কাশ্মীরে ভারতের বিজয় দাবি, কৌশল বদলাচ্ছে বিদ্রোহীরা
ভারতশাসিত কাশ্মিরে তথাকথিত ‘শেষ স্থানীয় বিদ্রোহী’ মোহাম্মাদ লতিফ ভাট নিহত হওয়ার পর উপত্যকায় নিজেদের বড় বিজয়ের ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। তবে বিশ্লেষক ও সাবেক নিরাপত্তা কর্মকর্তাদের মতে, অঞ্চলটিতে সশস্ত্র সংঘাতের অবসান ঘটেনি, বরং কৌশল ও ভূপ্রকৃতির দিক থেকে লড়াইয়ের রূপবদল ঘটেছে মাত্র।

গত ১৮ নভেম্বর কাশ্মিরের কুলগাম জেলার জাঙ্গলপোরা গ্রামের একটি মসজিদে সাত দিনের অভিযানের পর লতিফ ভাটকে হত্যা করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার কমান্ডার হিসেবে দাবি করা ভাটের বিরুদ্ধে এর এক সপ্তাহ আগে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্যদের ওপর হামলার অভিযোগ ছিল। ওই হামলায় তিনজন জওয়ান আহত হয়েছিলেন। পরবর্তীতে ভাটের সহযোগীকেও হত্যা করা হয়।
লতিফ ভাটের মৃত্যুকে জাতীয়ভাবে বড় সাফল্য হিসেবে তুলে ধরেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর সরকারের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক জনসভায় দাবি করেন, ভাট নিহত হওয়ার মধ্য দিয়ে কাশ্মিরের শেষ স্থানীয় সশস্ত্র যোদ্ধার পতন হয়েছে। অমিত শাহ বলেন, ‘এই ঘটনা উপত্যকার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। বর্তমানে কাশ্মিরের কোনো তরুণ উপত্যকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নয়।’ ১৯৮৯ সালে ভারতবিরোধী সশস্ত্র বিদ্রোহ শুরুর পর এবারই প্রথম লস্কর-ই-তৈয়বায় কোনো স্থানীয় যোদ্ধা নেই বলে দাবি করেছে জম্মু ও কাশ্মির পুলিশ।
তবে বিশ্লেষক এবং সাবেক নিরাপত্তা কর্মকর্তাদের বক্তব্য পুরোপুরি ভিন্ন। তাদের মতে, কাশ্মিরের সংঘাত শেষ হয়নি, বরং তা ভিন্ন রূপে পরিচালিত হচ্ছে। নিরাপত্তা তালিকা বহির্ভূত গোপন সদস্যদের উত্থান, বিদেশি যোদ্ধাদের ওপর বর্ধিত নির্ভরতা, এনক্রিপ্ট করা যোগাযোগ ব্যবস্থা এবং নতুন নতুন নামে কার্যক্রম পরিচালনাই এর প্রমাণ। একই সাথে সংঘাতের কেন্দ্রস্থল কাশ্মির উপত্যকা থেকে সরে দক্ষিণে জম্মুর পাহাড়ি বনাঞ্চলে স্থানান্তরিত হচ্ছে।
জম্মু ও কাশ্মির পুলিশের সাবেক ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ইসরার খান লতিফ ভাটের মৃত্যুকে বাহিনীর বড় সাফল্য বললেও মনে করেন, এটি সংঘাতের সমাপ্তি নয়। তিনি আল-জাজিরাকে জানান, তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বলা যায়, ভাট কোনোভাবেই শেষ বিদ্রোহী নন। কারণ এমন অনেক সক্রিয় যোদ্ধা রয়েছে, যাদের নাম পুলিশের নথিতে অন্তর্ভুক্ত নেই।
তিনি মূলত ‘হাইব্রিড মিলিট্যান্ট’ বা ছদ্মবেশী যোদ্ধাদের বিষয়টি ইঙ্গিত করেন। ২০২০ সালের দিকে নিরাপত্তা বাহিনী এই শব্দটি ব্যবহার শুরু করে। ২০২১ সালে এসে এর পরিচিতি আরও বাড়ে, যখন পুলিশ এদের ‘বেসামরিক পোশাকে লুকিয়ে থাকা সন্ত্রাসী’ বা ‘খণ্ডকালীন সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেয়। নিরাপত্তা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এসব ব্যক্তি ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে, স্থানীয়ভাবে প্রশিক্ষণ নেয় এবং হামলা চালিয়ে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে যায়। ফলে তাদের শনাক্ত করা নিরাপত্তা বাহিনীর জন্য অত্যন্ত জটিল হয়ে দাঁড়ায়।
বিশ্লেষকদের মতে, অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ানো বা সরাসরি সদস্য সংগ্রহের চেয়ে স্বাভাবিক বেসামরিক জীবন বজায় রাখা ব্যক্তিদের দিয়ে নাশকতা চালানোই এখন গোষ্ঠীগুলোর নতুন কৌশল। তবে এই ধারণার অপব্যবহার নিয়েও মানবাধিকার কর্মী ও বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, সুনির্দিষ্ট সংজ্ঞা না থাকায় সহানুভূতিশীল ব্যক্তিদেরও এতে জড়িয়ে পুরো কাশ্মিরি জনগোষ্ঠীকে সম্ভাব্য হুমকি হিসেবে চিহ্নিত করার ঝুঁকি থাকে। তাছাড়া হাইব্রিড সদস্য হিসেবে কতজন গ্রেপ্তার হয়েছে, তার কোনো সুনির্দিষ্ট সামগ্রিক পরিসংখ্যানও নেই। ইসরার খানের মতে, আগামী পাঁচ থেকে ছয় মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সে সময়েই কাশ্মিরের প্রকৃত পরিস্থিতি পরিষ্কার হবে।
ছদ্মবেশী সদস্যদের পাশাপাশি ২০১৯ সালের আগস্টে কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এবং পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্টের (পিএএফএফ) মতো নতুন কিছু গোষ্ঠী সক্রিয় হয়েছে। ২০২৫ সালে কাশ্মিরের পেহেলগামে বেসামরিক নাগরিকদের ওপর হামলার দায় স্বীকার করেছিল টিআরএফ, যাতে ২৬ জন নিহত হন। ওই ঘটনার জেরে সে বছর মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের যুদ্ধ সংঘটিত হয়েছিল। গোয়েন্দা বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক নজরদারি এবং বিশেষ করে ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের (এফএটিএফ) চাপ এড়াতে পুরনো গোষ্ঠীগুলোই এসব নতুন ছদ্মবেশ নিয়েছে।
কাশ্মির বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞানী নূর আহমদ বাবা আল-জাজিরাকে জানান, ২০১৯ সালের পরেও এমন দাবি করা হয়েছিল যে কাশ্মিরে স্থানীয়দের আর ভেড়ানো যাচ্ছে না, কিন্তু সেখানে মাঝেমধ্যেই হামলা অব্যাহত ছিল। তিনি উল্লেখ করেন, জমিন বাস্তবতার বিশ্লেষণ অন্য কথা বলে। স্থানীয় নিয়োগ হয়তো কমেছে, তবে সশস্ত্র তৎপরতা এখন কাশ্মির উপত্যকা থেকে দক্ষিণে জম্মুর দিকে বিস্তার লাভ করছে।
২০২১ সাল থেকে জম্মুতে অন্তত ১০ জন বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। সামরিক বিশ্লেষকদের মতে, কাশ্মির উপত্যকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং লাদাখে চীন সীমান্তে সেনা স্থানান্তরের কারণে জম্মুতে নিরাপত্তা কিছুটা শিথিল হয়ে পড়ায় এই সুযোগ তৈরি হয়েছে। এছাড়া বিদেশি যোদ্ধা ও এনক্রিপ্ট করা স্যাটেলাইট যোগাযোগের ব্যবহার বৃদ্ধির ফলে হামলাকারীদের চিহ্নিত করা কঠিন হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষক রশীদ রাহী আল-জাজিরাকে জানান, কাশ্মির ও জম্মুর ভৌগোলিক পরিবেশ একেবারেই ভিন্ন। জম্মুর উদমপুর ও রাজৌরিতে গভীর অরণ্য রয়েছে, যেখানে প্রতিটি স্থানে পৌঁছানো নিরাপত্তা বাহিনীর জন্য অত্যন্ত জটিল। কাশ্মিরের পাহাড়ে ভারী তুষারপাতের কারণে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ কঠিন হলেও জম্মুর ভূপ্রকৃতি অনুপ্রবেশের জন্য তুলনামূলক অনুকূল। ফলে কাশ্মিরে তৎপরতা কমার সরকারি দাবি সত্ত্বেও জম্মুর পাহাড়ি বনে সশস্ত্র সংঘাত নতুন কেন্দ্র হিসেবে দাঁড়িয়ে গেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.