মের্ৎস: রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত ইউরোপ
ইউক্রেন যুদ্ধ নিরসনে রাশিয়ার সঙ্গে আলোচনায় ইউরোপ প্রস্তুত বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। সোমবার বার্লিনে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি জানান, ইউক্রেন, রাশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের শান্তি আলোচনা পুনরায় অনুষ্ঠিত হতে পারে।

বার্লিনের ওই যৌথ সংবাদ সম্মেলনে ইউরোপ ইউক্রেনে একটি ‘ন্যায্য’ ও ‘স্থায়ী’ শান্তি চায় উল্লেখ করে মের্ৎস বলেন, ‘অবশ্যই ইউরোপ রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত।’
তিনি উল্লেখ করেন, ইউক্রেন, রাশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সমন্বয়ে খুব দ্রুত এই আলোচনা হতে পারে। এ প্রসঙ্গে জার্মান চ্যান্সেলর বলেন, ‘উদাহরণস্বরূপ, এটি আবারও আবু ধাবিতে অনুষ্ঠিত হতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মত হওয়া এই আলোচনায় অংশ নিতে রাশিয়ার পক্ষ থেকেও সদিচ্ছা দেখানো হবে।’
সংবাদ সম্মেলনে ন্যাটোর ইউরোপীয় মিত্রদের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘন বন্ধ করতে মস্কোর প্রতি আহ্বান জানান জার্মান চ্যান্সেলর। তিনি জোর দিয়ে বলেন, ‘আমি অত্যন্ত স্পষ্ট ও দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, রাশিয়াকে এই বিপজ্জনক উসকানি অবিলম্বে বন্ধ করতে হবে। এ বিষয়ে পোল্যান্ড আমাদের পূর্ণ সংহতির ওপর আস্থা রাখতে পারে।’
বাল্টিক সাগরে সাম্প্রতিক ঘটনাবলি এবং আকাশসীমা লঙ্ঘন ও ফিনল্যান্ড উপসাগরে একটি রুশ মালবাহী জাহাজে ইউক্রেনের ড্রোন হামলার অভিযোগকে কেন্দ্র করে রাশিয়া ও ফিনল্যান্ডের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার বিষয়টিও উল্লেখ করেন তিনি।
জার্মান চ্যান্সেলর বলেন, ‘সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আমরা পরস্পরের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করেছি। আমাদের দৃষ্টিতে, ফিনল্যান্ড অত্যন্ত বিচক্ষণতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, যার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।’
তিনি আরও যোগ করেন, ‘বাল্টিক সাগর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধিতে আমাদের কারও কোনো স্বার্থ নেই। এই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বোপরি, অবাধ নৌ চলাচল কোনোভাবেই বিঘ্নিত করা যাবে না।’
ইউক্রেনের ন্যাটো সদস্যপদ নিয়ে আলোচনা শুরুর বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দৃষ্টিভঙ্গির সঙ্গে তিনি একমত কি না—এমন প্রশ্নের জবাবে মের্ৎস অতীতের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ২০০৮ সালের বুখারেস্ট সম্মেলনে ইউক্রেনকে জোটে অন্তর্ভুক্ত করার মার্কিন প্রস্তাব গ্রহণ না করা ছিল একটি বড় ভুল।
মের্ৎস বলেন, ‘আজ পেছনে ফিরে তাকালে আমরা সবাই বুঝতে পারি, ২০০৮ সালে বুখারেস্টে ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনকে জোটে নেওয়ার যে প্রস্তাব আমেরিকা দিয়েছিল, তা অনুসরণ না করা কত বড় ভুল ছিল। ইউক্রেন যদি ন্যাটোর সদস্য হতো, তবে সম্ভবত এই যুদ্ধ প্রতিরোধ করা যেত।’
তিনি ইঙ্গিত দেন যে ফ্রান্সের অবস্থান অত্যন্ত যৌক্তিক এবং যুদ্ধ শেষে ইউক্রেনের জন্য প্রয়োজনীয় ও জার্মানি এবং তার অংশীদারদের প্রতিশ্রুত নিরাপত্তা নিশ্চয়তার সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ।
জার্মান চ্যান্সেলর বলেন, ‘এই নিরাপত্তা নিশ্চয়তা হতে হবে ন্যাটোর অনুচ্ছেদ ৫-এর মতো শক্তিশালী। সেই বিবেচনায় এই প্রতিশ্রুতিগুলো প্রকৃতপক্ষে ন্যাটোর সদস্যপদের অত্যন্ত কাছাকাছি।’
তিনি আরও বলেন, ‘ইউক্রেনের জন্য যা অত্যন্ত জরুরি, সেই নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া দেশটির ভবিষ্যৎ আমি সত্যি কল্পনা করতে পারি না। আর এই নিরাপত্তা নিশ্চয়তা কেবল ইউক্রেনের একার জন্য নয়, এটি আমাদের সবার নিরাপত্তার জন্যও অপরিহার্য।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.