আপনি পড়ছেন

তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রস্তাবিত ন্যূনতম মজুরি কাঠামোয় পদ্ধতিগত ত্রুটি, তথ্যের অসামঞ্জস্য ও একই ব্যয়ের দ্বৈত গণনার অভিযোগ তুলেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বৃহস্পতিবার সিপিডিকে পাঠানো এক চিঠিতে এই পর্যবেক্ষণ ও আপত্তির কথা তুলে ধরেন। চিঠিতে উল্লেখ করা হয়, শিল্পের উৎপাদন ব্যয়, আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা এবং বিদ্যমান অর্থনৈতিক সীমাবদ্ধতাগুলো বিবেচনায় না নিয়ে এই প্রস্তাবনা তৈরি করা হয়েছে।

সিপিডির মজুরি প্রস্তাবনায় তথ্যের গরমিল ও দ্বৈত গণনার অভিযোগ
বিজিএমইএ

পোশাক খাতের সংকটময় পরিস্থিতির বিবরণ দিয়ে চিঠিতে জানানো হয়, গত তিন বছরে উৎপাদন ব্যয় ২৫ থেকে ৩০ শতাংশ বাড়লেও রপ্তানি মূল্য কমেছে ২.৬ শতাংশ। একই সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যানুযায়ী ব্যাংক ঋণের সুদের হার ১২ শতাংশ থেকে বেড়ে ১৬ শতাংশে উঠেছে এবং সরকারি রপ্তানি প্রণোদনা কমেছে প্রায় ৭০ শতাংশ। এসব আর্থিক চাপের মুখে গত তিন বছরে দেশে ২৮৭টি কারখানা বন্ধ হয়ে গেছে এবং বহু প্রতিষ্ঠান এখনও মারাত্মক অর্থনৈতিক ঝুঁকিতে রয়েছে।

সিপিডির প্রস্তাবনায় আবাসন ব্যয়ের দ্বৈত গণনা করা হয়েছে বলে দাবি করেছে বিজিএমইএ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে (এইচআইইএস) ২০২২-এর খাদ্যবহির্ভূত ব্যয়ের খাতের মধ্যেই আবাসন ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে, অথচ সিপিডি খাদ্যবহির্ভূত ব্যয়ের হিসাবের পর আলাদাভাবে আরও ১০ হাজার টাকা আবাসন খরচ হিসেবে যোগ করেছে। পাশাপাশি কারখানাগুলোর ভৌগোলিক অবস্থান বিবেচনায় না নিয়ে কেবল ঢাকা শহরের উচ্চ দারিদ্র্যসীমাকে ভিত্তি হিসেবে ধরা হয়েছে, যেখানে দেশের মোট পোশাক রপ্তানির মাত্র ৯ শতাংশ ঢাকা শহর থেকে আসে এবং বাকি ৯১ শতাংশ আসে অন্যান্য অঞ্চল থেকে।

পরিবারের সদস্য সংখ্যা ও উপার্জনক্ষম ব্যক্তির হিসাব নিয়েও প্রশ্ন তুলেছে মালিকপক্ষ। সিপিডির নিজস্ব ২০২৩ সালের জরিপেই যেখানে শ্রমিক পরিবারের গড় সদস্য ছিল ৩.৭ জন এবং উপার্জনক্ষম ব্যক্তি ২ জন, সেখানে নতুন গবেষণায় পরিবারের সদস্য বাড়িয়ে ৪ জন এবং উপার্জনক্ষম ব্যক্তি কমিয়ে ১.৫৮ জন করাকে অবাস্তব বলছে সংগঠনটি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী জাতীয় পর্যায়ে পরিবারের সদস্য সংখ্যা ক্রমান্বয়ে কমলেও পোশাকশ্রমিকদের ক্ষেত্রে তা কীভাবে বাড়লো, তা স্পষ্ট করার আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, ২০২৩ সালের মজুরিকে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করা হলেও অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত ২০২৪ সালের ৯ শতাংশ ইনক্রিমেন্টের বিষয়টি সিপিডির হিসাবে সম্পূর্ণ অনুপস্থিত। এছাড়া প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশে মজুরি বৃদ্ধির হার অনেক বেশি উল্লেখ করে বিজিএমইএ জানায়, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে ন্যূনতম মজুরি বৃদ্ধির হার ১৩৬ শতাংশ হলেও ভারতে তা ৫৯ শতাংশ এবং ভিয়েতনামে মাত্র ৫৪ শতাংশ। গ্যাস-বিদ্যুৎ সংকট, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের ঝুঁকি ও ইউরোপে বাজার হারানোর আশঙ্কার কথা তুলে ধরে সংগঠনটি একতরফা হিসাবের বদলে আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক ও তথ্যনির্ভর মজুরি কাঠামো নির্ধারণে সিপিডির সহযোগিতা প্রত্যাশা করেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.