আপনি পড়ছেন

ইসরায়েলের একটি জেলা আদালতের বিচারকরা দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আনা ঘুষের অভিযোগ প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে তারা দ্বিতীয় একটি অভিযোগ পুনর্বিবেচনা এবং তৃতীয় দুর্নীতি মামলায় দায় স্বীকার সংক্রান্ত সমঝোতার (প্লি ডিল) আহ্বান জানিয়েছেন। বুধবার সংক্ষিপ্ত এক শুনানিতে বিচারকরা এই প্রস্তাব তুলে ধরেন।

নেতানিয়াহুর ঘুষের অভিযোগ প্রত্যাহারের প্রস্তাব ইসরায়েলি আদালতের
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারা প্রায় ১০ মিনিট স্থায়ী ওই শুনানিতে উপস্থিত ছিলেন। ৭৭ বছর বয়সী নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী। তিনি বর্তমানে পৃথক তিনটি দুর্নীতি মামলায় ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগের মুখোমুখি হচ্ছেন। এসব মামলায় দোষী সাব্যস্ত হলে তার কারাদণ্ড হতে পারে।

শুনানির শুরুতে বিচারক রিভকা ফ্রিডম্যান-ফেল্ডম্যান জানান, সাবেক অ্যাটর্নি জেনারেল আভিচাই ম্যান্ডেলব্লিত অভিযোগপত্র গঠন করায় বর্তমান অ্যাটর্নি জেনারেলকে আদালতে তলব করা হয়েছে। তিনি বলেন, নেতানিয়াহুর সাক্ষ্যদান সম্পন্ন হওয়ায় ‘মামলাগুলো কীভাবে এগিয়ে নেওয়া হবে তা নির্ধারণ করা আবশ্যক হয়ে পড়েছে’। এছাড়া ‘জনস্বার্থেই বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন’ বলেও তিনি উল্লেখ করেন।

ফ্রিডম্যান-ফেল্ডম্যান বলেন, ‘আমাদের কাছে মনে হচ্ছে, ঘুষের অভিযোগটির ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে।’ তিনি উল্লেখ করেন, প্রসিকিউশনের মামলাটি শ্লোমো ফিলবারের সাক্ষ্যের ওপর নির্ভরশীল হওয়ায় ‘সেখান থেকে বস্তুনিষ্ঠ সিদ্ধান্তে পৌঁছানো কঠিন’। বিশ্বাসভঙ্গের অপরাধের ক্ষেত্রে স্বার্থের সংঘাত সংক্রান্ত বিষয়ে এমন ‘জটিলতা রয়েছে যা পুনর্বিবেচনার দাবি রাখে’ বলেও জানান এই বিচারক।

বিচারক আরও বলেন, ‘দ্বিতীয় মামলার ক্ষেত্রে এই অভিযোগপত্র আদৌ কোনো ফৌজদারি অপরাধের আওতায় পড়ে কি না, তা নিয়েই প্রশ্ন রয়েছে। আর তৃতীয় মামলার ক্ষেত্রে আমাদের মনে হয়, অধিকাংশ তথ্যপ্রমাণ ইতিমধ্যে আদালতে উপস্থাপন করা হয়েছে। ফলে এই মামলাটি নিষ্পত্তির দিকে এগিয়ে নেওয়া সম্ভব।’ তিনি যোগ করে বলেন, ‘আমরা ৪০০০ নম্বর মামলার অভিযোগ বাদ দেওয়া, ২০০০ নম্বর মামলা পুনর্বিবেচনা করা এবং ১০০০ নম্বর মামলায় দায় স্বীকারের আপস প্রস্তাব অনুসরণের পরামর্শ দিচ্ছি।’

ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, বিচারকের এই বক্তব্যের অর্থ হলো তিনটি দুর্নীতি মামলার মধ্যে দুটিতে নেতানিয়াহুর দণ্ড পাওয়ার সম্ভাবনা খুবই কম।

আদালতের প্রস্তাবের পর কেএএন বাহারভ-মিয়ারাকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘আদালতের উত্থাপিত প্রতিটি প্রস্তাব আমরা খতিয়ে দেখব।’ তিনি জানান, প্রসিকিউশন তাদের আইনি দলের ওপর ‘পূর্ণ আস্থা’ রাখছে এবং তারা ‘আইনি প্রক্রিয়া সম্পর্কে পুরোপুরি অবগত’। তিনি বলেন, ‘আমরা তথ্যপ্রমাণ পরীক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই মামলা নিষ্পত্তির কেবল দুটি উপায় রয়েছে: হয় আদালতের রায়ের মাধ্যমে, নতুবা এমন একটি দায় স্বীকারের চুক্তির মাধ্যমে যা উপযুক্ত হবে এবং সংঘটিত অপরাধ ও কার্যক্রমের প্রকৃত স্বরূপ তুলে ধরবে।’

বাহারভ-মিয়ারা আরও যোগ করেন, দায় স্বীকার সংক্রান্ত সমঝোতার মাধ্যমে মামলা নিষ্পত্তি করাই সবচেয়ে দ্রুততম পথ এবং তার দপ্তর ইতিমধ্যে এমন একটি প্রস্তাব দিয়েছিল। তবে ‘আমাদের বাড়িয়ে দেওয়া হাত শূন্যে ঝুলেই রইল’। প্রসিকিউশন ও নেতানিয়াহুর আইনজীবীদের মধ্যে এ ধরনের আপস চুক্তির শর্ত অনুযায়ী, নেতানিয়াহুকে অভিযোগ স্বীকার করে নিতে হবে। এর বিনিময়ে তিনি রাষ্ট্রপতির ক্ষমা পাবেন এবং রাজনীতি থেকে অবসর নেবেন। তবে এখন পর্যন্ত নেতানিয়াহু এমন শর্ত প্রত্যাখ্যান করে আসছেন।

সাবেক অ্যাটর্নি জেনারেল ম্যান্ডেলব্লিত ২০১৯ সালের নভেম্বরের শেষের দিকে নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তবে নেতানিয়াহু শুরু থেকেই কোনো ধরনের অন্যায় বা অপরাধে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। ১০০০ নম্বর মামলায় অভিযোগ রয়েছে, ব্যবসায়ী মহলের কাছ থেকে বিভিন্ন সুবিধা ও সহায়তার বিনিময়ে নেতানিয়াহু এবং তার পরিবারের সদস্যরা মূল্যবান উপহার গ্রহণ করেছিলেন। ২০০০ নম্বর মামলায় ইতিবাচক সংবাদ প্রকাশের বিনিময়ে ইয়েদিওথ আহরোনোথ পত্রিকার প্রকাশক আর্নন মোজেসের সঙ্গে নেতানিয়াহুর গোপন আলোচনার অভিযোগ রয়েছে। এছাড়া ৪০০০ নম্বর মামলায় টেলিকম কোম্পানি বেজেকের কর্মকর্তা এবং ওয়ালা নিউজ ওয়েবসাইটের সাবেক মালিক শৌল এলোভিচকে ইতিবাচক প্রচারের বিনিময়ে সুবিধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

দেশের ভেতরের এই বিচার প্রক্রিয়া ছাড়াও, ২০২৩ সাল থেকে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার মুখে রয়েছেন নেতানিয়াহু।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.