আপনি পড়ছেন

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের বাধ্যবাধকতা তৈরি হওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বিদ্যুৎ উৎপাদনের ব্যয়ে সরাসরি বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। বাতিল হওয়া ৫৫টি কার্গোর ঘাটতি মেটাতে চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকারের অতিরিক্ত ব্যয় করতে হয়েছে প্রায় ৪১২ কোটি মার্কিন ডলার।

এলএনজি আমদানির ৫৫ কার্গো বাতিল, জানালেন অর্থ উপদেষ্টা
রাশেদ আল মাহমুদ তিতুমীর

বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে আয়োজিত চতুর্থ বাংলাদেশ এনার্জি কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার এসব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানান, গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত কার্গো বাতিলের এই পরিস্থিতি তৈরি হয়। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এলএনজি আমদানিতে ভর্তুকি বাবদই প্রায় ৩৪ হাজার কোটি টাকা পরিশোধ করতে হয়েছে।

উপদেষ্টা উল্লেখ করেন, জীবাশ্ম জ্বালানির সিংহভাগ আমদানিনির্ভর হওয়ায় বিশ্ববাজারে দাম বাড়লে অভ্যন্তরীণ অর্থনীতিতে সরাসরি অভিঘাত আসে। এতে বৈদেশিক মুদ্রা ব্যয়ের সঙ্গে বিদ্যুৎ ও শিল্প খাতের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়ে সার্বিক মূল্যস্ফীতিকে উসকে দেয়। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত অব্যবহৃত বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতার বিপরীতে ক্যাপাসিটি চার্জ হিসেবে ২ লাখ ৮১ হাজার ৩৮৮ কোটি টাকা পরিশোধের তথ্য তুলে ধরে তিনি জানান, বর্তমান সরকারকে একটি আর্থিকভাবে ভারসাম্যহীন ও আমদানিনির্ভর জ্বালানি খাতের দায় নিতে হয়েছে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ডিজেলের মজুত সক্ষমতা ১৭ দিন থেকে বাড়িয়ে বর্তমানে ৩৮ দিনে উন্নীত করা হয়েছে এবং পর্যায়ক্রমে তা ৯০ দিনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার ও বাপেক্সের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান উপদেষ্টা। এছাড়া দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পুনঃগ্যাসীকরণ সক্ষমতার তৃতীয় ভাসমান টার্মিনাল এবং মাতারবাড়িতে দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট সক্ষমতার একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ প্রসঙ্গে তিনি জানান, ২০৩০ সালের মধ্যে এই খাত থেকে ১০ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ছাদে সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট, ভূমির সৌরপ্রকল্প থেকে ৪ হাজার থেকে ৫ হাজার মেগাওয়াট এবং বায়ু, বর্জ্য, ভাসমান ও কৃষিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪৫০ থেকে ৫০০ মেগাওয়াট উৎপাদনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ ২০৩০ সালের মধ্যে এবং ৩০ শতাংশ ২০৪০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর রূপরেখা বাস্তবায়নাধীন রয়েছে।

সম্মেলনে পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চলে এলএনজি অবকাঠামো সম্প্রসারণের বিরোধিতা করেন বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের সদস্য সচিব হাসান মেহেদী। এলএনজি আমদানির পেছনে বিপুল অর্থ ব্যয় না করে তা টেকসই নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের প্রস্তাব দেন তিনি।

নবায়নযোগ্য খাতকে অগ্রাধিকার দিয়ে সমন্বিত জাতীয় জ্বালানি মহাপরিকল্পনা প্রণয়ন ও স্রেডার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির দাবি জানান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। মেয়াদোত্তীর্ণ সৌর প্যানেল ও সংশ্লিষ্ট সরঞ্জামের বর্জ্য ব্যবস্থাপনায় কোনো কার্যকর পরিকল্পনা না থাকার বিষয়টিতেও তিনি নজর দেওয়ার কথা বলেন।

সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থনীতিবিদ মো. আশানুর রহমান জানান, বাণিজ্যিক ব্যাংকগুলো মূলত স্বল্পমেয়াদি আমানতনির্ভর হওয়ায় ৮ থেকে ১২ বছর মেয়াদি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে অর্থায়ন করা কঠিন হয়ে পড়ে। এ ধরনের জটিলতা নিরসনে তিনি গ্রিন বন্ড ও সুকুক সুবিধার পরিধি বাড়ানোর আহ্বান জানান। অন্যদিকে বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ অভিযোগ করেন, সরকারের ঘোষণা ও বাস্তব নীতিমালার মধ্যে বৈপরীত্য থাকার কারণে নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.