পাকিস্তান: পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকতে হবে
পারমাণবিক অস্ত্র ব্যবহারের যেকোনো সিদ্ধান্ত মানুষের সরাসরি নিয়ন্ত্রণে থাকা অপরিহার্য বলে জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেশটি সতর্ক করে জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভুল হিসাব-নিকাশের ঝুঁকি বাড়াতে পারে এবং সিদ্ধান্ত নেওয়ার সময় সংকুচিত করে তুলতে পারে।

‘দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের যুগে সংঘাত নিরসন’ শীর্ষক নিরাপত্তা পরিষদের এক বিতর্কে বক্তব্য দেওয়ার সময় এই সতর্কতা তুলে ধরেন জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত সৈয়দ হায়দার শাহ। জাতিসংঘের পাকিস্তান মিশনের এক বিবৃতিতে জানানো হয়, প্রযুক্তি যেন ‘সমগ্র মানবজাতির মুখোমুখি হওয়া অভিন্ন সংকটগুলো মোকাবিলায় কাজ করে’, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।
উন্নয়নশীল দেশসহ জাতিসংঘের সব সদস্য রাষ্ট্র এবং সমাজের সর্বস্তরের মানুষকে সামগ্রিক মানবজাতির জন্য তাৎপর্যপূর্ণ এই উদীয়মান প্রযুক্তির ‘গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক উন্নয়নে’ অংশ নেওয়ার আহ্বান জানান শাহ।
তিনি সতর্ক করে বলেন, উদীয়মান প্রযুক্তির বিকাশ যেন ‘বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে প্রভাবিত করা চলমান অস্ত্র প্রতিযোগিতাকে আরও উসকে না দেয়’।
সৈয়দ হায়দার শাহ বলেন, ‘ভুল হিসাব-নিকাশের ঝুঁকি এবং সিদ্ধান্ত গ্রহণের সময়সীমা সংকুচিত হয়ে আসার সংকট মোকাবিলায় সামরিক ক্ষেত্রে আমাদের সংযম ও পারস্পরিক আস্থা তৈরির পদক্ষেপ নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘পারমাণবিক ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি সংবেদনশীল। সেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত অবশ্যই মানুষের নিয়ন্ত্রণে থাকতে হবে এবং পারমাণবিক কমান্ড, নিয়ন্ত্রণ ও যোগাযোগ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করতে কোনোভাবেই এআই ব্যবস্থা ব্যবহার করা যাবে না।’
যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, উত্তর কোরিয়া এবং ইসরায়েলের পাশাপাশি পাকিস্তানও পারমাণবিক অস্ত্রধারী বিশ্বের নয়টি দেশের একটি। তবে ইসরায়েল এ ক্ষেত্রে কৌশলগত অস্পষ্টতার নীতি বজায় রেখেছে; দেশটি কখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, এই নয়টি দেশের সামরিক ভাণ্ডারে সম্মিলিতভাবে ৯ হাজার ৭৪৫টি পারমাণবিক অস্ত্র বা ওয়ারহেড রয়েছে। এর মধ্যে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে বড় মজুদ রয়েছে, যাদের সংগ্রহে যথাক্রমে প্রায় ৪ হাজার ৪০০ এবং ৩ হাজার ৭০০টি ওয়ারহেড রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.