রাশিয়াজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যাপক বিস্তার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি এআই সংক্রান্ত বিদ্যমান জাতীয় কৌশল হালনাগাদ করার প্রস্তাব দিয়েছেন। বৃহস্পতিবার মস্কোতে আয়োজিত এক সম্মেলনে তিনি এই নির্দেশনা দেন।

রাশিয়ায় এআই সম্প্রসারণের ডাক দিলেন পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

মস্কোয় ‘জার্নি ইনটু দ্য ওয়ার্ল্ড অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে পুতিন বলেন, ‘আমরা রাশিয়ায় এআইয়ের ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এটি যেন দেশের অর্থনীতির প্রতিটি খাত এবং জনগণের জীবনের সব ক্ষেত্রে অন্তর্ভুক্ত হতে পারে।’

রুশ প্রেসিডেন্ট জানান, এআইয়ের সর্বাধুনিক সংস্করণ হাতে থাকলেই প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব কিংবা দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের নিশ্চয়তা মেলে না। এই খাতে নেতৃত্ব ধরে রাখতে কেবল অত্যাধুনিক সমাধানের চেয়েও বেশি কিছু প্রয়োজন।

২০৩৬ সাল পর্যন্ত কার্যকর থাকা রাশিয়ার জাতীয় এআই কৌশল হালনাগাদ করা এবং এআই উন্নয়নের একটি জাতীয় কর্মপরিকল্পনা অনুমোদনের প্রস্তাব দেন পুতিন। তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন স্বায়ত্তশাসনের একটি গুণগত নতুন স্তরে পৌঁছেছে।

পুতিন উল্লেখ করেন, এআই প্রযুক্তি কেবল ডিজিটাল দুনিয়ায় সীমাবদ্ধ না থেকে বাস্তব জগতেও প্রবেশ করছে এবং ভবিষ্যতে এর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। ইতোমধ্যে বিভিন্ন শিল্পখাতে যেসব রূপান্তর চলছে, তা ভবিষ্যতে বৈপ্লবিক আকার ধারণ করতে পারে।

তিনি বলেন, ‘নিঃসন্দেহে আমাদের এর জন্য প্রস্তুত থাকতে হবে। রাশিয়া যখন বড় ধরনের জনসংখ্যাগত সংকট ও শ্রমঘাটতি মোকাবিলা করছে, তখন এই প্রযুক্তি এসব সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার এবং আমাদের সক্ষমতা আরও জোরদার করার প্রকৃত সুযোগ তৈরি করেছে।’

পুতিন জানান, আধুনিক মৌলিক এআই মডেলগুলোর ব্যয় ক্রমাগত বাড়ছে। বিদ্যুৎ সংকট, বিদ্যুৎ সরবরাহ লাইনের সক্ষমতার সীমাবদ্ধতা ও উন্নত যন্ত্রাংশের ঘাটতিকে প্রযুক্তিগত প্রতিযোগিতার ক্ষেত্রে বড় বাধা হিসেবে উল্লেখ করেন তিনি।

পুতিন বলেন, ‘এসব বাধা দূর করতে বিপুল পরিমাণ বাড়তি বিনিয়োগের প্রয়োজন হবে।’ তিনি আরও জানান, রাশিয়া নিজস্ব সার্বভৌম মৌলিক এআই মডেলের ওপর নির্ভর করছে এবং এগুলোর বিকাশ অব্যাহত রাখবে।

প্রযুক্তির ঝুঁকি তুলে ধরে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘অতীতে আমরা যেসব পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তার পুনরাবৃত্তি ঘটতে দেওয়া যাবে না—যেখানে কেউ কেবল একটি বোতাম চেপে সবকিছু অচল করে দিতে পারে। অথবা গোপনে কোনো সফটওয়্যার ব্যবহার করে অন্যের স্বার্থ উদ্ধার করা হতে পারে, যা সমান বিপজ্জনক।’

এআই প্রযুক্তি ক্রমেই আরও কার্যকর হয়ে উঠছে উল্লেখ করে পুতিন সতর্ক করে জানান, কোনো পক্ষ যেন এসব উদ্ভাবনকে রাশিয়ার স্বার্থের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ না পায়।

সম্মেলনে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ অংশ নেন। তিনি বুধবার গভীর রাতে এক কর্মকালীন সফরে মস্কোয় পৌঁছান।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.