধিকার তুলে ধরেন। প্রথমটি হলো নৃশংসতার জন্য দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করা। তিনি গণহত্যা সনদের আওতায় অভিযুক্তদের তদন্ত ও বিচারের মুখোমুখি করতে মিয়ানমারকে আহ্বান জানান। একই সঙ্গে রায় মানতে মিয়ানমারকে বাধ্য করার জন্য জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ ও ধারাবাহিক চাপ বজায় রাখার তাগিদ দেন।

দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে তিনি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে বাস্তুচ্যুত সব রোহিঙ্গার নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর জোর দেন। তিনি বিচ্ছিন্ন পরিবারের একত্রীকরণ, জমিজমা ও ঘরবাড়ি ফেরত প্রদান এবং নিখোঁজদের সন্ধানের আহ্বান জানিয়ে বলেন, ‘কাউকেই পুনরায় বিপদের মুখে ফেরত পাঠানো যাবে না।’ এ ক্ষেত্রে রোহিঙ্গাদের নাগরিকত্ব, চলাফেরার স্বাধীনতা, বৈষম্যহীন জীবনযাপন এবং আন্তর্জাতিক তদারকির নিশ্চয়তা দেওয়া আবশ্যক।

তৃতীয় অগ্রাধিকার অনুযায়ী ক্ষতিগ্রস্তদের ব্যক্তিগত ও সামষ্টিক ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে পরবর্তী দুই বছরের মধ্যে মিয়ানমারকে প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান জানান তিনি। চতুর্থ অগ্রাধিকার হিসেবে ভবিষ্যতে এমন নৃশংসতা রোধে মিয়ানমারে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার এবং নিরাপত্তা বাহিনীর ওপর বেসামরিক তদারকি প্রতিষ্ঠার কথা বলেন। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ স্মরণ করিয়ে দিয়ে তিনি সতর্ক করেন, কোনো দেশ আইসিজের রায় অমান্য করলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হতে পারে।

এদিকে বাংলাদেশ এই দীর্ঘস্থায়ী সংকটের বোঝা একা বহন করতে পারবে না উল্লেখ করে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের মানবিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানান খলিলুর রহমান। ২০১৭ সালের আগস্টে সামরিক অভিযানের পর ১০ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়। তিনি বলেন, খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও সুরক্ষার মতো মৌলিক চাহিদা মেটাতে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সমর্থন জরুরি।

আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করায় গাম্বিয়া, সমর্থন দেওয়ায় ওআইসি এবং বিচার প্রক্রিয়ায় সম্পৃক্ত ১১টি রাষ্ট্রসহ সংশ্লিষ্ট আইনজীবীদের ধন্যবাদ জানান তিনি। এ ছাড়া স্থানীয় সম্পদ ও জীবনের ওপর চাপ থাকা সত্ত্বেও রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য উখিয়া ও টেকনাফের স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাবেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে খলিলুর রহমান উখিয়া থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.