আপনি পড়ছেন

প্রশান্ত মহাসাগরীয় আবহাওয়া পরিস্থিতি এল নিনোর প্রভাবে সৃষ্ট প্রবল বর্ষণে দক্ষিণ আমেরিকার দেশ পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে ইকুয়েডরে অন্তত ৩৪ জনের প্রাণহানি ঘটেছে এবং পেরুর উত্তরাঞ্চলীয় পিউরা অঞ্চলে দুই হাজারের বেশি পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা
বন্যায় প্লাবিত পেরুর পিউরা শহর

পেরুর পিউরা অঞ্চলের রাজধানী পিউরা শহরে বৃহস্পতিবার থেকে টানা ১২ ঘণ্টা ভারী বৃষ্টিপাত হয়। এতে শহরের রাস্তাঘাট কোমর সমান পানিতে তলিয়ে যায়। প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব সিভিল ডিফেন্সের প্রধান লুইস ভাসকুয়েজ আরপিপি রেডিও স্টেশনকে জানান, পিউরায় প্রায় দুই হাজার পরিবার এই ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পিউরার সান্তা মার্গারিটা এলাকার বাসিন্দা পিয়েরে গারাভিতোর ঘরের ভেতর আসবাবপত্র ও ফ্রিজ পানিতে ভাসতে দেখা যায়। পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘এল নিনোর কারণে এটি মাত্র প্রথম ভারী বৃষ্টিপাত, আর তাতেই আমাদের এই দশা।’ নিজের ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমি সবকিছু হারিয়েছি। এই এলাকার সব বাসিন্দার অবস্থাই এখন এমন।’

এদিকে বন্যার পানি ঢুকে পড়ায় পিউরার হোসে কায়েতানো হেরেদিয়া হাসপাতালের শ্বাসযন্ত্রের সংক্রমণ ওয়ার্ডের রোগীদের মিলনায়তনে সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে অপেক্ষাকৃত গুরুতর অবস্থায় থাকা রোগীদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

বন্যার কারণে মধ্য পিউরার প্লাজা দে আরমাসসহ বহু ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি ভবন প্লাবিত হয়েছে। বন্যাকবলিত এলাকাগুলো থেকে জমে থাকা পানি নিষ্কাশনে সেনা সদস্য এবং পাম্পিং সরঞ্জাম মোতায়েন করেছে পেরুর সশস্ত্র বাহিনী। তবে জ্বালানির অভাবে কিছু পাম্প বন্ধ হয়ে যাওয়াসহ নিষ্কাশন কার্যক্রমে বিলম্বের অভিযোগ তুলেছেন স্থানীয় কিছু বাসিন্দা।

পেরুর জাতীয় আবহাওয়া ও জলবিদ্যা পরিষেবা সতর্ক করেছে, দেশটির বিভিন্ন অংশে পরবর্তী চার দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পেরুর নৌবাহিনী জানিয়েছে, এল নিনোর প্রভাবে সৃষ্ট তীব্র সামুদ্রিক ঢেউয়ের কারণে দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু বন্দর সাময়িকভাবে বন্ধ করতে হয়েছে। উদ্ভূত সংকট মোকাবিলায় কলম্বিয়া সফর স্থগিত করেছেন পেরুর প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি। তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনের পরিকল্পনা করছেন।

অন্যদিকে ইকুয়েডরে এল নিনোর প্রভাবে সৃষ্ট ভারী বর্ষণে দেশজুড়ে ৩৪ জন নিহত এবং প্রায় ৪৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শুক্রবার জানিয়েছে দেশটির জাতীয় ঝুঁকি ব্যবস্থাপনা সচিবালয়। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর মান্টায় দুটি নদীর তীর উপচে পানি প্রবেশ করায় স্থানীয় বাসিন্দারা বুক সমান পানি ভেঙে চলাচল করতে বাধ্য হন। সেখানে অনেককে তোশক ভাসিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে দেখা যায়।

আসবাবপত্র, জামাকাপড় ও গৃহস্থালি সামগ্রী হারানো ফার্নান্দা নাভারেতে নামের এক বাসিন্দা বলেন, ‘আমরা চার দিন ধরে কাদাপানিতে ডুবে আছি।’ ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘সবকিছুর ওপর আবার ড্রেনের লাইন ফেটে গেছে, চারদিকে অসহ্য দুর্গন্ধ ছড়াচ্ছে।’

এল নিনোর প্রভাবে সৃষ্ট এই চরম পরিস্থিতির কারণে পেরু ও প্রতিবেশী ইকুয়েডরসহ লাতিন আমেরিকার কয়েকটি দেশ ইতোমধ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। এই প্রাকৃতিক ঘটনার ফলে মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, যা বিশ্বজুড়ে বাতাস ও বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন আনে। পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের এল নিনো ইতিহাসের সবচেয়ে শক্তিশালী রূপ নিতে পারে এবং এর কারণে ইতোমধ্যে মহাদেশজুড়ে তীব্র বৈরী আবহাওয়া সৃষ্টি হয়েছে।

এদিকে শুক্রবার জাতিসংঘের সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, সশস্ত্র সংঘাত এবং এল নিনোসহ চরম আবহাওয়ার কারণে আগামী ছয় মাসে বিশ্বের ১৬টি ঝুঁকিপূর্ণ অঞ্চলে ক্ষুধা পরিস্থিতি মারাত্মক রূপ নিতে পারে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করে বলেছে, সুদান, দক্ষিণ সুদান, সোমালিয়া, উত্তর নাইজেরিয়া এবং ইয়েমেন বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.