আপনি পড়ছেন

মধ্যপ্রাচ্যের প্রচলিত শ্রমবাজারের বাইরে উন্নত দেশগুলো থেকে বাংলাদেশের প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। বিশেষ করে অস্ট্রেলিয়া ও কানাডা থেকে পাঠানো অর্থের পরিমাণ দেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক ক্ষেত্র তৈরি করেছে।

রেমিট্যান্সের নতুন দিগন্ত: অস্ট্রেলিয়া ও কানাডা থেকে বাড়ছে প্রবাসী আয়
মার্কিন ডলার

চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এই দুটি দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা মোট ১৭ কোটি ২৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে অস্ট্রেলিয়া থেকে ৯ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ডলার এবং কানাডা থেকে ৭ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ডলার। এর মধ্যে প্রায় ১ দশমিক ৫ শতাংশ এসেছে অস্ট্রেলিয়া ও কানাডা থেকে। মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, অস্ট্রেলিয়া থেকে জুলাই মাসে ২ কোটি ১৩ লাখ ডলার, আগস্টে ২ কোটি ২১ লাখ ৪০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ডলার এবং অক্টোবরে ২ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার এসেছে।

অন্যদিকে কানাডা থেকে জুলাই মাসে ১ কোটি ৭০ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২ কোটি ১০ লাখ ডলার এবং অক্টোবরে ২ কোটি ২৯ লাখ ৮০ হাজার ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। চার মাসের এই হিসাবে কানাডা থেকে রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে।

দেশে বৈদেশিক মুদ্রার স্থিতিশীল প্রবাহ বজায় রাখতে রেমিট্যান্সের উৎসে বৈচিত্র্য আনা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক খাতের জন্য ইতিবাচক এবং এটি বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের আস্থা বাড়ার প্রতিফলন।

প্রবাসীদের জন্য বৈধ পথে অর্থ পাঠানো সহজ, সুবিধাজনক ও আকর্ষণীয় করতে সরকার এবং বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে অবৈধ হুন্ডি লেনদেন নিরুৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আরিফ হোসেন খান আরও জানান, রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করা, ব্যাংকিং সেবার মান উন্নয়ন ও বৈধ বৈদেশিক মুদ্রাবাজার শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উদ্যোগের ইতিবাচক প্রভাব পড়ছে। মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, তাদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার তারল্য বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে।

সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে অর্থ পাঠানো আগের চেয়ে সহজ হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী চট্টগ্রামের আশিক মজুমদার। তিনি বাংলাদেশে থাকা বাবার ভরণপোষণের জন্য সহজেই অর্থ পাঠাতে পারছেন এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করতে নেওয়া উদ্যোগগুলোর প্রশংসা করেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার, সংযুক্ত আরব আমিরাত থেকে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ডলার এবং মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

রেমিট্যান্সের প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং অর্থনীতির জন্য প্রয়োজনীয় সহায়তা জোগাচ্ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। তিনি বলেন, প্রবাসী আয় বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। এটি লাখ লাখ পরিবারের জীবনযাত্রায় সহায়তা করার পাশাপাশি অভ্যন্তরীণ ভোগ ও চাহিদা বাড়ায় এবং দেশের বৈদেশিক আর্থিক স্থিতিশীলতা জোরদার করে।

উন্নত দেশগুলোতে দক্ষ ও পেশাজীবী জনশক্তির কর্মসংস্থানের সুযোগ বাড়ানো গেলে বাংলাদেশের বিদেশে কর্মসংস্থানের গন্তব্য আরও বিস্তৃত হবে বলে মনে করেন অর্থনীতিবিদ ও অভিবাসন বিশেষজ্ঞরা। তারা জানান, এতে দীর্ঘ মেয়াদে রেমিট্যান্স আয়ের সম্ভাবনা বাড়বে। প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশগুলোতে দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পারলে প্রবাসী আয়ের ভিত্তি আরও শক্তিশালী হবে এবং সীমিতসংখ্যক দেশের ওপর রেমিট্যান্সের নির্ভরশীলতা কমবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এই তথ্য জানিয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.